- এই মুহূর্তে স | হ | জ | পা | ঠ
- নভেম্বর ১১, ২০২৫
চিনের ‘ব্রিকস স্কিলস’ প্রতিযোগিতায় আবারও বাংলার জয়জয়কার ! সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃতিত্বে উজ্জ্বল দেশের মুখ
চিনের মাটিতে অনুষ্ঠিত ব্রিকস স্কিলস প্রতিযোগিতা ২০২৫-এ ভারতীয় শিক্ষার্থীরা বিশ্বমঞ্চে নজর কেড়েছেন। ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন ও দক্ষিণ আফ্রিকার তরুণ উদ্ভাবক ও পেশাজীবীদের অংশগ্রহণে আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতার মূল লক্ষ্য, প্রযুক্তিগত দক্ষতা, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং আন্তঃসাংস্কৃতিক সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক উৎকর্ষ সাধন করা। ২ থেকে ৬ নভেম্বর অনুষ্ঠিত এই ইভেন্টে ‘ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ভিজ্যুয়ালাইজেশন’ বিভাগে বিভিন্ন দেশের প্রতিনিধিত্বকারী মোট ২৩৭ জন প্রতিযোগী অংশ নেন। সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের মেধা ও দক্ষতার প্রমাণ দিয়ে আরো একবার গোটা দেশকে গর্বিত করেছেন।
অফলাইন বিভাগে স্নেহা কুণ্ডু প্রথম স্থান অর্জন করেন। দ্বিতীয় স্থান জিতে নেন শিবম মণ্ডল। অন্যদিকে অনলাইন বিভাগে দ্বিতীয় পুরস্কার অর্জন করেছেন তুনীর অধিকারী ও সৈকত প্রধান তৃতীয় স্থান পেয়েছেন অহনা দাসগুপ্ত। শিক্ষকদের দিকনির্দেশনা ও পরামর্শও এই সাফল্যের একটি বড়ো কারণ বলে জানাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিস্টার নিবেদিতার অধ্যাপক ড. ইন্দ্রনীল সরকার এবং ড. সায়নী মণ্ডল ‘এক্সেলেন্ট এক্সপার্ট’ সম্মানে ভূষিত হয়েছেন। তবে এই প্রথম নয়, গত বছরেও ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন ২০২৪’-এ সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অসাধারণ প্রতিভা প্রদর্শন করে দেশকে গর্বিত করেছেন। অফলাইন বিভাগে সৌমেধিক ভারতী দ্বিতীয় পুরস্কার জয় করেন, এবং জিষ্ণু বরুয়া অর্জন করেন তৃতীয় পুরস্কার। অনলাইন বিভাগেও তাঁদের সাফল্যের ধারাবাহিকতা দেখা যায়— ঐশিতা কুণ্ডু দ্বিতীয় স্থান অধিকার করেন।
সফল শিক্ষার্থীরা জানিয়েছেন, এই অর্জন তাদের কঠোর পরিশ্রমের ফল। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, শিক্ষাদর্শনের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের কেবল পাঠ্যক্রমের জ্ঞান নয়, বাস্তব উদ্ভাবন এবং আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের জন্য প্রস্তুত করা। বিশ্বমানের এই সাফল্য শুধুমাত্র বিশ্ববিদ্যালয় নয়, ভারতের তরুণ প্রযুক্তিবিদদের ক্রমবর্ধমান সক্ষমতারও প্রতিফলন। দেশজুড়ে শিক্ষার্থীদের এই সাফল্য উদযাপিত হচ্ছে। গোটা ভারত আজ গর্বিত এই অর্জন দেখে—প্রমাণ হলো, মন থেকে চেষ্টা করলে সীমানা কোনো বাধা নয়।
❤ Support Us







