Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • নভেম্বর ১৮, ২০২৬

বুধেও উত্তপ্ত বইপাড়া ! এবিভিপির বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ, ব্যারিকেড ভেঙে ধস্তাধস্তি

আরম্ভ ওয়েব ডেস্ক
বুধেও উত্তপ্ত বইপাড়া ! এবিভিপির বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ, ব্যারিকেড ভেঙে ধস্তাধস্তি

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বইয়ের স্টল ঘিরে এসএফআই এবং এবিভিপির সংঘাত। মঙ্গলবারের অশান্তির রেশ কাটতে না কাটতেই বুধবার সকালে ফের উত্তপ্ত হয়ে উঠল কলেজ স্ট্রিট। বামপন্থী ছাত্র সংগঠন এসএফআইয়ের বুকস্টলের ঠিক সামনেই এদিন পাল্টা বইয়ের স্টল বসানোর উদ্যোগ নেয় এবিভিপি। তা নিয়েই দু–পক্ষের মধ্যে শুরু হয় বচসা, স্লোগান-পাল্টা স্লোগান আর ধস্তাধস্তি। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ব্যারিকেড তৈরি করলেও তা ভেঙে এসএফআইয়ের স্টলের দিকে এগোনোর চেষ্টা করেন এবিভিপি কর্মী-সমর্থকেরা। তাঁদের বাধা দিতে গিয়ে পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি হয়। সংঘাতের জেরে ফের অবরুদ্ধ হয়ে পড়ে কলেজ স্ট্রিটের একাংশ।

বুধবার সকাল থেকেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনের এলাকায় ছিল চাপা উত্তেজনা। মঙ্গলবারের নির্ধারিত জায়গা থেকে কিছুটা সরে নতুন করে অস্থায়ী বইয়ের স্টল তৈরি করে এসএফআই। সংগঠনের তরফে জানানো হয়েছিল, সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে সিপিএমের প্রবীণ নেতা বিমান বসুর। এ দিন সকাল থেকেই এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন ছিল। স্টল ঘিরে গার্ডরেল বসিয়ে নিরাপত্তার ব্যবস্থা করা হয়। তবে পুলিশের অনুমতি নিয়েই নতুন করে স্টল বসানো হয়েছে কি না, তা স্পষ্ট নয়।  এর মধ্যেই সকাল ১১টা নাগাদ পাল্টা বইয়ের স্টল বসানোর দাবি জানাতে শুরু করেন এবিভিপি সদস্যেরা। তাঁদের বক্তব্য, এসএফআই যদি কলেজ স্ট্রিটে বই বিক্রি করতে পারে, তা হলে তাঁরাও একই জায়গায় বইয়ের পসরা সাজাবেন। ১১টা নাগাদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে টেবিল, বেঞ্চ বার করে এনে রাস্তায় স্টল তৈরির উদ্যোগ নেন এবিভিপি কর্মীরা। তাঁদের হাতে ছিল কয়েকটি বই। তার মধ্যে আরএসএসের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ার, সংগঠনের প্রাক্তন প্রধান মাধব সদাশিবরাও গোলওয়ালকর এবং নারী সম্পর্কিত একটি বই ছিল। পাশাপাশি আনা হয়েছিল ছাত্র-যুব সমাবেশের ব্যানারও।

এবিভিপির নেতৃত্বের দাবী, তাঁরাও বই বিক্রির অনুমতি চেয়ে পুলিশের সঙ্গে কথা বলছেন। এসএফআই যদি এখানে বই বিক্রি করে, তা হলে তাঁরাও বুকস্টল করবেন। এসএফআইয়ের বইয়ের সম্ভার নিয়েও আপত্তি জানিয়ে সংগঠনটির দাবি, ইতিহাসের বই বিক্রির নামে কী ধরনের বক্তব্য তুলে ধরা হচ্ছে, তা নিয়ে তাঁদের আপত্তি রয়েছে। এসএফআইকে অনুমতিপত্র দেখানোর দাবিও তুলেছেন তাঁরা। তাঁদের আরও দাবি, কলেজ স্ট্রিটে বই বিক্রির বিষয়ে পুলিশকে আগেই অবহিত করা হয়েছে। এর পরেই দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়তে থাকে। এবিভিপি সদস্যদের বিরুদ্ধে এসএফআইয়ের স্টলে ভাঙচুরের চেষ্টা এবং ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে। এসএফআইয়ের দাবি, মার্ক্স ও লেনিনের বই রাস্তায় ছুড়ে ফেলা হয়। পাল্টা এবিভিপি সদস্যেরা স্লোগান দিতে থাকেন। তাঁদের বক্তব্য, রাষ্ট্রবিরোধী আদর্শের প্রচার তাঁরা হতে দেবেন না।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় দু–পক্ষের মাঝখানে ব্যারিকেড তৈরি করে পুলিশ। গার্ডরেল দিয়ে আলাদা করে রাখা হয় দুই সংগঠনের কর্মী-সমর্থকদের। কিন্তু তাতেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুলিশের ব্যারিকেড সরিয়ে এসএফআইয়ের স্টলের দিকে এগোনোর চেষ্টা করেন এবিভিপি সদস্যেরা। তাঁদের আটকাতে গেলে পুলিশকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। সে সময় ধাক্কাধাক্কির মধ্যে এসএফআইয়ের এক সদস্য মাটিতে পড়ে যান বলে অভিযোগ। তাঁকে দ্রুত উদ্ধার করা হয়। অন্যদিকে, নিজেদেরও বইয়ের স্টল বসাতে দিতে হবে, এ দাবিতে রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবিভিপি কর্মীরা।  

