Advertisement
  • প্রচ্ছদ রচনা বি। দে । শ
  • নভেম্বর ২৮, ২০২৬

নারী শরীর, পোশাক ও নাগরিকত্বের রাজনীতি : কাবুল থেকে রোম, নিয়ন্ত্রণের ভিন্ন দুই ভাষা

আরম্ভ ওয়েব ডেস্ক
নারী শরীর, পোশাক ও নাগরিকত্বের রাজনীতি : কাবুল থেকে রোম, নিয়ন্ত্রণের ভিন্ন দুই ভাষা

আফগানিস্তানে মহিলাদের নাম মুছে দিয়ে তাঁদের পরিচয়ের জায়গায় বসানো হচ্ছে ‘বিবি’ শব্দ। কোথাও আবার তাঁদের সম্বোধন করা হচ্ছে গবাদি পশুর নামে। অন্যদিকে, ইউরোপের অন্যতম প্রাচীন গণতান্ত্রিক রাষ্ট্র ইতালিতে স্কুলে বোরখা-নিকাব নিষিদ্ধ করা এবং বিদেশি পড়ুয়াদের ভর্তির ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার পথে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার। ভৌগোলিক দূরত্ব, রাজনৈতিক ব্যবস্থা কিংবা শাসনদর্শনে বিস্তর ফারাক থাকলেও, দুই ঘটনার কেন্দ্রে রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন — রাষ্ট্র কত দূর পর্যন্ত নাগরিকের ব্যক্তিগত পরিচয়, শরীর, পোশাক অথবা সামাজিক অস্তিত্বের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে?

আফগানিস্তানের তালিবান শাসন ও ইতালির মেলোনি সরকারের নীতিকে অবশ্য একই রাজনৈতিক বা প্রশাসনিক কাঠামোয় বিচার করা যায় না। একদিকে রয়েছে ধর্মীয় মৌলবাদী কর্তৃত্ববাদ, অন্যদিকে নির্বাচনী গণতন্ত্রের ভিতরে শক্তিশালী হয়ে ওঠা জাতীয়তাবাদী ও রক্ষণশীল রাজনীতি। কিন্তু দু-ক্ষেত্রেই নারী, ধর্মীয় পরিচয় আর অভিবাসনকে কেন্দ্র করে রাষ্ট্রের ক্ষমতার পরিসর নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, ব্যক্তিস্বাধীনতা ও নাগরিক অধিকারের জায়গায় রাষ্ট্রের নির্ধারিত পরিচয়ই কি শেষ পর্যন্ত বড়ো হয়ে উঠছে ?

আফগানিস্তানের উত্তরাঞ্চলের বলখ প্রদেশের সরকারি কর্মী ও স্বাস্থ্যকর্মীদের মহিলাদের প্রকৃত নাম ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতাল, চিকিৎসাকেন্দ্র, সরকারি নথি এবং প্রেসক্রিপশনে মহিলাদের নামের পরিবর্তে ‘বিবি’ লিখতে বলা হচ্ছে। আফগান সমাজে ‘বিবি’ শব্দটি সাধারণত বয়স্ক মহিলাকে সম্মান জানিয়ে সম্বোধন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। কিন্তু বয়স নির্বিশেষে সমস্ত মহিলার ব্যক্তিগত নামের জায়গায় এক সাধারণ সম্বোধন বসিয়ে দেওয়ার মধ্যে যে পরিচয় মুছে ফেলার প্রবণতা রয়েছে, তা নিয়েই উদ্বেগ তৈরি হয়েছে। আফগান মহিলা অধিকারকর্মী লালাহ ওসমানির বক্তব্য অনুযায়ী, বলখের বিভিন্ন এলাকায় মহিলাদের ‘ছাগল’ কিংবা ‘গরু’ বলেও উল্লেখ করা হচ্ছে। যদিও এ ধরনের সম্বোধনের বিষয়টি বিভিন্ন মহিলা, চিকিৎসক আর অধিকারকর্মীর সাক্ষ্যের ভিত্তিতে উঠে এসেছে, কোনো প্রকাশ্য সরকারি নির্দেশে এমন শব্দ ব্যবহারের কথা বলা হয়নি। একই ভাবে, মহিলাদের নাম ব্যবহারের উপর নিষেধাজ্ঞার নির্দেশিকাও প্রকাশ্যে আসেনি। ফলে ঘটনাটিকে আপাতত বলখ প্রদেশে জারি হওয়া বলে সংবাদমাধ্যমে প্রকাশিত নির্দেশ হিসেবেই দেখা প্রয়োজন। গোটা আফগানিস্তানে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে, এমন দাবি করার অবকাশ নেই।

