Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ২৭, ২০২৬

হাসিনার ফেরার জল্পনায় সীমান্তে তৎপরতা, দেশে ফিরছেন আওয়ামী লীগ নেতারা? বাণিজ্য নিয়ে উদ্বেগ

আরম্ভ ওয়েব ডেস্ক
হাসিনার ফেরার জল্পনায় সীমান্তে তৎপরতা, দেশে ফিরছেন আওয়ামী লীগ নেতারা? বাণিজ্য নিয়ে উদ্বেগ

পেট্রপোলের পাশাপাশি মালদহের মহদিপুর সীমান্তেও এখন বাড়তি নজরদারি। দু-দেশের মধ্যে যাতায়াতের ব্যস্ততার মধ্যেই সীমান্তের ওপার থেকে ভেসে আসছে নানান রাজনৈতিক খবর। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে যখন নতুন করে জল্পনা শুরু হয়েছে, তখন ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতা-কর্মীদের একাংশের মধ্যেও ঘরে ফেরার তৎপরতা চোখে পড়ছে। তারই মধ্যে বৃহস্পতিবার মহদিপুর সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে গিয়েছেন আওয়ামী নেতা হাবিবুর রহমান। সঙ্গে ছিলেন তাঁর কয়েক জন সঙ্গী।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য হাবিবুরের দাবি, প্রায় দু-মাস আগে প্রাণের আশঙ্কায় বাংলাদেশ ছেড়ে ভারতে চলে এসেছিলেন তিনি। প্রথমে বেঙ্গালুরু, পরে হায়দরাবাদে ছিলেন। চিকিৎসাও করিয়েছেন দক্ষিণ ভারতে। কিন্তু নেত্রী শেখ হাসিনা দেশে ফেরার কথা ঘোষণা করায় এ বার নিজের দেশেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শুধু তিনি নন, ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের আরও বহু নেতা-কর্মী ধীরে ধীরে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলেও দাবি করেছেন হাবিবুর। দেশে ফেরার পথে তাঁর বক্তব্য, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন অত্যন্ত খারাপ। জামায়াতে ইসলামি, বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তাঁর অভিযোগ, রাজনৈতিক সংঘাতের জেরে ব্যবসা-বাণিজ্যও কার্যত মুখ থুবড়ে পড়েছে। দেশের বিভিন্ন প্রান্তে অশান্তি চলছে। আওয়ামী লীগ আবার সক্রিয় হলে পরিস্থিতির পরিবর্তন হতে পারে বলে মনে করেন তিনি। হাসিনার প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন বলেও জানিয়েছেন আওয়ামী লীগ নেতা। তাঁর দাবি, নেত্রীকে স্বাগত জানাতে তাঁরা প্রস্তুত।

তবে আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরার এ তৎপরতা ঘিরে সীমান্তের ওপারে যে নতুন করে নিরাপত্তার প্রশ্ন উঠছে, তা স্পষ্ট প্রশাসনিক প্রস্তুতিতেই। ভারতীয় সংবাদমাধ্যমে মহদিপুর সীমান্ত দিয়ে আওয়ামী লীগ নেতাদের বাংলাদেশে ফেরার খবর সম্প্রচারিত হওয়ার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ও ইমিগ্রেশন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। সক্রিয় রয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবিও। ইমিগ্রেশন এলাকায় গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের উপর নজর রাখা হচ্ছে। সোনামসজিদ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত আধিকারিক এসআই জামিলুর রহমান জানিয়েছেন, ইমিগ্রেশনে সতর্কতা বাড়ানো হয়েছে। তালিকাভুক্ত কোনো অপরাধী সীমান্ত পেরিয়ে এলে তাঁকে গ্রেফতার করা হবে। তবে, সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের নির্ভরযোগ্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। তাঁর বক্তব্য, এ ধরনের ব্যক্তিদের পক্ষে সহজে সীমান্ত পার হওয়া সম্ভব নয়।

