Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ২৬, ২০২৬

বাঁশদ্রোণীর স্কুলে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু ঘিরে তীব্র বিক্ষোভ, গাফিলতির অভিযোগে কাঠগড়ায় স্কুল কর্তৃপক্ষ

আরম্ভ ওয়েব ডেস্ক
বাঁশদ্রোণীর স্কুলে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু ঘিরে তীব্র বিক্ষোভ, গাফিলতির অভিযোগে কাঠগড়ায় স্কুল কর্তৃপক্ষ

শহরের বুকে ফের মর্মান্তিক ঘটনা। দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর মহাঋষি বিদ্যামন্দিরে তৃতীয় শ্রেণির এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল এলাকায়। স্কুলের গাফিলতির কারণেই ওই ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছেন পরিবারের সদস্য ও অভিভাবকরা। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকেই এনএসসি বোস রোডে স্কুলের সামনে বিক্ষোভে সামিল হন বহু অভিভাবক। ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে উত্তাল হয়ে ওঠে এলাকা।

অভিযোগ, গত ১৩ তারিখ স্কুলে যাওয়ার পর থেকেই অসুস্থ বোধ করছিল ওই ছাত্র। সে শিক্ষকদের বিষয়টি জানিয়েছিল বলেও দাবি পরিবারের। কিন্তু তার কথায় গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ। পরিবারের দাবি, অসুস্থ অবস্থাতেও তাকে সব ক্লাস করতে বাধ্য করা হয়। পরে স্কুল ছুটির সময় অসুস্থ শরীরেই স্কুলব্যাগ নিয়ে সিঁড়ি দিয়ে নামতে বলা হলে সে পড়ে যায় এবং জ্ঞান হারায়।

এরপর তাকে গুরুতর অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গত রবিবার তার মৃত্যু হয়। ছাত্রের মৃত্যুর পর থেকেই ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা। তাঁদের অভিযোগ, ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ পরিবারকে সঠিকভাবে কিছু জানায়নি এবং গোটা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে।

বিক্ষোভরত এক অভিভাবক বলেন, “আমাদের একটাই দাবি—প্রিন্সিপাল এবং স্কুল ম্যানেজমেন্ট সামনে আসুক। এত বড় ঘটনা ঘটল, একটা মায়ের কোল খালি হয়ে গেল, অথচ সকাল থেকে স্কুল কর্তৃপক্ষের কাউকে দেখা যাচ্ছে না। আমরা সিসিটিভি ফুটেজ দেখতে চাই। সত্যিটা সামনে আনতে হবে। পুরো স্কুল কর্তৃপক্ষের পরিবর্তন চাই।”

অন্য এক অভিভাবকের বক্তব্য, “আমরা এই সিস্টেম আর মানতে পারছি না। স্কুল কর্তৃপক্ষের গাফিলতির কারণেই আজ বাচ্চাটার মৃত্যু হয়েছে। আমরা প্রিন্সিপালের পদত্যাগ চাই এবং গোটা ব্যবস্থার বদল চাই।”

ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, বাঁশদ্রোণীতে এর আগেও ছাত্রমৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার ঘটনা ঘটেছে। ২০২৪ সালে মহালয়ার সকালে পে-লোডারের ধাক্কায় নবম শ্রেণির এক পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল গোটা এলাকা। সেই ঘটনাতেও দীর্ঘক্ষণ বিক্ষোভ, উত্তেজনা এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!