তবে আফগানিস্তানে মহিলাদের নাম ও পরিচয় গোপন রাখার সামাজিক প্রবণতা নতুন নয়। দীর্ঘদিন ধরেই দেশের রক্ষণশীল সমাজের একাংশে মহিলাদের নিজেদের নামে পরিচিত হওয়ার ক্ষেত্রে নানা সামাজিক বাধা রয়েছে। কোনো মহিলাকে তাঁর স্বামী, বাবা কিংবা সন্তানের পরিচয়ে চিহ্নিত করাই সেখানে বহু ক্ষেত্রে প্রচলিত রীতি। বিয়ের আমন্ত্রণপত্র থেকে শুরু করে মৃত্যুসংবাদ, এমনকি সমাধিফলকেও মহিলার নিজের নাম অনুল্লিখিত থাকার নজির রয়েছে। এই সামাজিক প্রথার বিরুদ্ধে ২০১৭ সালে আফগানিস্তানের হেরাত থেকে শুরু হয়েছিল ‘হোয়্যার ইজ মাই নেম?’ বা ‘আমার নাম কোথায়?’ আন্দোলন। লালাহ ওসমানির নেতৃত্বে একদল তরুণী সমাজমাধ্যমে নিজেদের নাম প্রকাশ, মহিলাদের তাঁদের নিজস্ব নামে সম্বোধন করার দাবিতে প্রচার শুরু করেন। তাঁদের বক্তব্য ছিল, একজন মহিলার পরিচয় তাঁর বাবা, স্বামী কিংবা সন্তানের পরিচয়ের উপর নির্ভরশীল হতে পারে না। তিনি স্বতন্ত্র মানুষ, তাঁর নিজের নাম এবং পরিচয়ের অধিকার রয়েছে। ২০২০ সালে এই আন্দোলনের দাবির পরিপ্রেক্ষিতে তৎকালীন আফগান সরকার পরিচয়পত্রে মায়ের নাম অন্তর্ভুক্তির পথও খুলেছিল।

সেই আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপটেই বলখের সাম্প্রতিক নির্দেশের তাৎপর্য আরও গভীর। এক দশক আগে আফগান মহিলারা যে পরিচয়ের অধিকার প্রতিষ্ঠার জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলেছিলেন, তালিবান ক্ষমতায় ফেরার পর সে অধিকারই ক্রমশ সংকুচিত হয়েছে। ২০২১ সালের আগস্টে কাবুল দখলের পর তালিবান নেতৃত্ব প্রথম দিকে আন্তর্জাতিক মহলের কাছে তুলনামূলক উদার শাসনের আশ্বাস দিয়েছিল। কিন্তু ক্ষমতা সুসংহত হওয়ার পর ধাপে ধাপে মহিলাদের শিক্ষা, কর্মসংস্থান, চলাফেরা, সামাজিক অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ২০২২ সালের মার্চে ষষ্ঠ শ্রেণির পর মেয়েদের মাধ্যমিক শিক্ষার দরজা বন্ধ হয়ে যায়। ওই বছরের ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। পরবর্তী সময়ে সরকারি চাকরি, বেসরকারি সংস্থা ও রাষ্ট্রপুঞ্জের বিভিন্ন সংস্থায় মহিলাদের কাজ করার ক্ষেত্রেও একাধিক বিধিনিষেধ জারি হয়। ২০২৪ সালের আগস্টে তালিবান প্রশাসনের জারি করা ‘প্রমোশন অব ভার্চু অ্যান্ড প্রিভেনশন অব ভাইস’ বা নৈতিকতা সংক্রান্ত আইন এই নিয়ন্ত্রণকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেয়। ওই আইনে মহিলাদের পোশাক, জনসমক্ষে চলাফেরা, পুরুষ অভিভাবক ছাড়া যাতায়াত এবং কণ্ঠস্বর প্রকাশের উপর বিধিনিষেধ আরোপ করা হয়। রাষ্ট্রপুঞ্জের আফগানিস্তান মিশন ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলি এই বিধিনিষেধের ফলে মহিলাদের জনজীবন থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে।

