Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ২৭, ২০২৬

পোখরানে ‘ভার্গবাস্ত্র’-এর সফল পরীক্ষা ! শত্রুপক্ষের ড্রোন ধ্বংসে প্রস্তুত দেশীয় ‘মাইক্রো-মিসাইল’ প্রযুক্তি

আরম্ভ ওয়েব ডেস্ক
পোখরানে ‘ভার্গবাস্ত্র’-এর সফল পরীক্ষা ! শত্রুপক্ষের ড্রোন ধ্বংসে প্রস্তুত দেশীয় ‘মাইক্রো-মিসাইল’ প্রযুক্তি

ভারতের আকাশসীমাকে শত্রুপক্ষের ড্রোন হামলা থেকে সুরক্ষিত রাখতে আরও এক ধাপ এগিয়ে গেল দেশের প্রতিরক্ষা ব্যবস্থা। রাজস্থানের পোখরানে সফলভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে ভারতের দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ড্রোন প্রতিরোধ ব্যবস্থা ‘ভার্গবাস্ত্র’। গত শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত পোখরানের ফিল্ড ফায়ারিং রেঞ্জে একাধিক পর্যায়ে এই পরীক্ষামূলক উৎক্ষেপণ চালানো হয়। প্রতিটি পরীক্ষাতেই সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে এই নতুন ড্রোন বিধ্বংসী ব্যবস্থা।

‘সোলার ডিফেন্স অ্যান্ড এরোস্পেস লিমিটেড’ (এসডিএল) এই অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাটি তৈরি করেছে। মূলত মাইক্রো মিসাইল প্রযুক্তির উপর ভিত্তি করেই তৈরি হয়েছে ‘ভার্গবাস্ত্র’। একঝাঁক ছোট আকারের ক্ষেপণাস্ত্রের সাহায্যে শত্রুপক্ষের পাঠানো ড্রোন শনাক্ত করে সেগুলিকে ধ্বংস করাই এই ব্যবস্থার প্রধান লক্ষ্য। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে ড্রোন হামলার মোকাবিলায় ভারতের সামরিক সক্ষমতা আরও বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এই দেশীয় প্রযুক্তি।

বর্তমান যুদ্ধক্ষেত্রে ড্রোন ক্রমশ অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্রে পরিণত হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে পশ্চিম এশিয়ার বিভিন্ন সংঘর্ষে ড্রোনের ব্যাপক ব্যবহার ইতিমধ্যেই সামনে এসেছে। এমনকি গত বছর ভারত-পাকিস্তান সংঘর্ষের সময়ও ড্রোন হামলার ঘটনা ঘটেছিল। পাকিস্তানের দিক থেকে আসা একাধিক ড্রোন হামলা ভারতীয় বাহিনী সফলভাবে প্রতিহত করে। এই পরিস্থিতিতে দেশের আকাশসীমাকে আরও সুরক্ষিত করতে এবং শত্রুপক্ষের ড্রোন হামলা মোকাবিলায় প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় সরকার।

সেই লক্ষ্যেই তৈরি করা হয়েছে ‘ভার্গবাস্ত্র’। জানা গিয়েছে, প্রায় আড়াই কিলোমিটার দূরত্ব পর্যন্ত সন্দেহজনক ড্রোনের গতিবিধি শনাক্ত করতে সক্ষম এই প্রতিরক্ষা ব্যবস্থা। ছোট আকারের বিভিন্ন ধরনের ড্রোন চিহ্নিত করার পাশাপাশি সেগুলিকে ধ্বংস করার ক্ষমতাও রয়েছে এর। ফলে শত্রুপক্ষের ড্রোন অনুপ্রবেশ রুখতে ভবিষ্যতে এটি কার্যকর ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে। পোখরানের পরীক্ষার আগে ওড়িশার গোপালপুরেও ‘ভার্গবাস্ত্র’-এর এক দফা পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছিল। এবার রাজস্থানের পোখরানে ফের একাধিক পরীক্ষা চালিয়ে এই ব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হয়। শুধু ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণই নয়, এবারের পরীক্ষায় ‘ভার্গবাস্ত্র’-এর সামগ্রিক নকশা ও প্রযুক্তিগত সক্ষমতাও খতিয়ে দেখা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!