- এই মুহূর্তে দে । শ
- জুন ১৬, ২০২৬
রি-নিটের আগে টেলিগ্রামে কড়াকড়ি, কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত এনটিএর
২১ জুন-এর নিট -ইউজি ২০২৬ র -আবার পরীক্ষার আগে পরীক্ষাসংক্রান্ত জালিয়াতি ও ভুয়ো তথ্য ছড়ানো রুখতে টেলিগ্রাম অ্যাপের উপর সাময়িক বিধিনিষেধ আরোপ করেছে কেন্দ্র সরকার। এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।
সোমবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি এক বিবৃতিতে জানায়, তাদের সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক ২২ জুন পর্যন্ত ভারতে টেলিগ্রামে প্রবেশাধিকার সাময়িকভাবে সীমিত করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি, ৩০ জুন পর্যন্ত ভারতে টেলিগ্রামের ‘মেসেজ এডিট’ ফিচারও নিষ্ক্রিয় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র মতে, সংগঠিত প্রতারণা চক্রগুলি টেলিগ্রাম ব্যবহার করে প্রশ্নপত্র ফাঁসের ভুয়ো দাবি ছড়ানো, পরীক্ষার্থীদের বিভ্রান্ত করা এবং অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। রি-নিট পরীক্ষার আগে এই ধরনের অপপ্রচার ও প্রতারণা ঠেকাতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এজেন্সি আরও জানিয়েছে, পরীক্ষার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে সরকার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলি একযোগে কাজ করছে। পরীক্ষার্থীদের শুধুমাত্র সরকারি সূত্র থেকে তথ্য সংগ্রহ করার পরামর্শও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, নিট -ইউজি ২০২৬ পরীক্ষাকে ঘিরে গত কয়েক বছর ধরে প্রশ্নপত্র ফাঁস, সলভার চক্র এবং অনিয়মের অভিযোগ বারবার সামনে এসেছে। বিশেষ করে ২০২৪ সালের নিট -ইউজি বিতর্কের পর পরীক্ষার নিরাপত্তা ও পরিচালনা নিয়ে দেশজুড়ে তীব্র সমালোচনা দেখা দেয়। সেই প্রেক্ষাপটে কেন্দ্র সরকার ও ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরীক্ষা ব্যবস্থায় একাধিক সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। এবার রি-নিটের আগে টেলিগ্রামের উপর সাময়িক বিধিনিষেধ আরোপকে সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই দেখা হচ্ছে, যাতে কোনও ধরনের ভুয়ো প্রশ্নপত্র, গুজব বা সংগঠিত জালিয়াতি পরীক্ষার স্বচ্ছতাকে প্রভাবিত করতে না পারে।
❤ Support Us