এ প্রেক্ষাপটে মহিলাদের নাম মুছে দেওয়ার অভিযোগকে বিচ্ছিন্ন ঘটনা বলে দেখার সুযোগ কম। নাম কেবল কাউকে ডাকার মাধ্যম নয়, রাষ্ট্রের কাছে একজন নাগরিকের স্বতন্ত্র অস্তিত্বের প্রাথমিক স্বীকৃতিও। জন্মের শংসাপত্র, পরিচয়পত্র, চিকিৎসার নথি, সম্পত্তির দলিল কিংবা শিক্ষাগত শংসাপত্র — প্রতিটি ক্ষেত্রেই ব্যক্তির নাম তাঁর নাগরিক পরিচয়ের সঙ্গে যুক্ত। সে নাম সরিয়ে দিয়ে  সাধারণ সম্বোধন বসিয়ে দেওয়ার অর্থ, প্রশাসনিক ব্যবস্থার মধ্যেই মহিলাদের স্বতন্ত্র পরিচয়কে অস্বীকার করা। এর পাশাপাশি রয়েছে জনস্বাস্থ্য ও চিকিৎসা পরিষেবার প্রশ্ন। চিকিৎসার ক্ষেত্রে রোগীর সঠিক পরিচয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন রোগীর পূর্ববর্তী অসুস্থতা, ওষুধের প্রতিক্রিয়া, অস্ত্রোপচারের ইতিহাস, পরীক্ষার রিপোর্ট এবং চিকিৎসকের পরামর্শ — সব কিছুই নির্ভর করে নির্ভুল রোগী-পরিচয়ের উপর। একই সাধারণ সম্বোধন ব্যবহার করে একাধিক মহিলার চিকিৎসার নথি তৈরি হলে ভুল নথি সংযুক্ত হওয়া, রোগীর ইতিহাস শনাক্ত করতে সমস্যা, ওষুধ প্রয়োগে বিভ্রান্তির আশঙ্কা তৈরি হতে পারে। অর্থাৎ এ ধরনের নির্দেশ কেবল মহিলাদের সামাজিক মর্যাদার উপর আঘাত নয়, তাঁদের স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রেও বিপজ্জনক হয়ে উঠতে পারে।

আফগানিস্তানের সঙ্গে ইতালির রাজনৈতিক ও সাংবিধানিক বাস্তবতার কোনো সরাসরি তুলনা চলে না। তালিবান একটি ধর্মীয় মৌলবাদী কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাইছে। অন্যদিকে, ইটালি সংসদীয় গণতন্ত্র, সাংবিধানিক অধিকার ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র। সেখানে সরকারের সিদ্ধান্ত সংসদীয় বিতর্ক, বিরোধী দলের সমালোচনা, বিচারবিভাগীয় পর্যালোচনার আওতায় আসতে পারে। তবু ইতালির সাম্প্রতিক শিক্ষা আইন নতুন করে প্রশ্ন তুলেছে, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেও রাষ্ট্রের পরিচয় নির্ধারণের রাজনীতি কত দূর বিস্তৃত হতে পারে। গত ২৬ নভেম্বর ইতালির সংসদের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকারের আনা শিক্ষা সংক্রান্ত ডিক্রিটি চূড়ান্ত অনুমোদন পেয়েছে। ভোটাভুটিতে বিলের পক্ষে ১৪২ জন সাংসদ ভোট দেন, বিপক্ষে ভোট পড়ে ১১২টি। চারজন সাংসদ ভোটদানে বিরত থাকেন। এর আগে ২০ নভেম্বর সিনেটেও প্রস্তাবটি অনুমোদিত হয়েছিল। ফলে স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করা এবং বিদেশি পড়ুয়াদের ভর্তির ক্ষেত্রে নির্দিষ্ট সীমা নির্ধারণের বিধান আইনি স্বীকৃতি পেয়েছে।

