Advertisement
  • দে । শ
  • নভেম্বর ১১, ২০২৬

ইপিএফও পেনশন নিয়ে বড়ো সিদ্ধান্ত কেন্দ্রের ! ৭,৫০০ টাকা নয়, ন্যূনতম পেনশন বাড়িয়ে ৩,০০০ টাকা করার ভাবনা, ১৯ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত ?

আরম্ভ ওয়েব ডেস্ক
ইপিএফও পেনশন নিয়ে বড়ো সিদ্ধান্ত কেন্দ্রের ! ৭,৫০০ টাকা নয়, ন্যূনতম পেনশন বাড়িয়ে ৩,০০০ টাকা করার ভাবনা, ১৯ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত ?

ইপিএফও-র (EPFO) পেনশনভোগীদের জন্য আসতে পারে বড় সুখবর । কর্মচারী পেনশন স্কিম (EPS-95)-এর অধীনে ন্যূনতম মাসিক পেনশন ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩,০০০ টাকা করার বিষয়ে সম্মতি জানিয়েছে শ্রমমন্ত্রক । যদিও দীর্ঘদিন ধরে কর্মী সংগঠনগুলির তরফে ন্যূনতম পেনশন ৭,৫০০ টাকা করার দাবি জানানো হচ্ছিল, তবে সেই দাবি আপাতত পূরণ হওয়ার সম্ভাবনা কম। পরিবর্তে ৩,০০০ টাকা করার প্রস্তাবকে মধ্যপন্থা হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে ।

আগামী ১৯ নভেম্বর গুজরাটের গিরে ইপিএফও-র সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের (CBT) ২৪০তম বৈঠক হওয়ার কথা। ওই বৈঠকেই ন্যূনতম পেনশন বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে । সূত্রের খবর, শ্রমমন্ত্রক ইতিমধ্যেই অর্থমন্ত্রকের সঙ্গে আলোচনা করে ন্যূনতম পেনশন ৩,০০০ টাকা করার বিষয়ে সম্মত হয়েছে । তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এবং আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত প্রস্তাবটিকে নিশ্চিত বলে ধরে নেওয়া ঠিক হবে না ।
বর্তমানে কর্মচারী পেনশন স্কিম, ১৯৯৫-এর আওতায় অবসরপ্রাপ্ত কর্মীদের ন্যূনতম মাসিক পেনশনের পরিমাণ মাত্র ১,০০০ টাকা । দীর্ঘদিন ধরে এই অঙ্ক অপরিবর্তিত থাকায় পেনশনভোগীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে । বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, চিকিৎসার খরচ এবং দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় সামাল দিতে এই সামান্য পেনশন যথেষ্ট নয় বলে অভিযোগ উঠেছে ।

চলতি বছরের শুরুতেই শ্রম ও কর্মসংস্থান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি ইপিএফও-র অধীনে ন্যূনতম মাসিক পেনশন বাড়িয়ে ৭,৫০০ টাকা করার সুপারিশ করেছিল । পরবর্তীতে পেনশনভোগী এবং কর্মী সংগঠনগুলির তরফেও ৭,৫০০ টাকা থেকে ৯,০০০ টাকা পর্যন্ত ন্যূনতম পেনশন করার দাবি ওঠে ।

সংসদীয় কমিটির বক্তব্য ছিল, বর্তমান বাজারদরে মাসে মাত্র ১,০০০ টাকা দিয়ে একজন অবসরপ্রাপ্ত কর্মীর মৌলিক চাহিদা পূরণ করা কার্যত অসম্ভব । তবে এক ধাক্কায় পেনশন সাড়ে সাত গুণ বাড়ালে তার বিপুল আর্থিক দায়ভার বহন করা ইপিএফ তহবিল এবং কেন্দ্রীয় সরকারের পক্ষে কঠিন হতে পারে। সেই কারণেই ৭,৫০০ টাকার দাবির পরিবর্তে আপাতত ৩,০০০ টাকা ন্যূনতম পেনশনের প্রস্তাব বিবেচনা করা হচ্ছে বলে খবর ।
ন্যূনতম পেনশন ৩,০০০ টাকা করা হলে ইপিএফও-র আওতাধীন প্রায় ৬০ লক্ষ পেনশনভোগী সরাসরি উপকৃত হতে পারেন । বিশেষ করে প্রবীণ এবং আর্থিকভাবে দুর্বল অবসরপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রে এই বৃদ্ধি কিছুটা হলেও স্বস্তি এনে দিতে পারে ।

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে চিকিৎসা, ওষুধপত্র এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাতে খরচ যেভাবে বাড়ছে, তাতে ১,০০০ টাকার পেনশন দিয়ে জীবনযাপন করা অত্যন্ত কঠিন । সেই তুলনায় মাসিক পেনশন ৩,০০০ টাকা হলে অবসরপ্রাপ্ত কর্মীরা বর্তমান বাজারদরের সঙ্গে কিছুটা হলেও মানিয়ে নিতে পারবেন ।

সব মিলিয়ে, দীর্ঘদিনের দাবি মেনে ইপিএস-৯৫-এর ন্যূনতম পেনশন বৃদ্ধির পথে কেন্দ্র এগোচ্ছে বলে খবর । তবে পেনশন ৩,০০০ টাকা হবে, নাকি অন্য কোনও অঙ্ক চূড়ান্ত হবে, তা জানতে এখন নজর ১৯ নভেম্বরের সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের বৈঠকের দিকে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!