- এই মুহূর্তে দে । শ
- মে ৮, ২০২৬
শনিবার মহানগরে কঠোর যান নিয়ন্ত্রণ, ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত বন্ধ মালবাহী পরিবহণ
শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নবগঠিত পশ্চিমবঙ্গ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কলকাতায় কড়া যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। শপথ অনুষ্ঠানে যোগ দিতে শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সফর উপলক্ষে শুক্রবার কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রয়োজন অনুযায়ী শনিবার শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। নিয়ন্ত্রণের আওতায় থাকতে পারে এসপ্ল্যানেড র্যাম্প, কেপি রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ এবং কুইনস্ওয়ে-সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা।
এ ছাড়া শনিবার ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত শহরে মালবাহী গাড়ির চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যানবাহনকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। ছাড় দেওয়া হয়েছে এলপিজি সিলিন্ডারবাহী গাড়ি, সিএনজি, পেট্রোলিয়াম, তেল ও লুব্রিক্যান্ট পরিবহণকারী যান, অক্সিজেনবাহী গাড়ি, শাকসব্জি, মাছ, ফল, দুধ এবং ওষুধপত্র বহনকারী যানবাহনকে।
শহরে পার্কিং নিয়েও জারি হয়েছে বিশেষ নির্দেশিকা। পুলিশ জানিয়েছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সংলগ্ন বিভিন্ন রাস্তায় শনিবার গাড়ি পার্কিং করা যাবে না। নিষেধাজ্ঞা জারি থাকবে এজেসি বোস রোডের কিছু অংশ থেকে হেস্টিংস ক্রসিং, ক্যাথিড্রাল রোড, খিদিরপুর রোড, হসপিটাল রোড, কুইনস্ওয়ে এবং লাভার্স লেন-সহ একাধিক এলাকায়।
পুলিশ সূত্রে খবর, পরিস্থিতি অনুযায়ী শনিবার শহরের আরও কিছু এলাকায় অতিরিক্ত যান নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা হতে পারে। তাই সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া ওই এলাকাগুলি এড়িয়ে চলার এবং বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
❤ Support Us