নতুন আইনে স্কুলের পাঠ্যক্রম ও পাঠ্যক্রম-বহির্ভূত কার্যকলাপে এমন কোনো পোশাক পরে অংশ নেওয়া যাবে না, যাতে মুখ সম্পূর্ণ ঢাকা থাকে এবং ব্যক্তির পরিচয় শনাক্ত করা অসম্ভব হয়। চিকিৎসা বা শিক্ষামূলক কাজের বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে অবশ্য ব্যতিক্রম রাখা হয়েছে। এ বিধান লঙ্ঘন করলে ২০০ থেকে ১ হাজার ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে। কোনো নাবালিকা এ নিয়ম ভাঙলে জরিমানার দায় বর্তাবে তার অভিভাবকের উপর। ভারতীয় মুদ্রায় সর্বোচ্চ জরিমানার পরিমাণ এক লক্ষ টাকারও বেশি। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করা প্রয়োজন — আইনটি শুধু হিজাব বা মাথা ঢাকার ওড়না নিষিদ্ধ করছে না; মুখ শনাক্ত করা যায় না, এমন পোশাকের উপর নিষেধাজ্ঞা আরোপ করছে। ফলে বোরখা ও নিকাবের মতো মুখ ঢাকা পোশাক এর আওতায় পড়ছে।

এ সিদ্ধান্তের পিছনে সরকারের যুক্তি, স্কুলে প্রত্যেক পড়ুয়ার পরিচয় শনাক্ত করা, শিক্ষাপ্রতিষ্ঠানে পারস্পরিক যোগাযোগ ও সামাজিক সংহতি বজায় রাখা জরুরি। মুখ ঢাকা থাকলে শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে বলেও সরকারের অবস্থান। কিন্তু সমালোচকদের প্রশ্ন, মুখ শনাক্ত করার প্রশাসনিক প্রয়োজনের সঙ্গে কোনো নির্দিষ্ট ধর্মীয় পোশাককে ঘিরে তৈরি সামাজিক ও রাজনৈতিক বিতর্ককে এক করে দেখা হচ্ছে না তো? বিশেষত, ইতালির মুসলিম সম্প্রদায়ের মহিলাদের ক্ষেত্রে এ বিধান কতটা বৈষম্যমূলক প্রভাব ফেলবে, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। ইতালির রাজনীতিতে বোরখা ও নিকাব নিষিদ্ধ করার বিতর্ক অবশ্য নতুন নয়। ১৯৭৫ সালের সন্ত্রাসবিরোধী আইনে জনসমক্ষে পরিচয় গোপন করে মুখ ঢেকে রাখার উপর বিধিনিষেধের ব্যবস্থা ছিল। ২০০৫ সালের সন্ত্রাসবিরোধী বিধানেও পরিচয় গোপন করার বিষয়টি গুরুত্ব পায়। যদিও ওই আইনগুলি সরাসরি ইসলামি পোশাক নিষিদ্ধ করার উদ্দেশ্যে তৈরি হয়নি, পরবর্তী সময়ে বোরখা ও নিকাবের ক্ষেত্রে সেগুলির প্রয়োগ নিয়ে বিতর্ক দেখা দেয়। ফলে মেলোনি সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তকে একেবারে নতুন করে শুরু হওয়া কোনও বিতর্ক বলা যাবে না। বরং দীর্ঘদিনের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা এবং সাংস্কৃতিক পরিচয়ের দ্বন্দ্ব এবার সরাসরি স্কুলের আইন ও প্রশাসনিক বিধির মধ্যে প্রবেশ করল।

