Advertisement
  • দে । শ
  • সেপ্টেম্বর ৯, ২০২৬

পুজোর আগেই ভোট-উৎসব ! ৬ অক্টোবর নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচন

আরম্ভ ওয়েব ডেস্ক
পুজোর আগেই ভোট-উৎসব ! ৬ অক্টোবর নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচন

পুজোর আগেই ফের ভোটের দামামা বাজল রাজ্যে। নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ৬ অক্টোবর দুই কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ভোটগণনা ও ফলপ্রকাশ হবে ৯ অক্টোবর। ফলে পুজোর আগেই দুই কেন্দ্রের ভোটাররা পেতে চলেছেন নতুন বিধায়ক।

ইতিমধ্যেই উপনির্বাচনের সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সে অনুযায়ী, দ্রুতই ভোটের বিজ্ঞপ্তি জারি করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশের পরই মনোনয়ন জমা, মনোনয়ন প্রত্যাহার-সহ নির্বাচনের অন্যান্য গুরুত্বপূর্ণ দিনক্ষণ জানা যাবে। ইতিমধ্যেই দুই কেন্দ্রে ভোটপ্রস্তুতি শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। নন্দীগ্রামে উপনির্বাচনের প্রয়োজন তৈরি হয়েছে বিধায়ক পদ খালি হয়ে যাওয়ায়। ২৬-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর— দুই কেন্দ্র থেকেই জয়ী হন শুভেন্দু অধিকারী। নিয়ম অনুযায়ী, তাঁকে একটি আসন ছাড়তে হতো। শেষ পর্যন্ত নিজের গড় নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রটি ছেড়ে দেন তিনি। এর ফলে নন্দীগ্রাম বিধায়কশূন্য হয়ে পড়ে এবং সেখানে উপনির্বাচনের প্রয়োজন হয়।

অন্যদিকে, মুর্শিদাবাদের রেজিনগর ও নওদা— দুই কেন্দ্র থেকেই জয়ী হন তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে ‘আমজনতা উন্নয়ন পার্টি’-র প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। তাঁকেও নিয়ম মেনে একটি আসন ছাড়তে হয়েছে। তিনি রেজিনগর কেন্দ্রটি ছেড়ে দেওয়ায় ওই আসনেও উপনির্বাচন অনিবার্য হয়ে পড়ে। রেজিনগরে নিজের ছেলেকে প্রার্থী করার সিদ্ধান্তও ইতিমধ্যেই নিয়েছেন হুমায়ুন কবীর।

ফলে আগামী ৬ অক্টোবর একইসঙ্গে ভোট হবে নন্দীগ্রাম ও রেজিনগরে। ৯ অক্টোবর হবে ভোটগণনা এবং ফলপ্রকাশ। অর্থাৎ, এক মাসের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে দুই কেন্দ্রের নতুন রাজনৈতিক সমীকরণ। ইতিমধ্যেই নন্দীগ্রাম-সহ দুই কেন্দ্রে রেকর্ড ব্যবধানে বিজেপির জয়ের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার তাঁর সে চ্যালেঞ্জ কতটা বাস্তবায়িত হয়, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের। পুজোর আবহের আগেই দুই কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশ হওয়ায় রাজ্য রাজনীতিতেও এ ভোটের গুরুত্ব যথেষ্ট বলে মনে করা হচ্ছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!