- দে । শ
- নভেম্বর ২৬, ২০২৬
এনআরএস হাসপাতালে দুর্ঘটনা ! খসে পড়ল ছাদের চাঙড়
সরকারি হাসপাতালের পরিকাঠামোর হাল নিয়ে ফের প্রশ্ন উঠল কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (এনআরএস)। বৃহস্পতিবার সকালে হাসপাতালের ইউএনবি ভবনের একতলায় রেডিয়োলজি বিভাগের একটি ঘরে আচমকাই ছাদের চাঙড় খসে পড়ে। ভেঙে পড়ে ছাদের ঢালাইয়ের বড়ো অংশ। বেরিয়ে আসে ভিতরের লোহার রডও। যে ঘরে এ ঘটনা ঘটেছে, সেখানেই হাসপাতালের নিজস্ব এক্স-রে পরিষেবা চালু ছিল। ফলে দুর্ঘটনার সময়ে ঘরে রোগী বা স্বাস্থ্যকর্মী উপস্থিত থাকলে বড়োসড়ো বিপদ ঘটতে পারত। হাসপাতাল সূত্রে অবশ্য দাবি, ঘটনায় কেউ আহত হননি।
জানা গিয়েছে, ইউএনবি ভবনের একতলায় রেডিয়োলজি বিভাগের ১০০ নম্বর ঘরে দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে আচমকাই ছাদের একাংশের চাঙড় হুড়মুড়িয়ে নীচে পড়ে যায়। মুহূর্তের মধ্যে ঘরের মেঝেতে ছড়িয়ে পড়ে ভাঙা কংক্রিটের টুকরো। ছাদের বেশ কয়েকটি জায়গায় ঢালাইয়ের ভিতরে থাকা লোহার রডও বেরিয়ে পড়ে। ঘটনার পরেই হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়ায়। ইতিমধ্যে দুর্ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, ছাদের বেশ বড়ো অংশের চাঙড় খসে পড়েছে। মেঝে জুড়ে ছড়িয়ে রয়েছে ভাঙা কংক্রিট। রোগীদের একাংশের বক্তব্য, যে ভাবে ছাদের চাঙড় ভেঙে পড়েছে, তাতে অল্পের জন্য বড়োসড়ো দুর্ঘটনা এড়ানো গিয়েছে। তাঁদের প্রশ্ন, ভবনের বিপজ্জনক অবস্থা জানা সত্ত্বেও সেখানে কী ভাবে রোগীদের পরিষেবা দেওয়া হচ্ছিল ?
এনআরএসের ইউএনবি ভবনের পরিকাঠামোগত ত্রুটি নতুন নয়। ওই ভবনের নির্মাণগত একাধিক সমস্যা আগেই চিহ্নিত করেছিল পূর্ত দফতর। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকেও সতর্ক করা হয়েছিল বলে সূত্রের খবর। সেই পরামর্শ মেনেই ভবনটি ভেঙে ফেলার প্রস্তুতি শুরু করেছেন কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনটির একতলা থেকে পাঁচতলা পর্যন্ত বিভিন্ন বিভাগ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালের প্রশাসনিক কার্যালয়ের উল্টো দিকে বিকল্প ঘরের ব্যবস্থা করে সেখানে স্থানান্তরিত করা হয়েছে সংশ্লিষ্ট বিভাগগুলিকে। কিন্তু তার পরেও ইউএনবি ভবনের একতলায় রেডিয়োলজি বিভাগের ১০০ নম্বর ঘরে হাসপাতালের নিজস্ব এক্স-রে পরিষেবা চালু ছিল। সূত্রের দাবি, নতুন জায়গায় এক্স-রে যন্ত্র বসানোর ক্ষেত্রে কিছু পরিকাঠামোগত সমস্যা দেখা দিয়েছিল। সে কারণেই পুরনো ঘরটি থেকে পরিষেবা বন্ধ করা সম্ভব হয়নি। ফলে ভবনটির নির্মাণগত দুর্বলতার কথা জানা থাকা সত্ত্বেও কেন সেখানে রোগীদের এক্স-রে করা হচ্ছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
প্রতিদিন কলকাতা, শহরতলি তো বটেই, জেলার বিভিন্ন প্রান্ত থেকেও বহু রোগী চিকিৎসার জন্য আসেন এনআরএসে। সরকারি এই হাসপাতালের উপর নির্ভরশীল কয়েক হাজার মানুষ। সেখানে হাসপাতাল ভবনের ছাদ থেকে চাঙড় খসে পড়ার ঘটনায় স্বাভাবিক ভাবেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষত, যে ভবন ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার একটি ঘরে কেন পরিষেবা চালু রাখা হয়েছিল, সে প্রশ্নও উঠছে। হাসপাতাল কর্মীদের একাংশের মতে, ইউএনবি ভবনের বর্তমান যা অবস্থা , তাতে যে কোনো সময় আরও বড়ো ধরণের বিপদ পারে। তাই ভবনটি ভাঙার কাজ আর বিলম্ব না করে দ্রুত শুরু করা প্রয়োজন। পাশাপাশি, বিকল্প পরিকাঠামোর সমস্যার কারণে রোগীদের ঝুঁকির মুখে রেখে পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত কতটা যুক্তিসঙ্গত, তা নিয়েও প্রশ্ন তুলছেন তাঁরা। যদিও বৃহস্পতিবারের দুর্ঘটনা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া মেলেনি।
❤ Support Us