রাজনৈতিক অস্থিরতার এ আবহে সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ কম নয়। মহদিপুর সীমান্ত দিয়ে যাতায়াতকারী বাংলাদেশি নাগরিকদের কথায়, দেশের পরিস্থিতি নিয়ে নানা রকম আশঙ্কা তৈরি হয়েছে। কেউ আবার প্রকাশ্যেই জানিয়েছেন, শেখ হাসিনাকে ফের ক্ষমতায় দেখতে চান তাঁরা। অন্য একাংশের বক্তব্য, কোন রাজনৈতিক দল ক্ষমতায় থাকল, তা তাঁদের কাছে বড়ো কথা নয়। সাধারণ মানুষের নিরাপত্তা, শান্তি আর স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত। হাসিনার দেশে ফেরার সম্ভাবনাকে কেন্দ্র করে কিছু জায়গায় ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে। হাসিনা ফিরলে বাংলাদেশে নতুন করে বিশৃঙ্খলা দেখা দিতে পারে।  কিন্তু রাজনৈতিক অস্থিরতার আঁচ যে শুধু সীমান্তের নিরাপত্তায় সীমাবদ্ধ থাকবে না, সে আশঙ্কাই বেশি করে ভাবাচ্ছে সীমান্ত ঘেঁষা এ পারের ব্যবসায়ীদের। মহদিপুর সীমান্ত দিয়ে প্রতিদিন গড়ে ২০০ থেকে ২৫০টি পণ্যবাহী ট্রাক বাংলাদেশে যায়। পাথর, খাদ্যসামগ্রী-সহ নানা ধরনের পণ্য নিয়ে এই গাড়িগুলি সীমান্ত পারাপার করে। বাংলাদেশের অভ্যন্তরে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হলে পণ্য খালাস, গাড়ির চলাচল এবং চালক-খালাসিদের নিরাপত্তা — সব ক্ষেত্রেই সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন পরিবহণের সঙ্গে যুক্ত ব্যক্তিরা।

পাথরবোঝাই ট্রাক নিয়ে নিয়মিত বাংলাদেশে যাতায়াত করা ব্যাক্তিদের বক্তব্য, সাধারণত যেদিন বাংলাদেশে যাওয়া হয়, সে দিনই তাঁরা ফিরে আসেন। কিন্তু খাদ্যসামগ্রী নিয়ে যাওয়া গাড়িগুলিকে পণ্য খালাসের জন্য অনেক সময় কয়েক দিন অপেক্ষা করতে হয়। ফলে অশান্ত পরিস্থিতিতে চালকদের বিপদের আশঙ্কা বেশি। শেখ হাসিনা দেশে ফিরলে পরিস্থিতি আরও জটিল হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। ফলে, পণ্য নিয়ে প্রতিবেশী দেশে গেলে ভারতীয় চালকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা। দুই দেশের প্রশাসনের কাছে তাঁদের আবেদন, সীমান্ত বাণিজ্য চালু রাখার পাশাপাশি পরিবহণকর্মীদের নিরাপত্তার দিকেও যেন বিশেষ নজর দেওয়া হয়। মহদিপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষের কথাতেও সেই উদ্বেগেরই প্রতিফলন। তাঁর দাবি, ২০২৪ সালের আগে ভারত ও বাংলাদেশের মধ্যে যে পরিমাণ বাণিজ্য হতো, বর্তমানে তা কিছুটা কমেছে। রাজনৈতিক অস্থিরতার কারণে বাণিজ্যে প্রভাব পড়ার আশঙ্কা থাকলেও এখনো পর্যন্ত মহদিপুর সীমান্তে পণ্য পরিবহণ পুরোপুরি ব্যাহত হয়নি। প্রতিদিন গড়ে ২০০ থেকে ২৫০টি পণ্যবাহী গাড়ি যাতায়াত করছে।

হাসিনার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নতুন করে কোনও অস্থিরতা তৈরি হলে বাণিজ্যও ধাক্কা খেতে পারে। আর তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন দুই দেশের ব্যবসায়ী ও পরিবহণের সঙ্গে যুক্ত মানুষজন। প্রসেনজিতের দাবি, সীমান্তের পরিস্থিতির উপর বিএসএফ, পুলিশ ও শুল্ক দফতর কড়া নজর রাখছে। বাংলাদেশের সরকারও যাতে আন্তর্জাতিক বাণিজ্য স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ করে, সেই প্রত্যাশা তাঁদের। মহদিপুর সীমান্তে নাগরিকদের যাতায়াতের সংখ্যাও বেড়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। আগে প্রতিদিন গড়ে ১২০ থেকে ১৫০ জন বৈধ পাসপোর্ট নিয়ে এই সীমান্ত দিয়ে যাতায়াত করতেন। বর্তমানে সেই সংখ্যা বেড়ে প্রায় ২০০ থেকে ২২০ হয়েছে। ফলে যাত্রী পারাপার এবং পণ্য পরিবহণ — দুই ক্ষেত্রেই বাড়তি ব্যস্ততা দেখা যাচ্ছে। পরিস্থিতির উপর নজর রাখছে সীমান্তরক্ষী বাহিনী এবং সংশ্লিষ্ট প্রশাসনিক দফতরগুলি।

