Advertisement
  • দে । শ
  • জুন ৪, ২০২৬

ভাঙড় বোমা বিস্ফোরণ মামলায় শওকত মোল্লার বাড়িতে এনআইএ তল্লাশি

আরম্ভ ওয়েব ডেস্ক
ভাঙড় বোমা বিস্ফোরণ মামলায় শওকত মোল্লার বাড়িতে এনআইএ তল্লাশি

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে বোমা বিস্ফোরণ মামলার তদন্তে বৃহস্পতিবার সকালে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার বাড়িতে তল্লাশি চালায় জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে প্রায় ১০টি গাড়িতে করে তদন্তকারী দল শওকত মোল্লার জীবনতলা-মৌখালী এলাকার বাড়িতে পৌঁছয়। বাড়ি ঘিরে রেখে তল্লাশি চালানো হয়। নিরাপত্তার জন্য এলাকায় মোতায়েন ছিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীও।

কিন্তু তার আগেই শওকত পালিয়ে যান বলে খবর। পরে যদিও তাঁর ছেলে ইমরান মোল্লাকে নিয়ে বাড়িতে আসে এনআইএ। সেখানেই এই মুহূর্তে চলছে তল্লাশি। একইসঙ্গে তৃণমূল নেতার দলীয় কার্যালয়তেও  তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের। পাশাপাশি আরও একটি দল মৌখালিতে ইমরানের সুবিশাল ক্যাফেতেও তল্লাশি চালাচ্ছেন বলে খবর। যদিও এই বিষয়ে এনআইএ-র পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

জানা গিয়েছে, শওকত মোল্লার বাড়ির পাশাপাশি তাঁর দলীয় কার্যালয় এবং তাঁর ছেলের রেস্তোরাঁতেও তল্লাশি চালানো হয়েছে। তদন্তকারীরা বিস্ফোরণ সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখছেন এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের বামুনিয়া এলাকায় একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় একজনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন আহত হন। ঘটনার পরই আইএসএফ (ISF) নেতৃত্ব এনআইএ-র তদন্তের দাবি জানায়। পরে মামলার তদন্তভার গ্রহণ করে এনআইএ। তদন্ত চলাকালীন তৃণমূল কংগ্রেস নেতা ওয়াহিদুল ইসলাম-সহ একাধিক ব্যক্তিকে গ্রেফতাও করা হয়েছে।

এই মামলার সূত্র ধরেই বৃহস্পতিবার শওকত মোল্লার বাড়িতে তল্লাশি চালানো হয়। একইসঙ্গে বামুনিয়া গ্রামের বেশ কয়েকটি বাড়িতেও যান তদন্তকারীরা। ওয়াহিদুল ইসলামের বাড়িতে তল্লাশির পাশাপাশি বিস্ফোরণে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ব্যবহৃত গাড়ির মালিকদের বাড়িতেও তদন্তকারীরা যান বলে জানা গেছে।

প্রসঙ্গত, সম্প্রতি রাজ্য সরকার শওকত মোল্লার নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছে। তিনি ২০১৬ এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ক্যানিং পূর্ব কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন। বর্তমানে ভাঙড় বিস্ফোরণ মামলায় নতুন তথ্য ও প্রমাণ সংগ্রহের লক্ষ্যে এনআইএ-র এই তল্লাশি অভিযান গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!