Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১, ২০২৫

ফের মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট-এর ‘প্রশ্নফাঁস’! গুজব রুখতে তৎপর ন্যাশনাল টেস্টিং এজেন্সি

আরম্ভ ওয়েব ডেস্ক
ফের মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট-এর ‘প্রশ্নফাঁস’! গুজব রুখতে তৎপর ন্যাশনাল টেস্টিং এজেন্সি

ইউজি নিট ২০২৫-এর ভুয়ো প্রশ্নফাঁসে শিক্ষামহলে তোলপাড়। ১২০-র বেশি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চিহ্নিত করল এনটিএ। প্রশ্নপত্র ফাঁসের যে কোনো সম্ভাবনা থেকে সুরক্ষিত রাখতে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি ইনস্টাগ্রাম ও টেলিগ্রামকে ভুয়ো অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বলেছে।

কয়েকদিন পরেই শুরু হতে চলেছে চলতি বছরের স্নাতকস্তরের মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট। তার ঠিক আগে সোশ্যাল মিডিয়া জুড়ে প্রশ্নফাঁসের গুজব। যা নিয়ে পরীক্ষার্থী ও শিক্ষামহলে তোলপাড় পরে গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে। ইতিমধ্যেই টেলিগ্রাম ও ইনস্টাগ্রামে ১২০-র বেশি অ্যাকাউন্টকে চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কড়া ব্যবস্থা নিতে বলেছে এনটিএ। জানা যাচ্ছে, এই সমস্ত চ্যানেলের তথ্য ‘সাসপিশিয়াস ক্লেইম রিপোর্টিং পোর্টাল’-এ জমা পড়েছে, যা এনটিএ ২৬ এপ্রিল চালু করেছিল। এই পোর্টালের মাধ্যমে সাধারণ মানুষ পরীক্ষার সঙ্গে সম্পর্কিত সন্দেহজনক দাবি ও কর্মকাণ্ড রিপোর্ট করতে পারেন।

সূত্রের খবর, ১০৬টি টেলিগ্রাম চ্যানেল ও ১৬টি ইনস্টাগ্রাম হ্যান্ডেল দাবি করছিল যে, তাদের কাছে এনইইটি প্রশ্নপত্র আগেই রয়েছে। অনেকেই বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে পরীক্ষার্থীদের সেই প্রশ্নপত্র পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেয়। এসবের পিছনে মূল উদ্দেশ্য, পরীক্ষার্থীদের বিভ্রান্ত করা আর আর্থিক প্রতারণা করা। এই ধরনের সন্দেহজনক তৎপরতার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতেইসম্প্রতি এনটিএ একটি বিশেষ পোর্টাল—’সাসপিসিয়াস ক্লেইমস রিপোর্টিং পোর্টাল’ চালু করেছিল। এনটিএ জানাচ্ছে, ২৬ এপ্রিল চালু হওয়া এই পোর্টালে ইতিমধ্যেই ১,৫০০-র বেশি রিপোর্ট জমা পড়েছে, যার বেশিরভাগই টেলিগ্রামের ভুয়ো চ্যানেল সংক্রান্ত। এনটিএ-র এক মুখপাত্র জানান, ‘এই গোষ্ঠীগুলি পরীক্ষার্থীদের ভুল তথ্য দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় যে ধরনের দাবি করা হচ্ছে, তার কোনো ভিত্তিই নেই। সাধারণ মানুষকে অনুরোধ, যেন এ ধরনের ভুয়ো দাবিতে বিশ্বাস না করেন।” একইসঙ্গে তিনি জানান, পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স আইন অনুযায়ী, এ ধরনের অপরাধে কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে।

পরিস্থিতির গুরুত্ব বুঝে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার-এর সঙ্গে যোগাযোগ করেছে এনটিএ। চিহ্নিত অ্যাকাউন্টগুলির পরিচালকদের নাম ও বিস্তারিত তথ্য চেয়ে টেলিগ্রাম ও ইনস্টাগ্রামকে চিঠি পাঠানো হয়েছে। একইসঙ্গে, অ্যাকাউন্টগুলি অবিলম্বে মুছে ফেলার দাবি জানানো হয়েছে। শুধু প্রযুক্তিগত দিক নয়, মাঠে নামানো হয়েছে প্রশাসনিক ব্যবস্থাও। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করছে। লক্ষ্য একটাই, ৪ মে নির্ধারিত দিনে যাতে সুষ্ঠু ও প্রশ্নপত্র-ফাঁস-মুক্ত পরীক্ষা করানো যায়।

এনটিএ পরীক্ষার্থীদের উদ্দেশে বার্তা দিয়ে বলেছে, ‘পরীক্ষার্থীদের ও অভিভাবকদের অনুরোধ করা হয়েছে যেন তারা কোনো রকম ফাঁস সংক্রান্ত গুজব বা পোস্টে কান না দেন। যদি কেউ প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত কোনও বার্তা পান বা এমন কোনো সন্দেহজনক কর্মকাণ্ড দেখেন, তাহলে দয়া করে ৪ মে বিকেল ৫টার মধ্যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট [https://nta.ac.in](https://nta.ac.in) – এ রিপোর্ট করুন।’ চলতি বছরে ভারত জুড়ে প্রায় ৫৫০টিরও বেশি শহরের ৫,০০০টিরও বেশি কেন্দ্রে নিট পরীক্ষা হওয়ার কথা। এবারে পরীক্ষার্থীর সংখ্যা কয়েক লক্ষ ছাড়াবে বলে অনুমান।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!