- দে । শ প্রচ্ছদ রচনা
- নভেম্বর ২৫, ২০২৬
মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, ঘটনাস্থলে দমকলের পাঁচ ইঞ্জিন
কলকাতায় অগ্নিকাণ্ডের যেন বিরাম নেই। একের পর এক আগুন লাগার ঘটনায় শহরের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। গত কয়েক দিনে শহরের একাধিক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ বার আগুন লাগল মল্লিকবাজারের এজেসি বোস রোডের একটি তিনতলা বাড়িতে থাকা কাপড়ের গুদামে। বুধবার দুপুরে এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা আর সরু রাস্তার কারণে আগুন নেভানোর কাজে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের।
স্থানীয় সূত্রে খবর, বুধবার দুপুর পৌনে ১টা নাগাদ ৩৫, এজেসি বোস রোডের একটি বাড়িতে আগুন লাগে। মধুসূদন মার্কেট সংলগ্ন ওই তিনতলা বাড়ির নীচের তলায় রয়েছে কাপড়ের গুদাম। উপরের দু–টি তলায় বসবাস করেন কয়েকটি পরিবার। এ দিন গুদাম থেকে প্রথমে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কিছুক্ষণের মধ্যেই আগুনের শিখা ছড়িয়ে পড়তে শুরু করে। গুদামে প্রচুর পরিমাণে কাপড় এবং অন্যান্য দাহ্য সামগ্রী মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক ভাবে অনুমান। ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। আতঙ্কে বাড়ি ও দোকান ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।
প্রথমে স্থানীয়েরাই আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকল বিভাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। পরে আগুনের তীব্রতা বুঝে আরও দু–টি ইঞ্জিন পাঠানো হয়। আপাতত পাঁচটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় দমকলের গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছনো কিংবা আগুনের উৎসস্থলে পৌঁছনো, দু–ক্ষেত্রেই সমস্যায় পড়তে হচ্ছে কর্মীদের। ঘন কালো ধোঁয়ার কারণে বাড়ির ভিতরে ঢুকে আগুন নেভানোর কাজও কঠিন হয়ে উঠেছে। বাইরে থেকে পাইপের মাধ্যমে জল ছুড়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আগুন যাতে বাড়িটির উপরের তলা কিংবা আশপাশের দোকান ও বসতবাড়িতে ছড়িয়ে না পড়ে, সে দিকে বিশেষ নজর রাখছেন দমকলকর্মীরা। বাড়ির আবাসিকদের ইতিমধ্যেই নিরাপদে বাইরে বের করে আনা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশও। সাধারণ মানুষকে বিপজ্জনক এলাকা থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিক ভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে অনুমান করা হলেও, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর তা খতিয়ে দেখবেন দমকল আধিকারিকেরা। গুদামে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কি না, তা-ও পরীক্ষা করে দেখা হবে।
তবে মল্লিকবাজারের এই অগ্নিকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা নয়। গত কয়েক দিনে কলকাতার বিভিন্ন প্রান্তে পর পর আগুন লাগার ঘটনায় উদ্বেগ বেড়েছে। গত সপ্তাহেই দু–দিনে শহরের দু–টি পৃথক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ১৯ নভেম্বর, বৃহস্পতিবার পাম অ্যাভিনিউ এলাকার একটি বস্তিতে আগুন লাগে। ঘিঞ্জি বসতি হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। আতঙ্কিত বাসিন্দারাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। কয়েক ঘণ্টার চেষ্টায় দমকলের ১৪টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগের দিন, ১৮ নভেম্বর কালীঘাট মেট্রো স্টেশনের পাশের একটি ধাবায় আগুন লাগে। দমকলের দু–টি ইঞ্জিনের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে। চলতি মাসের গোড়াতেও কলকাতার মহাকরণের পিছনের একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছিল দমকলের ১০টি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তার কয়েক দিন আগে শহরের অভিজাত আবাসন সাউথ সিটি কমপ্লেক্সের তিন নম্বর টাওয়ারের ২৮ তলার একটি ফ্ল্যাটে আগুন লাগে। সেই ঘটনায় আগুন নেভাতে সাতটি ইঞ্জিন কাজে নামে। দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
শুধু নভেম্বরেই নয়, সেপ্টেম্বর মাসেও কলকাতার বিভিন্ন এলাকায় একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। কখনো বস্তি, কখনো বাণিজ্যিক প্রতিষ্ঠান, কখনো আবার বহুতলের আবাসিক ফ্ল্যাট— আগুনের হাত থেকে রেহাই পাচ্ছে না শহরের কোনো একটি নির্দিষ্ট এলাকা বা ধরনের পরিকাঠামো। কোথাও দাহ্য সামগ্রী মজুত থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে, কোথাও আবার ঘিঞ্জি বসতি ও সংকীর্ণ রাস্তা দমকলের কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে। পর পর এই অগ্নিকাণ্ডের ঘটনায় শহরের পুরনো বাড়ি, গুদাম, বস্তি এবং বহুতলগুলিতে অগ্নিনিরাপত্তার বন্দোবস্ত নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষত ঘনবসতিপূর্ণ এলাকায় বাড়ির নীচের তলায় বিপুল পরিমাণ দাহ্য সামগ্রী মজুত রাখা হলে আগুন লাগার পর বিপদের আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। একই সঙ্গে সরু রাস্তা, অপরিকল্পিত পার্কিং এবং দমকলের গাড়ি চলাচলের পর্যাপ্ত জায়গার অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। মল্লিকবাজারের ঘটনার পর ফের সেই সমস্যাগুলিই সামনে এল। একের পর এক অগ্নিকাণ্ডের পর সংশ্লিষ্ট বাড়ি, গুদাম ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ বিধি কতটা মানা হচ্ছে, তা নিয়ে প্রশাসনের নজরদারি আরও বাড়ানো প্রয়োজন কি না, সে প্রশ্নও উঠছে।
❤ Support Us





