- বি। দে । শ
- নভেম্বর ১৯, ২০২৬
সত্যজিৎ পর এবার ঋত্বিকের বাড়িতে হাত ! ক্ষোভ সংস্কৃতিকর্মীদের
বাংলাদেশে ফের বিপন্ন বাংলার চলচ্চিত্র ও সংস্কৃতির ইতিহাস। এ বার কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ির একাংশ ভেঙে ফেলার অভিযোগ উঠল। বাংলাদেশের রাজশাহী শহরের ঘোড়ামারা মহল্লার মিঞাপাড়ায় অবস্থিত প্রয়াত পরিচালকের ঐতিহাসিক বাড়ির একটি ঘর ভেঙে ফেলা হয়েছে। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ সূত্রে খবর, শুধু তাই নয়, বাড়ির দেওয়াল ঘেঁষে থাকা একটি বটগাছও কেটে ফেলা হয়েছে।
ঘটনায় বুধবার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সংস্কৃতিকর্মী এবং ‘ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি’র সদস্যেরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঐতিহাসিক বাড়িটি সংরক্ষণের দাবি জানানো হলেও পরিকল্পিত ভাবে সেটি নিশ্চিহ্ন করার চেষ্টা চলছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটের যে ঘরটি ভাঙা হয়েছে, সেখানে আগে পরিচালকের ৯৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছিল। ওই ঘরের দেওয়ালে আঁকা ছিল ঋত্বিক ঘটকের প্রতিকৃতি এবং তাঁর পরিচালিত বিভিন্ন চলচ্চিত্রের নাম। এমনকি চলতি বছরের ৪ নভেম্বরও ওই ঘরেই তাঁর ১০১তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়েছিল।
স্থানীয় সংস্কৃতিকর্মী হাসিবুল হাসনাতের দাবি, ২০২৪ সালের পর থেকে তিন-চার বার বাড়িটি ভেঙে ফেলার চেষ্টা হয়েছে। তাঁর কথায়, ‘‘প্রথমে বড় যন্ত্রপাতি দিয়ে বাড়ির বড় অংশ গুঁড়িয়ে দেওয়া হয়। এর পরে শ্রমিক ও মিস্ত্রি দিয়ে ধীরে ধীরে অবশিষ্ট অংশ ভাঙার চেষ্টা চলছে। আমরা চাই, জায়গাটি সংরক্ষণ করা হোক।’’
‘ঋত্বিক ১০১তম বর্ষপূর্তি উদ্যাপন কমিটি’র সদস্য-সচিব আতিকুর রহমানও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর অভিযোগ, শ্রমিকেরা জায়গাটি পরিষ্কার করার কথা বললেও বাস্তবে সেখানে ভাঙার কাজ চলছিল। পরে তাঁদের বাধা দিয়ে কাজ বন্ধ করানো হয়। রাজশাহী হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ ঐতিহাসিক স্থাপনাটি ধ্বংস করে জমিটি দখলে নেওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেছেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের কাছে ঋত্বিক ঘটকের স্মৃতিবিজড়িত এই বাড়ি সংরক্ষণের আবেদন জানিয়েছেন আতিকুর।
উল্লেখ্য, এর আগেও বাংলাদেশে বাংলার আর এক কিংবদন্তি স্রষ্টা সত্যজিৎ রায়ের পারিবারিক বাড়ির একাংশ ভেঙে ফেলা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। গত বছরের জুলাই মাসে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে ময়মনসিংহ জেলায় সত্যজিৎ রায়ের পারিবারিক বাড়ির একাংশ ভাঙার কাজ শুরু হয়েছিল। তীব্র বিতর্ক ও প্রতিবাদের মুখে পরে সেই কাজ স্থগিত রাখা হয়।
ময়মনসিংহ শহরের হরিকিশোর রায় রোডে অবস্থিত ঐতিহাসিক বাড়িটি একসময় ময়মনসিংহ শিশু অ্যাকাডেমি হিসেবে ব্যবহৃত হত। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর পরিবারের স্মৃতিবিজড়িত এই বাড়িটি ২০০৭ সালের পর থেকে অব্যবহৃত অবস্থায় পড়েছিল। সেই পরিত্যক্ত বাড়ি ভেঙে সেখানে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা নিয়েছিল শিশু অ্যাকাডেমি কর্তৃপক্ষ।
সত্যজিৎ রায়ের পারিবারিক বাড়ি ঘিরে বিতর্কের রেশ কাটতে না কাটতেই এ বার ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটে ভাঙার অভিযোগ সামনে এল। পর পর দুই ঘটনায় বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বাংলার চলচ্চিত্র ইতিহাসের দুই প্রবাদপ্রতিম ব্যক্তিত্বের স্মৃতিবিজড়িত বাড়িগুলির ভবিষ্যৎ কী, এখন সেই দিকেই তাকিয়ে সংস্কৃতিমহল
❤ Support Us