এদিকে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। ২৪ সালের ৫ অগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে আত্মগোপনে যেতে বাধ্য হয়েছিলেন তিনি। তাঁর অনুপস্থিতিতেই মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে। পাশাপাশি মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী প্রশাসন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করেছিল। পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতার সমীকরণেও পরিবর্তন এসেছে। ফলে হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণা ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিএনপি সরকার বারবার দিল্লির কাছে মুজিবকন্যাকে ফিরিয়ে দেবার আহ্বান জানিয়েছে। যদিও দিল্লির তরফে এ পর্যন্ত এ নিয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়নি।

এদিকে, ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনাকে সামনে রেখে ভারত-বাংলাদেশ সীমান্তে সম্ভাব্য ন-টি প্রবেশপথ চিহ্নিত করেছেন হাসিনার সমর্থকেরা বলে জানা যাচ্ছে। দু-দেশের মধ্যে প্রায় ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্তের বিভিন্ন অংশকে সম্ভাব্য পথ হিসাবে বিবেচনা করা হচ্ছে। হাসিনার ঘনিষ্ঠ সহযোগী আবু ওবায়দা আরিনের দাবি, দিল্লি থেকে বিমানের ব্যবস্থা না হলে বাণিজ্যিক উড়ান কিংবা স্থলপথে দেশে ফেরার বিকল্পও রয়েছে। প্রয়োজনে পায়ে হেঁটে সীমান্ত পার হওয়ার কথাও ভাবা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। হাসিনার সহযোগীর আরও দাবি, ভারতে নির্বাসনে থাকলেও দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। গত ১৮ মাসে টেলিগ্রামে অডিয়ো বৈঠকের মাধ্যমে ৩০০-র বেশি সভা করেছেন তিনি। দেশে ফিরলে তাঁকে স্বাগত জানাতে সীমান্ত থেকে ঢাকা পর্যন্ত পাঁচ লক্ষ মানুষের জমায়েত করার মতো সাংগঠনিক শক্তি আওয়ামী লীগের রয়েছে বলেও দাবি করা হয়েছে।

কিন্তু হাসিনার প্রত্যাবর্তনের পথে সবচেয়ে বড় বাধা বাংলাদেশের বর্তমান বিএনপি সরকারের অবস্থান। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই জানিয়েছে, দেশে ফিরলে তাঁকে গ্রেফতার করা হবে। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণার পর তাঁর প্রত্যাবর্তনকে ঘিরে প্রশাসনিক ও আইনি জটিলতাও তৈরি হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বক্তব্য, হাসিনা কোনো সাধারণ যাত্রী নন। তাঁকে দেশে ফেরানোর ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। অন্যদিকে, ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত অনুরোধ প্রতিষ্ঠিত প্রক্রিয়া মেনেই বিবেচনা করা হচ্ছে। তবে স্বেচ্ছায় তাঁর দেশে ফেরার বিষয়টি আলাদা। রাজনৈতিক টানাপড়েনের মধ্যেই আওয়ামী লীগের সমর্থকদের বিক্ষোভ ও সংঘাতের ঘটনাও বাড়ছে বলে দাবি বিভিন্ন পর্যবেক্ষক সংস্থার। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির তথ্য অনুযায়ী, ২৩ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগের সমর্থকেরা ৪০টি বিক্ষোভ এবং ১৪০টিরও বেশি দাঙ্গায় জড়িয়েছেন।

সব মিলিয়ে ১৬ ডিসেম্বরকে ঘিরে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে অনিশ্চয়তার মেঘ ঘনাচ্ছে। হাসিনা সত্যিই দেশে ফিরবেন কি না, ফিরলে কী ভাবে ফিরবেন, আর তাঁর প্রত্যাবর্তনের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেবে —কিছুই এখনো স্পষ্ট নয় কিছুই। তবে সে জল্পনার ঢেউ যে পশ্চিমবঙ্গের সীমান্তেও এসে পড়েছে, তা ক্রমশ পরিষ্কার হচ্ছে। আর রাজনৈতিক অস্থিরতার মধ্যে সীমান্তের বাণিজ্য যেন স্বাভাবিক থাকে, সে আশাতেই এখন দিন গুনছেন এ রফতানিকারক, ব্যবসায়ী ও পণ্যবাহী গাড়ির চালকেরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!