মেলোনি সরকারের নতুন শিক্ষা আইনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিক বিদেশি পড়ুয়াদের ভর্তির ক্ষেত্রে ৩০ শতাংশের ঊর্ধ্বসীমা। তবে এ বিধান নিয়ে যে ধারণা তৈরি হয়েছে, বাস্তবে আইনটি তার চেয়ে কিছুটা ভিন্ন। ইতালির সব স্কুলে সব বিদেশি পড়ুয়ার সংখ্যা ৩০ শতাংশে বেঁধে দেওয়া হয়নি। বরং প্রাথমিক স্তরের প্রথম শ্রেণিতে ইতালির নাগরিক নন বা সে দেশে জন্মাননি অথবা অন্তত দু-বছর প্রাক্‌-প্রাথমিক শিক্ষায় অংশ নেননি, এমন পড়ুয়াদের সংখ্যা মোট পড়ুয়ার ৩০ শতাংশের বেশি হতে পারবে না। মাধ্যমিক স্তরের প্রথম শ্রেণির ক্ষেত্রে ইতালির নাগরিক নন এবং অন্তত তিন বছর প্রাক্-প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় সফল ভাবে পড়াশোনা করেননি, এমন পড়ুয়াদের জন্য একই সীমা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ইতালিতে জন্মানো কিংবা দীর্ঘদিন ধরে সে দেশের শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত বিদেশি নাগরিকের সন্তানদের ক্ষেত্রে এই বিধিনিষেধ একই ভাবে কার্যকর হবে না। নতুন শিক্ষাবর্ষ ২০২৭-২৮ থেকে এই নিয়ম কার্যকর হওয়ার কথা।

কোনো স্কুলে নির্দিষ্ট শর্ত পূরণ করা বিদেশি পড়ুয়ার সংখ্যা ৩০ শতাংশের বেশি হয়ে গেলে প্রশাসনকে কাছাকাছি অন্য স্কুলে তাঁদের ভর্তির ব্যবস্থা করতে হবে। সে ক্ষেত্রে পড়ুয়ার বাড়ির দূরত্ব ও পরিবারের বিশেষ প্রয়োজনের বিষয়টিও বিবেচনায় রাখার কথা বলা হয়েছে। মেলোনি সরকারের বক্তব্য, একই শ্রেণিতে বিদেশি পড়ুয়ার সংখ্যা অত্যধিক হয়ে গেলে ভাষাগত সমস্যা তৈরি হতে পারে। ইতালীয় ভাষায় পর্যাপ্ত দক্ষতা না থাকলে পড়াশোনার স্বাভাবিক গতি ব্যাহত হয়। ফলে বিদেশি পড়ুয়াদের বিভিন্ন স্কুলে তুলনামূলক ভারসাম্য রেখে ভর্তি করালে তাঁদের ভাষা শেখা এবং স্থানীয় সমাজের সঙ্গে মিশে যাওয়ার সুযোগ বাড়বে। শুধু পড়ুয়ারাই নন, বিদেশি পড়ুয়াদের অভিভাবকদের জন্যও নতুন বিধান আনা হয়েছে। কোনও পরিবারের ভাষাগত সমস্যা যদি সন্তানের শিক্ষা ও স্কুলের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বাধা তৈরি করে, তা হলে সংশ্লিষ্ট সামাজিক পরিষেবা সংস্থা অভিভাবকদের জন্য বিনামূল্যে ইতালীয় ভাষা শেখার ব্যবস্থা করতে পারবে। তাঁদের অন্তত এ২ স্তরের ভাষাগত দক্ষতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যথাযথ কারণ ছাড়া নির্দেশিত ভাষা শিক্ষার কর্মসূচিতে অংশ না নিলে, প্রাথমিক সতর্কবার্তার পরেও সেই নির্দেশ অমান্য করলে ২০০ থেকে ১ হাজার ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে।

