- দে । শ
- নভেম্বর ১১, ২০২৬
আলোকচিত্রী হীরক সেন প্রয়াত
বাংলা চলচ্চিত্র ও আলোকচিত্রের জগতে নেমে এল শোকের ছায়া। প্রয়াত বিশিষ্ট আলোকচিত্রী হীরক সেন। বুধবার সকালে ৭১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এই বর্ষীয়ান আলোকচিত্রী। জীবনের শেষ পর্যায়ে আক্রান্ত হয়েছিলেন অ্যালঝাইমার্স ও ডিমেনশিয়ায়। ক্রমশ অবনতি হচ্ছিল তাঁর শারীরিক অবস্থার। অসুস্থতা এতটাই বেড়ে গিয়েছিল যে, শেষ দিকে পরিচিত মানুষজনকেও চিনতে অসুবিধা হত তাঁর। এমনকি খাওয়াদাওয়াও প্রায় বন্ধ হয়ে গিয়েছিল।
হীরক সেনের প্রয়াণের খবর পেয়ে তাঁর বাড়িতে ছুটে যান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। দেখা করেন প্রয়াত আলোকচিত্রীর স্ত্রী মর্মিতা সেনের সঙ্গে। হীরক সেনের সঙ্গে কাজ করার পাশাপাশি তাঁর পরিবারের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ঋতুপর্ণার। শোকপ্রকাশ করে অভিনেত্রী বলেন, “অসামান্য কিছু মুহূর্ত হীরকদা ক্যামেরাবন্দি করেছিলেন। সত্যজিৎ রায় ও তাঁর পরিবারের কত ছবি তোলা ওঁর। হাসপাতালে সত্যজিৎ রায়ের হাতে অস্কার, এই ছবিও তাঁর তোলা।”
হীরক সেনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথাও স্মরণ করেন ঋতুপর্ণা। তাঁর কথায়, “আমাকে খুব স্নেহ করতেন। আমার বিয়েরও কত ছবি তুলে দিয়েছিলেন। আমার বাবার সঙ্গেও সুসম্পর্ক ছিল। খুব প্রাণোচ্ছল মানুষ। বৌদি ভেঙে পড়েছেন। শেষের দিকে সব ভুলে যেতেন এবং খেতে পারতেন না। আমাকে ডাক নাম চুমকি বলেই ডাকতেন। পুরনো মানুষগুলো চলে যাচ্ছেন।” প্রয়াত আলোকচিত্রীর কাজ সংরক্ষণের ইচ্ছাও প্রকাশ করেছেন অভিনেত্রী। তাঁর কথায়, হীরক সেনের তোলা ছবিগুলি নিয়ে একটি আর্কাইভ তৈরি করার ইচ্ছা রয়েছে তাঁর।
পরিচালক সত্যজিৎ রায় এবং তাঁর পুত্র সন্দীপ রায়ের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল হীরক সেনের। বাংলা চলচ্চিত্রের এক গুরুত্বপূর্ণ সময়ের বহু ঐতিহাসিক মুহূর্তের নীরব সাক্ষী ছিলেন তিনি। সত্যজিৎ রায়ের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল নিছক পেশাগত নয়, বরং পারিবারিক ঘনিষ্ঠতারও। পারিবারিক সূত্রেই ছোটবেলা থেকে সত্যজিৎকে চিনতেন হীরক। তাঁকে ‘মেশোমশাই’ বলেই সম্বোধন করতেন তিনি। অন্যদিকে, সত্যজিৎ-পুত্র সন্দীপ রায়ের সঙ্গে ছিল বন্ধুত্বের সম্পর্ক। বয়সে কাছাকাছি হওয়ায় দু’জনের মধ্যে গড়ে উঠেছিল গভীর বন্ধুত্ব। সত্যজিৎ রায় থেকে সন্দীপ রায়—দুই প্রজন্মের পরিচালকের সঙ্গেই কাজ করার অভিজ্ঞতা ছিল তাঁর।
