- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ৭, ২০২৬
তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের বাড়ি-অফিসে ইডির অভিযান, কলকাতা-দিল্লি-রাঁচীতে একসঙ্গে তল্লাশি
তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের বাড়ি ও অফিসে সোমবার সকাল থেকেই তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কলকাতা, দিল্লি এবং রাঁচী— এই তিন শহরে একযোগে অভিযান চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। সব মিলিয়ে আটটি ঠিকানায় তল্লাশি চলছে বলে জানা গিয়েছে। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, অভিযানের আওতায় থাকা প্রতিটি ঠিকানারই নাদিমুল হকের সঙ্গে কোনও না কোনও যোগ রয়েছে।
যদিও ঠিক কোন মামলার সূত্র ধরে এই অভিযান, সে বিষয়ে এখনো ইডির তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, নাদিমুল হক একটি সংবাদপত্রের সঙ্গে যুক্ত এবং সেই সংবাদপত্রকে ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগের সূত্র ধরেই এই তল্লাশি হতে পারে। গত আগস্ট মাসে এই সংক্রান্ত বিষয়ে একটি আর্থিক অনিয়মের অভিযোগ দায়ের হয়েছিল বলেও জানা যাচ্ছে।
সোমবার সকালে কলকাতার পার্ক সার্কাস এলাকার একটি ঠিকানায় প্রথম দফায় ইডির আধিকারিকেরা অভিযান চালান। শহরের আরও দু-টি ঠিকানাতেও তল্লাশি চলছে বলে সূত্রের খবর। পার্ক সার্কাসের যে ঠিকানায় অভিযান চলছে, সেখানে সংশ্লিষ্ট সংবাদপত্রটির একটি দফতর রয়েছে বলে জানা গিয়েছে। ওই দফতরের বাইরে সংবাদপত্রটির একটি হোর্ডিংও রয়েছে। হোর্ডিংয়ে দেওয়া তথ্য অনুযায়ী, উর্দুভাষার ওই সংবাদপত্রটি কলকাতা, দিল্লি, রাঁচী, আসানসোল, শিলিগুড়ি, ভোপাল, লখনউ এবং শ্রীনগর— এই আটটি শহর থেকে প্রকাশিত হয়। সংবাদপত্রটির রেজিস্টার্ড অফিস কলকাতার ১২, দরগা রোডে বলে জানা গিয়েছে।
কলকাতার পাশাপাশি দিল্লিতেও নাদিমুল হকের বাড়ি ও অফিস মিলিয়ে মোট চারটি ঠিকানায় তল্লাশি চলছে। রাঁচীতেও একটি ঠিকানায় অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকেরা। ফলে তিন শহরে একসঙ্গে মোট আটটি জায়গায় এই তল্লাশি অভিযান চলছে বলে সূত্রের খবর। দিল্লির সাউথ অ্যাভিনিউয়ে নাদিমুল হকের যে বাংলো রয়েছে, সেটিও এ অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ ঠিকানা। ওই বাড়ির একটি অংশ বর্তমানে তৃণমূলের কালীঘাট শিবিরের পার্টি অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। কয়েক মাস আগেই দিল্লিতে কালীঘাট শিবিরের দলীয় কার্যালয় নাদিমুল হকের বাংলোর একটি অংশে সরিয়ে আনা হয়েছিল।
এর আগে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের বাংলোর একটি অংশকে তৃণমূলের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করত জোড়াফুল শিবির। তবে দলের মধ্যে বিভাজনের পর গত জুন মাসে কালীঘাট শিবিরের জন্য নতুন কার্যালয় করা হয় রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের বাংলোর একটি অংশে। এ দিন সকাল থেকে তিন শহরে একযোগে চলা ইডির এই তল্লাশি ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তবে অভিযানের নির্দিষ্ট কারণ, মামলার প্রকৃতি এবং তল্লাশিতে কী কী নথি বা তথ্য পাওয়া গিয়েছে, সে বিষয়ে তদন্তকারী সংস্থার তরফে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
❤ Support Us





