Advertisement
  • দে । শ
  • মার্চ ৬, ২০২৬

জন্মহার বাড়াতে নয়া নীতি চন্দ্রবাবুর

আরম্ভ ওয়েব ডেস্ক
জন্মহার বাড়াতে নয়া নীতি চন্দ্রবাবুর

দুই সন্তানের মধ্যে পরিবার সীমাবদ্ধ রাখার প্রচলিত নীতির বিপরীতে এবার সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটছে অন্ধ্র সরকার । রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু জনসংখ্যা বৃদ্ধিকে উৎসাহিত করতে একটি নতুন নীতি আনতে চলেছেন, যেখানে অন্তত তিন সন্তান নেওয়ার জন্য দম্পতিদের বিশেষ সুবিধা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে ।

প্রস্তাবিত এই নীতিতে বলা হয়েছে, কোনও দম্পতির তৃতীয় সন্তান জন্মালে অন্ধ্রপ্রদেশ সরকার তাদের এককালীন ২৫ হাজার টাকা ‘পুরস্কার’ দেবে। শুধু তাই নয়, ওই তৃতীয় সন্তানের ১৮ বছর বয়স পর্যন্ত শিক্ষার সমস্ত খরচ বহন করবে সরকার। পাশাপাশি তিন সন্তান নেওয়া দম্পতিদের জন্য বিশেষ ছুটির ব্যবস্থাও রাখা হতে পারে । সন্তানধারণে সমস্যা থাকলে কম খরচে আইভিএফ-সহ অন্যান্য চিকিৎসা সহায়তাও দেওয়ার পরিকল্পনা রয়েছে ।

এই নতুন জনসংখ্যা নীতির খসড়া ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু । তাঁর বক্তব্য, মার্চ মাসের মধ্যেই নীতিটি চূড়ান্ত করা হবে এবং এপ্রিল থেকেই তা কার্যকর করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, “আমরা একটি অভিনব পদ্ধতির কথা ভেবেছি। সন্তানের জন্মের সময়ই এই অর্থ দেওয়া হবে। এই প্রকল্প পরিস্থিতি বদলে দিতে পারে ।”
উল্লেখযোগ্য বিষয় হল, এক সময় যখন দেশে জনসংখ্যা দ্রুত বাড়ছিল, তখন দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে কঠোরভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছিল । সেই নীতির ফলও পাওয়া যায়—বর্তমানে দক্ষিণ ভারতের বেশিরভাগ রাজ্যে জন্মহার জাতীয় গড়ের তুলনায় অনেক কম ।

বর্তমানে ভারতে মহিলাপিছু গড় প্রসবের হার প্রায় ২.১১ । সেখানে অন্ধ্রপ্রদেশে এই হার মাত্র ১.৫ । এই পরিস্থিতি ভবিষ্যতে জনসংখ্যার ভারসাম্যে প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু ।

তিনি উদাহরণ হিসেবে জাপান এবং দক্ষিণ কোরিয়ার কথা উল্লেখ করেছেন। এই দেশগুলিতে মানুষের গড় আয়ু বাড়লেও জন্মহার দীর্ঘদিন ধরে কম থাকায় বয়স্ক মানুষের সংখ্যা দ্রুত বেড়েছে এবং তরুণ জনসংখ্যা কমে গেছে । এর ফলে শ্রমশক্তি কমে যাওয়া এবং অর্থনীতিতে চাপ পড়ার মতো সমস্যার সৃষ্টি হয়েছে ।

এই পরিস্থিতি থেকে শিক্ষা নিয়েই ভবিষ্যতে জনসংখ্যার ভারসাম্য বজায় রাখতে আগেভাগেই উদ্যোগ নিতে চাইছে অন্ধ্রপ্রদেশ সরকার । নতুন তিন সন্তান নীতি বাস্তবায়িত হলে এটি দেশের প্রথম এ ধরনের জনসংখ্যা বৃদ্ধিমুখী সরকারি উদ্যোগ হতে পারে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!