সত্যজিৎ রায়ের ব্যক্তিগত জীবন এবং চলচ্চিত্র নির্মাণের নেপথ্যের বহু অদেখা মুহূর্ত হীরক সেনের ক্যামেরায় ধরা পড়েছে। কখনও শুটিংয়ের ব্যস্ততায়, কখনও চিত্রনাট্য লেখায়, কখনও সুর তৈরির কাজে, আবার কখনও পিয়ানো বাজানোর সময়—পরিচালকের অবসর ও কর্মব্যস্ততার নানা মুহূর্তকে অসাধারণ দক্ষতায় ক্যামেরাবন্দি করেছেন তিনি। সত্যজিতের ঘনিষ্ঠ সান্নিধ্যে থাকার সুবাদে তাঁর কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিগত পরিসরের বহু বিরল মুহূর্ত দেখার এবং ধরে রাখার সুযোগ পেয়েছিলেন এই আলোকচিত্রী।
সত্যজিৎ রায়ের পরিচালনায় একাধিক ছবিতে আলোকচিত্রী হিসেবে কাজ করেছেন হীরক সেন। তাঁর কাজের তালিকায় রয়েছে ‘জনঅরণ্য’, ‘ঘরে বাইরে’, ‘হীরক রাজার দেশে’ এবং ‘আগন্তুক’-এর মতো উল্লেখযোগ্য ছবি। ‘সোনার কেল্লা’-র ইনডোর শুটিংয়ের সময়ও বহু গুরুত্বপূর্ণ মুহূর্ত ক্যামেরাবন্দি করেছিলেন তিনি। এ ছাড়াও ‘বাক্স রহস্য’, ‘ফেলুদা ৩০’ এবং ‘সত্যজিতের গল্প’-এর মতো কাজের সঙ্গে ক্যামেরা ও ইলেকট্রিক্যাল বিভাগের দায়িত্বে যুক্ত ছিলেন তিনি।
শুধু সত্যজিৎ রায় নন, তাঁর পুত্র সন্দীপ রায়ের পরিচালিত একাধিক ছবিতেও আলোকচিত্রী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন হীরক। তাঁর কাজের তালিকায় রয়েছে ‘ফেলুদা ৩০’, ‘বাক্স রহস্য’, ‘বোম্বাইয়ের বোম্বেটে’, ‘কৈলাসে কেলেঙ্কারি’, ‘টিনটোরেটোর যিশু’, ‘গোরস্থানে সাবধান’ এবং ‘যেখানে ভূতের ভয়’-এর মতো ছবি। দীর্ঘ কর্মজীবনে বাংলা চলচ্চিত্রের বহু উল্লেখযোগ্য কাজের সঙ্গে যুক্ত থেকে নিজের দক্ষতা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন তিনি।
তবে হীরক সেনের পরিচয় কেবল একজন দক্ষ আলোকচিত্রী হিসেবেই সীমাবদ্ধ নয়। তাঁর তোলা ছবির ঐতিহাসিক মূল্য অপরিসীম। বিশেষত সত্যজিৎ রায়ের চলচ্চিত্র নির্মাণের প্রক্রিয়া, তাঁর কাজের ধরন এবং ব্যক্তিগত জীবনের নানা অজানা মুহূর্ত বুঝতে হীরকের আলোকচিত্র ভবিষ্যৎ প্রজন্মের কাছে গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে। ক্যামেরার নেপথ্যে থেকেও তিনি ধরে রেখেছিলেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসের এক মূল্যবান অধ্যায়।
একটি সময়, একাধিক প্রজন্মের শিল্পী এবং বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের অসংখ্য স্মৃতি তাঁর ক্যামেরায় চিরস্থায়ী হয়ে রয়েছে। মানুষ হিসেবে হীরক সেন চলে গেলেও তাঁর তোলা ছবিগুলি বাঁচিয়ে রাখবে সেই সময়কে, সেই মানুষগুলিকে এবং চলচ্চিত্র নির্মাণের নেপথ্যের অজস্র অজানা গল্পকে। আগামী দিনে সত্যজিৎ রায় ও বাংলা চলচ্চিত্রের ইতিহাস চর্চায় হীরক সেনের অবদান নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে।
❤ Support Us





