Advertisement
  • দে । শ
  • নভেম্বর ২৫, ২০২৬

আরও আঁটসাঁট ‘চিকেনস নেক’-এর রেলপথের নিরাপত্তা ! অতিরিক্ত পুলিশ চেয়ে রাজ্যকে প্রস্তাব জিআরপির

আরম্ভ ওয়েব ডেস্ক
আরও আঁটসাঁট ‘চিকেনস নেক’-এর রেলপথের নিরাপত্তা ! অতিরিক্ত পুলিশ চেয়ে রাজ্যকে প্রস্তাব জিআরপির

উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পথ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর। কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে একের পর এক পদক্ষেপ করছে প্রশাসন। ইতিমধ্যেই এই করিডরের সুরক্ষায় বিশেষ ‘ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিড’ তৈরি করা হয়েছে। পাশাপাশি সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজও দ্রুতগতিতে এগোচ্ছে। এবার শিলিগুড়ি করিডরের রেলপথের নিরাপত্তা আরও আঁটসাঁট করতে উদ্যোগী হল রেল পুলিশ (জিআরপি)। অতিরিক্ত ৫০০ পুলিশকর্মী নিয়োগের দাবিতে রাজ্য পুলিশ দপ্তরের কাছে প্রস্তাব পাঠিয়েছে জিআরপি।

নেপাল, ভুটান, বাংলাদেশ এবং চিনের চুম্বি উপত্যকা সংলগ্ন প্রায় ২০ থেকে ২২ কিলোমিটার দীর্ঘ এই এলাকা ভারতের নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চলে নজরদারি বাড়ানো, চোরাচালান বন্ধ করা এবং সম্ভাব্য নাশকতা রুখতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করা হয়েছে। এবার রেলপথের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। জানা গিয়েছে, জিআরপির প্রস্তাব অনুযায়ী, অতিরিক্ত ৫০০ কর্মীর মধ্যে ৪০০ জন কনস্টেবল এবং ১০০ জন অফিসার পদমর্যাদার কর্মী চাওয়া হয়েছে। রেলস্টেশনগুলির নিরাপত্তা ও নজরদারি বাড়াতে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) এবং জিআরপির পাশাপাশি সমন্বয় রেখে কাজ করবে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফও। স্টেশনগুলিতে ড্রোন এবং গোপন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানোর পরিকল্পনাও রয়েছে।

আরপিএফের আইজি অমিয়নন্দন সিনহা জানিয়েছেন, সাধারণত জিআরপির সঙ্গে সমন্বয় রেখেই কাজ করে আরপিএফ। তবে চোরাচালান রুখতে এবার জিআরপি ও আরপিএফের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে বিএসএফও। এর ফলে সীমান্তবর্তী রেলস্টেশন এবং সংলগ্ন এলাকায় নজরদারি আরও জোরদার করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, জিআরপির এক আধিকারিকের বক্তব্য, ভারত-বাংলাদেশ এবং ভারত-নেপাল সীমান্তের সঙ্গে সংযোগকারী এই রেলপথে মাদক ও মদ পাচারের ঘটনা ক্রমশ বাড়ছে। পাশাপাশি উত্তরবঙ্গের অন্যতম ব্যস্ত রেলস্টেশন নিউ জলপাইগুড়ির (এনজেপি) নিরাপত্তা সামলাতেও যথেষ্ট চাপের মুখে পড়তে হচ্ছে রেল পুলিশকে। বিপুল সংখ্যক যাত্রী ও ব্যস্ত রেল যোগাযোগ ব্যবস্থার কারণে নিরাপত্তা এবং নজরদারি বজায় রাখা কঠিন হয়ে উঠছে। এই সমস্ত দিক বিবেচনা করেই অতিরিক্ত পুলিশকর্মী চেয়ে রাজ্যের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওই আধিকারিক।

উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির সঙ্গে দেশের মূল ভূখণ্ডের স্থলপথে যোগাযোগের ক্ষেত্রে শিলিগুড়ি করিডর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এই এলাকায় রেলপথে কোনও ধরনের নাশকতা, অবৈধ অনুপ্রবেশ কিংবা চোরাচালানের ঘটনা ঘটলে তার প্রভাব পড়তে পারে দেশের নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থার উপর। সেই কারণেই সীমান্তবর্তী রেললাইন, স্টেশন এবং সংলগ্ন এলাকাগুলিতে নজরদারি বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিকে, এই গুরুত্বপূর্ণ করিডরের রেল যোগাযোগ আরও সুরক্ষিত করতে কেন্দ্রীয় সরকারের তরফেও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনমাইল হাট থেকে রাঙাপানি পর্যন্ত প্রায় ৩৬ কিলোমিটার দীর্ঘ আন্ডারগ্রাউন্ড রেললাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলের রেল যোগাযোগের নিরাপত্তা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!