- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ৬, ২০২৫
তিহার জেলে আক্রান্ত বারামুল্লার সাংসদ ইঞ্জিনিয়ার, প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তার আবেদন রশিদ-পুত্রের
দিল্লির তিহার জেলে আক্রান্ত জম্মু-কাশ্মীরের বারামুল্লার জেলবন্দি সাংসদ ইঞ্জিনিয়ার রশিদ। অভিযোগ, জেল নম্বর ৩-এ তৃতীয় লিঙ্গের বন্দিদের সঙ্গে বিবাদের জেরে তাঁর উপর চড়াও হন কয়েক জন। ঘটনার জেরে ফের একবার দেশজুড়ে প্রশ্ন উঠেছে, জেলের ভিতরে আসামীদের নিরাপত্তা কতটা সুনিশ্চিত? বিশেষত, কোনো নির্বাচিত সাংসদের ক্ষেত্রেও যদি এরকম ঘটনা ঘটে, তবে বাকিদের নিরাপত্তা কোথায়?
তিহার জেল সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগেই ওই সেলে থাকা ৩ জন তৃতীয় লিঙ্গের বন্দির সঙ্গে কোনো একটি বিষয় নিয়ে রশিদের বচসা হয়। শুক্রবার সে বিবাদের জেরেই তাঁর উপর আচমকা চড়াও হন অভিযুক্তরা। যদিও, জেল কর্তৃপক্ষ জানিয়েছে, গুরুতর কোনো আঘাত পাননি রশিদ। তবে ‘হত্যার চক্রান্ত’-এর অভিযোগও উড়িয়ে দিয়েছেন কারা আধিকারিকেরা। অন্য দিকে, ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন রশিদের ছেলে আব্রার রশিদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আবেদন জানিয়ে তিনি বলেন, ‘এই হামলা শুধু আমার বাবার বিরুদ্ধে নয়, তিহার জেলে থাকা সমস্ত কাশ্মীরি বন্দিদের উপরও হুমকি স্বরূপ। একজন নির্বাচিত সংসদ সদস্যকে যদি নিরাপদে রাখা না যায়, তবে এটা গোটা ব্যবস্থারই ব্যর্থতা।’
রশিদের দল আওয়ামী ইত্তেহাদ পার্টির দাবি, জেলে কাশ্মীরি বন্দিদের সঙ্গে এক উদ্দেশ্যপ্রণোদিত পরিকল্পনায় তৃতীয় লিঙ্গের মানুষ ও গ্যাংস্টার বন্দিদের রাখা হচ্ছে, যাঁরা প্রায়শই হেনস্তা, ব্ল্যাকমেল এবং অর্থ আদায়ের চেষ্টা করেন। দলের আরো অভিযোগ, অভিযুক্তদের মধ্যে কয়েক জন এইচআইভি পজিটিভ বলেও জানতে পেরেছেন তাঁরা।
প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে জেলে রয়েছেন বারামুল্লার সাংসদ ইঞ্জিনিয়ার রশিদ। তাঁকে সন্ত্রাসে অর্থ জোগানোর অভিযোগ মামলায় গ্রেফতার করেছিল জাতীয় তদন্ত সংস্থা। ২০১৭-র মামলায় তাঁর বিরুদ্ধে ইউএপিএ-সহ একাধিক ধারায় অভিযোগ গঠন হয়। চার্জশিটে বলা হয়, তিনি কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিকে বহু সময়ে অর্থ সাহায্য করেছেন। তবে সে সমস্ত অভিযোগের মধ্যেই এ বছরের লোকসভা নির্বাচনে কাশ্মীরের বারামুল্লা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন রশিদ। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। নির্বাচনে জয়ের পরও রশিদ এখনো বন্দি। যদিও সম্প্রতি তাঁকে নির্বাচনী প্রচারের জন্য অস্থায়ী জামিন দেওয়া হয়েছিল।
❤ Support Us