সরকারের এ যুক্তির বিরোধিতা করেছে বিরোধী দলগুলি। তাদের বক্তব্য, ভাষাগত দক্ষতার অভাব দূর করার জন্য শিক্ষকের সংখ্যা বাড়ানো, বিশেষ ভাষাশিক্ষার ব্যবস্থা করা এবং স্কুলের পরিকাঠামো উন্নত করা প্রয়োজন। কিন্তু তার পরিবর্তে পড়ুয়াদের জন্মপরিচয় ও নাগরিকত্বের ভিত্তিতে শ্রেণিকক্ষে উপস্থিতির সীমা নির্ধারণ করা সমস্যার সমাধান নয়। বিরোধী ডেমোক্র্যাটিক পার্টির নেত্রী এলি শ্লেইন বলেছেন, স্কুলে বিদেশি শিশুদের সংখ্যা বেঁধে দেওয়ার বদলে স্কুলের পরিকাঠামো এবং শিক্ষক নিয়োগে বেশি গুরুত্ব দেওয়া উচিত। সংসদে ভোটাভুটির দিন বিরোধী সাংসদদের হাতে ধরা পোস্টারে লেখা ছিল —‘স্কুলে কেউ বিদেশি নয়’। সাম্প্রতিক বিতর্কের সঙ্গে জড়িয়ে রয়েছে ইতালির অভিবাসন রাজনীতির দীর্ঘ ইতিহাসও। ভূমধ্যসাগরের কেন্দ্রে অবস্থানের কারণে উত্তর আফ্রিকা ও পশ্চিম এশিয়া থেকে ইউরোপে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ পথ ঐতিহ্যবাহী দেশ। লিবিয়া, তিউনিসিয়া-সহ বিভিন্ন দেশ থেকে বিপজ্জনক সমুদ্রপথ পেরিয়ে বহু মানুষ সে দেশের উপকূলে পৌঁছন। তাঁদের একাংশ শরণার্থী, একাংশ রাজনৈতিক বা অর্থনৈতিক কারণে দেশত্যাগী। অভিবাসন নিয়ন্ত্রণ, সীমান্ত সুরক্ষা এবং নতুন অভিবাসীদের স্থানীয় সমাজে অন্তর্ভুক্ত করার প্রশ্ন বহু বছর ধরেই ইতালির নির্বাচনী রাজনীতির গুরুত্বপূর্ণ বিষয়।

২২ সালে ক্ষমতায় আসার পর থেকেই মেলোনির নেতৃত্বাধীন ‘ব্রাদার্স অব ইতালি’ সরকার অভিবাসন নিয়ন্ত্রণ, জাতীয় পরিচয় আর সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার প্রশ্নে কঠোর অবস্থান নিয়েছে। মেলোনির রাজনৈতিক অবস্থানের কেন্দ্রে রয়েছে জাতীয়তাবাদ, রক্ষণশীল সামাজিক মূল্যবোধ এবং অভিবাসন নিয়ন্ত্রণের দাবি। তাঁর সরকারের যুক্তি, দেশের সামাজিক ও সাংস্কৃতিক কাঠামো অক্ষুণ্ণ রেখে অভিবাসীদের অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু সমালোচকদের বক্তব্য, এ ধরনের নীতি অভিবাসীদের একীভূত করার বদলে তাঁদের আলাদা পরিচয়কে আরও স্পষ্ট করে তুলতে পারে। স্কুলের মতো বহুত্ববাদী প্রতিষ্ঠানে নাগরিকত্বের ভিত্তিতে পড়ুয়াদের শ্রেণিবিন্যাস সে আশঙ্কাকেই বাড়িয়ে দিচ্ছে।  এখানে আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ। বিদেশি পড়ুয়া মানেই যে ভাষাগত ভাবে পিছিয়ে থাকা পড়ুয়া, তা নয়। অনেক অভিবাসী পরিবারের সন্তান ইতালিতেই জন্মায়, সেখানকার ভাষা ও সংস্কৃতির মধ্যে বেড়ে ওঠে, স্থানীয় নাগরিকদের মতোই শিক্ষাব্যবস্থার অংশ হয়ে ওঠে। আবার নতুন আসা কোনো বিদেশি পড়ুয়ার ভাষাগত দুর্বলতা কাটিয়ে উঠতে সময় ও বিশেষ সহায়তার প্রয়োজন হতে পারে। কিন্তু নাগরিকত্বকে কেন্দ্র করে নির্ধারিত ৩০ শতাংশের সীমা এই দুই বাস্তবতাকে কতটা যথাযথ ভাবে বিবেচনা করতে পারবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। শিক্ষা যদি সামাজিক বৈষম্য দূর করার অন্যতম প্রধান মাধ্যম হয়, তা হলে শ্রেণিকক্ষের ভিতরেই বিভাজনের সীমারেখা টেনে দেওয়া কতটা যুক্তিসঙ্গত, সে প্রশ্ন এড়ানো যায় না।

