Advertisement
  • দে । শ
  • নভেম্বর ১৬, ২০২৬

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলায় এবার শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল অভিষেকের, পৃথক আবেদন তৃণমূলেরও

আরম্ভ ওয়েব ডেস্ক
কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলায় এবার শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল অভিষেকের, পৃথক আবেদন তৃণমূলেরও

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলাকে কেন্দ্র করে নতুন করে আইনি জটিলতা তৈরি হল। এবার এই মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করেছেন তিনি। পাশাপাশি, তাঁর দলের তরফেও পৃথকভাবে আবেদন জানানো হয়েছে। মামলার শুনানিতে তাদের বক্তব্য যাতে শোনা হয়, সেই আর্জি জানানো হয়েছে সুপ্রিম কোর্টের কাছে।

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলায় সম্প্রতি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। পুরভোট ঘোষণার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছেন বিচারপতি। আদালতের স্পষ্ট নির্দেশ, সিঙ্গল বেঞ্চে ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কলকাতা পুরসভার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা যাবে না।

হাই কোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। পুর ও নগরোন্নয়ন দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিবের তরফে শীর্ষ আদালতে মামলা দায়ের করা হয়েছে। সূত্রের খবর, খুব শীঘ্রই এই মামলার শুনানি হতে পারে। সেই শুনানিতে যাতে একতরফাভাবে কোনও নির্দেশ দেওয়া না হয় এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য শোনা হয়, তা নিশ্চিত করতেই ক্যাভিয়েট দাখিল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই দাবি জানিয়ে পৃথক আবেদন করেছে তৃণমূলও। তাদের আর্জি, আপাতত কলকাতা হাই কোর্টের নির্দেশ বহাল রাখা হোক।

অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক—এই পরিচয় তাঁকে এবং তাঁর দলকে আইনগতভাবে একই সত্তায় পরিণত করে না । ব্যক্তি হিসেবে অভিষেক এবং রাজনৈতিক দল হিসেবে তৃণমূল পৃথকভাবে নিজেদের আইনগত স্বার্থ রক্ষার জন্য আদালতে ক্যাভিয়েট দাখিল করতে পারেন । একই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের পৃথক ক্যাভিয়েট দাখিল আইনত নিষিদ্ধ নয় । কিন্তু দুটি আবেদনের স্বতন্ত্র আইনগত ভিত্তি রয়েছে কি না, সেটাই বিচার্য । সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ক্যাভিয়েট দাখিল করা মানেই মামলার মূল পক্ষ হয়ে যাওয়া নয় । এর অর্থ হল, সংশ্লিষ্ট বিষয়ে আদালত কোনও নির্দেশ দেওয়ার আগে ক্যাভিয়েটকারীকে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার আইনি অধিকার সুরক্ষিত করা । এই অধিকার সুরক্ষিত করতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কালীঘাট তৃণমূল আলাদা ভাবে আবেদন করেছেন বলে আইনজীবীদের অভিমত ।

প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতার পালাবদলের পর কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেয় সরকার। সেই পরিকল্পনা অনুযায়ী, কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার প্রক্রিয়া শুরু হয়। তবে শুরু থেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছিল বিরোধী রাজনৈতিক দলগুলি। পরবর্তীকালে বিষয়টি নিয়ে আইনি লড়াই শুরু হয় কলকাতা হাই কোর্টে।

ওয়ার্ড পুনর্বিন্যাসের বৈধতা ও প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া মামলায় আদালতে দাবি ওঠে, আগে পুনর্বিন্যাস সংক্রান্ত বিতর্কের নিষ্পত্তি করতে হবে, তার পরেই পুরসভা নির্বাচন করা উচিত। সেই প্রেক্ষিতেই হাই কোর্ট জানিয়ে দেয়, সিঙ্গল বেঞ্চে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোটের দিন ঘোষণা করা যাবে না।

এদিকে, রাজ্যের একাধিক পুরসভা ও পুরনিগমে দীর্ঘদিন ধরে নির্বাচন বকেয়া রয়েছে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বেশ কয়েকটি পুরবোর্ডের মেয়াদ শেষ হয়েছে বা বোর্ড ভেঙে গিয়েছে। বর্তমানে সেই সব পুরসভার দায়িত্ব সামলাচ্ছেন প্রশাসকরা। ফলে নিয়মিত নির্বাচিত বোর্ড না থাকায় নাগরিক পরিষেবা পরিচালনা নিয়েও প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে দ্রুত পুরসভাগুলিতে নির্বাচন করাতে চাইছিল রাজ্য সরকার।

এরই মধ্যে শোনা যাচ্ছিল, নভেম্বরের শেষের দিকে কলকাতা-সহ পুরসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে। কিন্তু হাই কোর্টের সাম্প্রতিক নির্দেশের পর সেই সম্ভাবনা আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে।

এবার রাজ্যের দায়ের করা মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করে নিজেদের বক্তব্য শোনার দাবি জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের তরফেও একই ধরনের আবেদন জানানো হয়েছে। ফলে কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস ও পুরভোট নিয়ে আইনি লড়াই এবার কোন দিকে এগোয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!