- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ২৭, ২০২৬
উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফল প্রকাশ, পাশের হারে রাজ্যে শীর্ষে নদিয়া, অষ্টম স্থানে কলকাতা
উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফল প্রকাশিত হল শুক্রবার। সামগ্রিক পাশের হার ৯২.৬২ শতাংশ। তবে এ বারের ফলাফলে নজর কেড়েছে জেলার স্কুলগুলির সাফল্য। পাশের হারের নিরিখে কলকাতাকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে একাধিক জেলা। রাজ্যের মধ্যে প্রথম স্থানে রয়েছে নদিয়া। এই জেলায় পাশের হার ৯৫.৫৮ শতাংশ। দ্বিতীয় পূর্ব মেদিনীপুর (৯৫.০৯ শতাংশ), তৃতীয় হাওড়া (৯৫.০৮ শতাংশ)। কলকাতার স্থান অষ্টম। শহরের পাশের হার ৯৩.৪৫ শতাংশ। অর্থাৎ, সামগ্রিক পাশের হার রাজ্যের গড়ের উপরে থাকলেও জেলাভিত্তিক তালিকায় প্রথম সারিতে জায়গা করে নিতে পারেনি কলকাতা। শুক্রবার বিকেল ৩টে থেকেই সংসদের সরকারি ওয়েবসাইট result.wb.gov.in-এ পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে প্রাপ্ত নম্বর-সহ ফলাফলের প্রতিলিপি অনলাইন থেকে ডাউনলোডও করা যাবে।
শুক্রবার সাংবাদিক বৈঠক করে ২০২৭ সালের উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফল ঘোষণা করে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের পরিসংখ্যান অনুযায়ী, এ বার পাশের হারে ছাত্রীদের পাল্লা ভারী। ছাত্রদের পাশের হার ৯২.৫৮ শতাংশ। ছাত্রীদের ক্ষেত্রে সে হার ৯২.৬৬ শতাংশ। ব্যবধান খুব বেশি না হলেও পরীক্ষার ফলাফলে ছাত্রীরা সামান্য এগিয়ে রয়েছেন। পরীক্ষার্থীর সংখ্যার নিরিখেও ছাত্রীদের উপস্থিতি বেশি ছিল। সংসদের দেওয়া তথ্য অনুযায়ী, পরীক্ষায় বসেছিলেন ৭ লক্ষেরও বেশি পড়ুয়া। তাঁদের মধ্যে ছাত্র ৩ লক্ষ ১০ হাজার ৯৯৬ জন। ছাত্রী ৩ লক্ষ ৯৫ হাজার ৩২৫ জন। সামগ্রিক পাশের হার ৯২.৬২ শতাংশ। তবে এ সাফল্যের ছবির মধ্যেই বিভাগভিত্তিক ফলাফলে স্পষ্ট হয়ে উঠেছে কলা বিভাগের সঙ্গে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের ব্যবধান।
বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৮ শতাংশ। বাণিজ্য বিভাগে সেই হার আরও কিছুটা বেশি, ৯৮.১১ শতাংশ। সেখানে কলা বিভাগে পাশ করেছেন ৯১ শতাংশ পরীক্ষার্থী। অর্থাৎ, বিজ্ঞান ও বাণিজ্যের তুলনায় কলা বিভাগে পাশের হার উল্লেখযোগ্য ভাবে কম। বিষয়টি সংসদের নজরেও এসেছে। কলা বিভাগের ফলাফল খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। এ বার বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী ছিলেন ১ লক্ষ ১৮ হাজার ৫৩৭ জন। বাণিজ্য বিভাগে ৪৩ হাজার ৬১২ জন এবং কলা বিভাগে ৫ লক্ষ ৪৩ হাজার ১৭২ জন। প্রাপ্ত নম্বরের হিসাবেও উঠে এসেছে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। সংসদের পরিসংখ্যান বলছে, এ বার ৪৫.২২ শতাংশ পরীক্ষার্থী ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন। ৭৫ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ১৫.