আফগানিস্তান ও ইটালির ঘটনাকে পাশাপাশি রাখলে একটি বিষয় স্পষ্ট হয় — নারীর শরীর, পোশাক ও পরিচয়কে কেন্দ্র করে রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রবণতা বিশ্ব রাজনীতির বিভিন্ন প্রান্তে ভিন্ন ভিন্ন রূপে প্রকাশ পাচ্ছে। আফগানিস্তানে তালিবান শাসনের অধীনে মহিলাদের শিক্ষা, কর্মসংস্থান, চলাফেরা এবং ব্যক্তিগত স্বাধীনতা কার্যত রাষ্ট্রীয় নিষেধাজ্ঞার মুখে। সেখানে নারীর নাম মুছে ফেলার অভিযোগ সেই বৃহত্তর দমননীতিরই একটি নতুন প্রকাশ। অন্যদিকে, ইতালিতে নির্বাচিত সরকারের আনা আইন সাংবিধানিক ও সংসদীয় কাঠামোর মধ্য দিয়ে কার্যকর হচ্ছে।  বিতর্কের কেন্দ্রে রয়েছে ধর্মনিরপেক্ষতার ধারণা। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের দায়িত্ব কি নাগরিককে ধর্মীয় পরিচয়ের প্রভাব থেকে মুক্ত রাখা, না কি নাগরিকের ধর্মীয় পরিচয় প্রকাশের স্বাধীনতাও নিশ্চিত করা? কোনো মহিলা স্বেচ্ছায় নিকাব বা বোরখা পরলে রাষ্ট্র কি তাঁকে সেই পোশাক পরা থেকে বিরত রাখতে পারে? আবার কোনো মহিলা যদি পারিবারিক, সামাজিক কিংবা ধর্মীয় চাপে নির্দিষ্ট পোশাক পরতে বাধ্য হন, তা হলে তাঁর স্বাধীনতা নিশ্চিত করার উপায় কী? দুই প্রশ্নের উত্তর এক নয়। কিন্তু রাষ্ট্র যদি নাগরিকের স্বাধীনতার নামে তাঁর পোশাক নির্বাচনের অধিকারও নিজের হাতে তুলে নেয়, তা হলে ব্যক্তিস্বাধীনতার ধারণাটিই প্রশ্নের মুখে পড়ে।

রাষ্ট্রের কাজ নাগরিককে নিরাপত্তা দেওয়া, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করা, বৈষম্য থেকে রক্ষা করা। কিন্তু সেই দায়িত্ব পালনের নামে নাগরিকের স্বতন্ত্র পরিচয় মুছে দেওয়া কিংবা তাঁর ব্যক্তিগত স্বাধীনতার পরিসর সংকুচিত করা কোনো ভাবেই সুস্থ গণতান্ত্রিক সমাজের লক্ষণ হতে পারে না। আফগানিস্তানে মহিলাদের নাম ফিরিয়ে দেওয়ার দাবি যেমন তাঁদের অস্তিত্বের স্বীকৃতির দাবি, তেমনই ইতালিতে ধর্মীয় পোশাক ও অভিবাসী পড়ুয়াদের অধিকার নিয়ে বিতর্কও বহুত্ববাদী সমাজের ভবিষ্যৎ নির্ধারণের প্রশ্ন। শেষ পর্যন্ত রাষ্ট্রের শক্তি কতটা, তার চেয়েও বড়ো প্রশ্ন—নাগরিকের উপর রাষ্ট্রের অধিকার কতটা হওয়া উচিত?


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!