উল্লেখ্য, কলেজ স্ট্রিটে বইয়ের স্টল ঘিরে সংঘাতের সূত্রপাত মঙ্গলবার। সিপিআইএমের উদ্যোগে এবং এসএফআইয়ের আয়োজনে মহাবোধি সোসাইটির সামনে তিন দিনের জন্য একটি ‘মিনি বইমেলা’র পরিকল্পনা করা হয়েছিল। অভিযোগ, পুলিশের অনুমতি থাকা সত্ত্বেও স্টল তৈরির কাজে বাধা দেওয়া হয়। এর পরেই কলেজ স্ট্রিটের ট্রামলাইনের উপর বই সাজিয়ে বসেন এসএফআই সদস্যেরা। পুলিশ তা সরিয়ে দিতে গেলে দু–পক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়। দিনভর চলে বিক্ষোভ, ধস্তাধস্তি। এসএফআইয়ের অভিযোগ, পুলিশের হাতে আক্রান্ত হন তাঁদের কর্মীরা। আটক করা হয় সংগঠনের রাজ্য সম্পাদক-সহ একাধিক নেতৃত্বকে।  মঙ্গলবারের ঘটনার প্রতিবাদেই বুধবার ফের স্টল বসানোর উদ্যোগ নেয় এসএফআই। সংগঠনের সদস্যদের প্রশ্ন, মঙ্গলবার অনুমতি থাকা সত্ত্বেও তাঁদের বই বিক্রি করতে দেওয়া হয়নি, এমনকি নেতাদের আটক করা হয়েছিল।

অথচ বুধবার একই এলাকায় এবিভিপি সদস্যেরা পাল্টা স্টল বসানোর চেষ্টা করলেও তাঁদের বিরুদ্ধে একই রকম পদক্ষেপ করা হচ্ছে না কেন? পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে বাম ছাত্র সংগঠন। তাদের অভিযোগ, মঙ্গলবার স্টল সরাতে পুলিশকে যতটা সক্রিয় দেখা গিয়েছিল, বুধবার এবিভিপির সদস্যদের বাধা দেওয়ার ক্ষেত্রে সেই তৎপরতা দেখা যায়নি। বরং পুলিশের সামনেই ব্যানার ছেঁড়া এবং বই ছুড়ে ফেলার মতো ঘটনা ঘটেছে বলে দাবি এসএফআইয়ের। অন্যদিকে, এবিভিপির দাবি, কলেজ স্ট্রিটে এসএফআইয়ের মতো তাদেরও বই বিক্রির অধিকার রয়েছে। পুলিশ জানিয়েছে, ওই এলাকায় স্টল বসানোর জন্য এবিভিপি প্রয়োজনীয় অনুমতি পায়নি। ফলে তাদের সেখানে বসতে দেওয়া সম্ভব নয়। এবিভিপি সদস্যেরা নিজেদের দাবিতে অনড়। ফলে, কলেজ স্ট্রিটের বইয়ের পসরা ঘিরে কার্যত রাজনৈতিক আদর্শের সংঘাতের চেহারা নিয়েছে ধারাবাহিক ঘটনাপ্রবাহ। বামপন্থী ও প্রগতিশীল সাহিত্যের বিপরীতে জাতীয়তাবাদী বইয়ের সম্ভার নিয়ে পাল্টা উপস্থিতি জানান দিতে চাইছে এবিভিপি। আর সেই অধিকার ও অনুমতির প্রশ্নেই দু–পক্ষের সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। বইপাড়ায় রাজনৈতিক সংঘর্ষের জেরে বুধবারও ব্যাহত হচ্ছে কলেজ স্ট্রিটের স্বাভাবিক জনজীবন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!