৫৫ শতাংশ পড়ুয়া। আর ৯০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন ১.৪৮ শতাংশ পরীক্ষার্থী। জেলাভিত্তিক ফলাফলে এ বার নজর কেড়েছে নদিয়া। ৯৫.৫৮ শতাংশ পাশের হার নিয়ে রাজ্যের জেলাগুলির মধ্যে শীর্ষে এই জেলা। দ্বিতীয় স্থানে থাকা পূর্ব মেদিনীপুরের পাশের হার ৯৫.০৯ শতাংশ। তৃতীয় হাওড়ায় ৯৫.০৮ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছেন। তালিকায় চতুর্থ দক্ষিণ ২৪ পরগনা এবং পঞ্চম হুগলি। প্রথম পাঁচে জায়গা হয়নি কলকাতার। ৯৩.৪৫ শতাংশ পাশের হার নিয়ে অষ্টম স্থানে রয়েছে শহর।
কেন পিছিয়ে কলকাতা? সাংবাদিক বৈঠকে এ প্রশ্নের মুখোমুখি হয়ে সংসদের তরফে জানানো হয়েছে, শহরের স্কুলগুলির ফলাফলে যথেষ্ট বৈচিত্র রয়েছে। কলকাতার প্রায় ১০০টি স্কুলের মধ্যে ৩০টি এ গ্রেড এবং ২০টি বি গ্রেডের অন্তর্ভুক্ত। বাকি স্কুলগুলির ফল তুলনায় বেশ কিছুটা পিছিয়ে। সে কারণেই সামগ্রিক পাশের হারের গড়ে প্রভাব পড়ছে বলে মনে করছে সংসদ। অন্যদিকে, জেলার স্কুলগুলির ফল ক্রমশ ভালো হচ্ছে। গ্রামাঞ্চলের পড়ুয়ারাও প্রতিযোগিতায় পিছিয়ে নেই। শিক্ষার মান আর পরীক্ষার ফলাফলে উন্নতির জেরেই জেলা ও মফস্সলের স্কুলগুলি কলকাতাকে টক্কর দিতে পারছে বলে সংসদের বক্তব্য। এ বার তৃতীয় সেমেস্টারে মোট ৭১টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল। প্রশ্নপত্র তৈরি করা হয় ১৫টি ভাষায়। বাংলা, ইংরেজি, হিন্দি, সাঁওতালি-সহ বিভিন্ন ভাষায় প্রশ্নপত্রের ব্যবস্থা ছিল। পরীক্ষা নেওয়া হয়েছিল ‘এমএসকিউ’ পদ্ধতিতে। পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তা বজায় রাখতে মেটাল ডিটেক্টরের সাহায্যে পরীক্ষার্থীদের তল্লাশি করা হয়। পড়ুয়াদের শারীরিক অসুবিধার কথা মাথায় রেখে সংসদের তরফে হেল্প ডেস্কও চালু করা হয়েছিল।
পরীক্ষা ব্যবস্থায় বিশেষ নজর দেওয়া হয়েছিল শারীরিক ভাবে অসুস্থ এবং বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের দিকেও। সংসদ সূত্রে খবর, এ বার ৭৩ জন পরীক্ষার্থী হাসপাতালে থেকে পরীক্ষা দিয়েছেন। বিশেষ ভাবে সক্ষম পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২,৪৭৬। অন্য দিকে, পরীক্ষা চলাকালীন মোট ১৯টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের পরীক্ষা সম্পূর্ণ ভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছে সংসদ। তবে তৃতীয় সেমেস্টারের ফল প্রকাশ হলেও এ বার আলাদা করে কোনো মেধাতালিকা প্রকাশ করা হয়নি। সংসদ সভাপতি অসিতকুমার মণ্ডল জানিয়েছেন, তৃতীয় সেমেস্টারের ফলের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হচ্ছে না। চতুর্থ সেমেস্টারের ফল প্রকাশের পর দুই সেমেস্টারের নম্বর একত্র করে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে। একই ভাবে এখনই আলাদা করে মূল মার্কশিটও দেওয়া হচ্ছে না। তৃতীয় ও চতুর্থ সেমেস্টারের ফল মিলিয়েই চূড়ান্ত মার্কশিট দেওয়া হবে বলে সংসদের তরফে জানানো হয়েছে।
❤ Support Us






