Advertisement
  • এই মুহূর্তে স | হ | জ | পা | ঠ
  • নভেম্বর ১২, ২০২৫

মহাশূন্যে কৃত্রিম উপগ্রহদের সংঘর্ষের সম্ভাবনা! পরিস্থিতি মোকাবিলায় ইতিহাসে প্রথমবার একসঙ্গে চিন এবং নাসা

আরম্ভ ওয়েব ডেস্ক
মহাশূন্যে কৃত্রিম উপগ্রহদের সংঘর্ষের সম্ভাবনা! পরিস্থিতি মোকাবিলায় ইতিহাসে প্রথমবার একসঙ্গে চিন এবং নাসা

পৃথিবীর কক্ষপথে ক্রমশ জনবহুল হচ্ছে লোয়ার আর্থ অরবিট। একদিকে স্পেসএক্সের স্টারলিঙ্ক নেটওয়ার্ক, অন্যদিকে চিনের গুওওয়াং ও থাউজ্যান্ড সেলস মেগা কনস্টেলেশন। প্রবল এই ভিড়ের মাঝে সংঘর্ষের সম্ভাবনা বেড়ে চলেছে। ঠিক এই প্রেক্ষাপটে ইতিহাস গড়ল চিন ও নাসা। প্রথমবারের মতো চিনের ন্যাশনাল স্পেস এজেন্সি সরাসরি নাসার সঙ্গে যোগাযোগ করে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে নিজেদের স্যাটেলাইট স্থানান্তরের প্রস্তাব দিয়েছে।

নাসার স্পেস সাস্টেইনিবিলিটি ডিরেক্টর আলভিন এ ঘটনার কথা তুলে ধরে বলেন, ‘আমরা প্রতি বার যখন কৃত্রিম উপগ্রহদের মধ্যে কোনো সংঘর্ষের সম্ভাবনা দেখতাম, নাসা-ই চিনকে সে খবর জানাতো, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাতো। কিন্তু এবার পুরো পরিস্থিতি উল্টো হয়েছে। এবার চিন আমাদের জানিয়েছে, ‘আমরা সংঘর্ষের সম্ভাবনা দেখছি।’ এটি প্রযুক্তির ইতিহাসে প্রথমবারের মতো ঘটেছে। এটি কেবল একটি প্রযুক্তিগত পদক্ষেপ নয়, বরং আন্তর্জাতিক মহাকাশ নিরাপত্তার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা।’ বিশ্বের মহাকাশ সংস্থাগুলোর কাছে এটি উদযাপনের মতো ঘটনা। এর মধ্য দিয়ে চিন প্রমাণ করল যে, তাদের স্পেস সিচুয়েশনাল আওয়ারনেস আন্তর্জাতিক মানের সঙ্গে তুলনীয় পর্যায়ে পৌঁছেছে। এটি স্পষ্ট করে যে, মহাকাশে কেবল উচ্চাকাঙ্ক্ষা বা উৎক্ষেপণ ক্ষমতা নয়, নিরাপদ ও দায়িত্বশীল কৌশলও সমান গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, গত কয়েক বছরে পৃথিবীর লোয়ার আর্থ অরবিটে স্যাটেলাইটের সংখ্যা ক্রমশ বাড়ছে। প্রতিটি নতুন স্যাটেলাইটের সঙ্গে বৃদ্ধি পাচ্ছে সংঘর্ষের ঝুঁকি, এবং স্যাটেলাইট সংঘর্ষ থেকে তৈরি হওয়া শক্তির প্রভাব পৃথিবীর কক্ষপথকে আরো বিপজ্জনক করে তুলছে। সেই সঙ্গে, মহাকাশে ‘স্পেস জাঙ্ক’ নিয়ন্ত্রণ ও অপসারণের গুরুত্ব দিন দিন বাড়ছে। চিনের কাছেও এটা বড়ো চ্যালেঞ্জ। ২০২২ সালের ‘স্পেস হোয়াইট পেপার’-এ চিন ‘স্পেস জাঙ্ক’ অপসারণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। আর এবার নাসার সঙ্গে যৌথ সহযোগিতা প্রমাণ করল, ড্রাগনের দেশ কেবল মহাকাশ অভিযানেই নয়, নিরাপদ মহাকাশ ব্যবস্থাপনায়ও সক্রিয়।

বিশ্লেষকরা বলছেন, এ ঘটনা প্রমাণ করলো যে, মহাকাশ নিরাপত্তা রাজনৈতিক বিভাজনেরও অনেক উপরে। তথ্য ভাগাভাগি এবং সম্মিলিত পদক্ষেপ সংঘর্ষের ঝুঁকি কমাতে এবং কক্ষপথে নিরাপদ পরিবেশ বজায় রাখতে সহায়ক। এটি শুধু চিন বা আমেরিকার জন্য নয়, পুরো আন্তর্জাতিক মহাকাশ সম্প্রদায়ের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইলো। তবে একাংশের বক্ত্যব্য, চিনের এই পদক্ষেপ কেবল কৌশলগত নয়, তা থেকেই প্রমাণ হয় যে তারা লম্বা দৌড়ের খেলোয়াড়। চাঁদে অবতরণ, মঙ্গল থেকে নমুনা সংগ্রহ, নতুন কনস্টেলেশন স্থাপন—এ সবই ইঙ্গিত দেয় যে চিন এখন প্রযুক্তিগত উৎকর্ষের পাশাপাশি দায়িত্বশীল মহাকাশ নীতি তৈরি করছে। নাসা ও সিএনএসএ-এর এই প্রথম যৌথ সহযোগিতা শুধু সংঘর্ষ প্রতিরোধেই সীমাবদ্ধ নয়, বরং এটি আন্তর্জাতিক মহাকাশ নিরাপত্তা, দায়িত্বশীল স্পেস ট্রাফিক ম্যানেজমেন্ট এবং ভবিষ্যতে আরো গভীর সহযোগিতার পথও প্রশস্ত করছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!