Advertisement
  • দে । শ
  • আগস্ট ৩, ২০২৩

অবৈধ খননের অভিযোগে বিজেপি সাংসদ ব্রিজ ভূষণের বিরুদ্ধে তদন্ত

আরম্ভ ওয়েব ডেস্ক
অবৈধ খননের অভিযোগে বিজেপি সাংসদ ব্রিজ ভূষণের বিরুদ্ধে তদন্ত

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্তার পর আবার আইনি সমস্যায় পড়লেন ভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন প্রেসিডেন্ট তথা উত্তর প্রদেশের কেশরগঞ্জের বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং। অবৈধ বালি খনন এবং খনিজ সম্পদ বিক্রি করে সর্যু নদীর ক্ষতি করার অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল।
বুধবার জাতীয় গ্রিন ট্রাইব্যুনালের প্রধান বেঞ্চ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড, ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা, উত্তরপ্রদেশ দূষণ নিয়ন্ত্রণ বোর্ড ও গোন্ডার জেলা শাসকের সমন্বয়ে একটা যৌথ তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে এক সপ্তাহের মধ্যে বৈঠক করতে বলা হয়েছে। জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল ডাকযোগে প্রাপ্ত একটা অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছে। বিচারপতি অরুণ কুমার ত্যাগী এবং ড:‌ এ সেন্থিল ভেলের সমন্বয়ে গঠিত দিল্লির জাতীয় গ্রিন ট্রাইব্যুনালের প্রধান বেঞ্চ ২ আগস্ট তার আদেশে এই নির্দেশ দিয়েছে।
জাতীয় গ্রিন ট্রাইব্যুনালের অভিযোগ, কেশর গঞ্জের সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং, মাঝারথ, জৈতপুর, নবাবগঞ্জ, তহসিল তরবগঞ্জ, জেলা গোন্ডা গ্রামে অবৈধ খনন এবং উত্তোলিত খনিজসম্পদ ওভারলোড ট্রাকে অবৈধভাবে পাচার করেছেন। প্রতিদিন ৭০০–র বেশি ট্রাকে এবং প্রায় ২০ লক্ষ ঘনমিটার পরিমাপের খনিজ সম্পদ বেআইনিভাবে বিক্রি করেছেন এবং ওভারলোড ট্রাকে বহন করার জন্য পাটপার গঞ্জ ব্রিজ এবং রাস্তার ক্ষতি হয়েছে।
যৌথ কমিটি এলাকা পরিদর্শ করবে এবং যে ব্যক্তি অভিযোগ জানিয়েচেন, তাঁর সাথে যোগাযোগ করবে। একই সঙ্গে প্রকল্পের প্রবক্তা অর্থাৎ ব্রিজ ভূষণ সিং–এর কোম্পানির সাথে যোগাযোগ করবে বলে মনে করা হচ্ছে। ২ মাসের মধ্যে যৌথ কমিটিকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এর আগে খুনের চেষ্টা, দাঙ্গা, জমি মাফিয়ার সঙ্গে সংযোগ এবং অন্যান্য গুরুতর অভিযোগসহ ৩৮ টিরও বেশি ফৌজদারি মামলার সম্মুখীন হয়েছেন ব্রিজ ভূষণ শরণ সিং। তবে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে তাঁর দায়ের করা হলফনামা অনুসারে তাঁকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!