Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ২৬, ২০২৬

কাশ্মীরে ঘাঁটি ৬৫ জঙ্গির ! লশকর-জইশের সদস্যদের খোঁজে উপত্যকাজুড়ে তল্লাশি অভিযান জোরদার করল নিরাপত্তাবাহিনী

আরম্ভ ওয়েব ডেস্ক
কাশ্মীরে ঘাঁটি ৬৫ জঙ্গির ! লশকর-জইশের সদস্যদের খোঁজে উপত্যকাজুড়ে তল্লাশি অভিযান জোরদার করল নিরাপত্তাবাহিনী

জম্মু-কাশ্মীরের বিভিন্ন প্রান্তে ৬৫ জঙ্গি লুকিয়ে রয়েছে বলে সন্দেহ করছে নিরাপত্তাবাহিনী । তাদের খোঁজে উপত্যকাজুড়ে জোরদার করা হয়েছে তল্লাশি অভিযান । সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, সন্দেহভাজন জঙ্গিদের অধিকাংশই পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লশকর-এ-তইবা এবং জইশ-ই-মহম্মদের সদস্য । গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ইতিমধ্যেই ওই জঙ্গিদের চিহ্নিত করে নজরদারিতে রেখেছে নিরাপত্তাবাহিনী ।

সম্প্রতি নিরাপত্তাবাহিনীর অভিযানে নিহত হয়েছেন লশকর-এ-তইবার জঙ্গিনেতা লতিফ ভাট । বিভিন্ন সূত্রের দাবি, কাশ্মীরের মাটি থেকে উঠে আসা সক্রিয় জঙ্গিদের মধ্যে শেষ সদস্য ছিলেন লতিফ । তাঁর মৃত্যুর পর জম্মু-কাশ্মীরে বর্তমানে কোনো স্থানীয় সক্রিয় জঙ্গি নেই বলেই দাবি করা হচ্ছে । পাশাপাশি, উপত্যকায় নতুন করে স্থানীয় যুবকদের জঙ্গিগোষ্ঠীতে নিয়োগের ঘটনাও প্রায় শূন্যে নেমে এসেছে বলে নিরাপত্তাবাহিনী সূত্রে খবর ।

তবে স্থানীয় স্তরে জঙ্গি নিয়োগ কমে এলেও পাকিস্তান থেকে অনুপ্রবেশের আশঙ্কা পুরোপুরি কাটেনি । বিশেষ করে শীতের মরসুমে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে জঙ্গিদের ভারতে ঢোকার চেষ্টা রুখতে সতর্ক রয়েছে বাহিনী । সেই কারণেই উপত্যকার বিভিন্ন এলাকায় নজরদারি ও তল্লাশি অভিযান আরও জোরদার করা হয়েছে ।

নিরাপত্তাবাহিনীর আধিকারিকেরা এএনআই-কে জানিয়েছেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছ থেকে প্রায় ৬৫ পাকিস্তানি জঙ্গির উপস্থিতি সম্পর্কে তথ্য পাওয়া গিয়েছে । তাঁদের মধ্যে ৩৫ জন লশকর-এ-তইবা, ২৫ জন জইশ-ই-মহম্মদ এবং বাকি পাঁচ জন অন্যান্য জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে । গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রত্যেকেই বর্তমানে নিরাপত্তাবাহিনীর নজরদারিতে রয়েছেন ।

উল্লেখ্য, ভারতে একাধিক বড়সড় জঙ্গি হামলার সঙ্গে লশকর-এ-তইবা ও জইশ-ই-মহম্মদের নাম জড়িয়েছে । ২০০১ সালের সংসদ হামলা, ২০১৬ সালের উরি সেনাঘাঁটিতে হামলা এবং ২০১৯ সালের পুলওয়ামা হামলার মতো ঘটনায় এই দুই জঙ্গিগোষ্ঠীর যোগের কথা উঠে এসেছে । এমনকি গত বছরের পহেলগাঁও হত্যাকাণ্ডেও লশকর-এ-ত্যায়বার ছায়াসংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)-এর নাম উঠে এসেছিল ।

নিরাপত্তাবাহিনীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে কাশ্মীর উপত্যকায় স্থানীয় ও পাকিস্তানি মিলিয়ে মোট ৯১ সক্রিয় জঙ্গিকে চিহ্নিত করা হয়েছিল । বর্তমানে সেই সংখ্যা কমে আনুমানিক ৬৫-তে দাঁড়িয়েছে । তবে উল্লেখযোগ্য বিষয় হল, বর্তমানে সক্রিয় বলে সন্দেহ করা প্রত্যেক জঙ্গিই পাকিস্তানি নাগরিক বলে দাবি নিরাপত্তাবাহিনীর ।

লতিফ ভাটের মৃত্যু নিরাপত্তাবাহিনীর কাছে বড় সাফল্য হিসেবে বিবেচিত হলেও জঙ্গি কার্যকলাপের আশঙ্কা এখনো পুরোপুরি দূর হয়নি । গোয়েন্দা সূত্রের খবর, পাকিস্তানি জঙ্গিরা জম্মু-কাশ্মীরের বেশ কয়েকটি দুর্গম এলাকায় সক্রিয় রয়েছে । বিশেষ করে ঘন জঙ্গল ও পাহাড়ি এলাকাগুলিকে তারা আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করতে পারে বলে আশঙ্কা । এই পরিস্থিতিতে পুঞ্চ, রাজৌরি, কিশ্তোয়ার এবং ডোডা জেলায় বিশেষ নজর দিচ্ছে নিরাপত্তাবাহিনী । অনুপ্রবেশ রুখতে এবং জঙ্গিদের গতিবিধি সম্পর্কে আগাম তথ্য পেতে ওই এলাকাগুলিতে তল্লাশি ও নজরদারি আরও বাড়ানো হয়েছে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!