Advertisement
  • দে । শ
  • ফেব্রুয়ারি ২৬, ২০২৫

বেসরকারি নার্সিং ট্রেনিং সেন্টারে মহিলার অস্বাভাবিক মৃত্যু। পরিকল্পিত হত্যার অভিযোগে গ্রেফতার ১

আরম্ভ ওয়েব ডেস্ক
বেসরকারি নার্সিং ট্রেনিং সেন্টারে মহিলার অস্বাভাবিক মৃত্যু। পরিকল্পিত হত্যার অভিযোগে গ্রেফতার ১

বেসরকারি নার্সিং ট্রেনিং সেন্টারে মহিলার অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য বসিরহাটে। মহিলার স্বামীর অভিযোগ, তাঁর স্ত্রীকে যৌন নির্যাতন করে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পুলিশ ওই ট্রেনিং সেন্টারের একজনকে গ্রেফতার করেছে। ধৃতের নাম আজাহার মোল্লা ওরফে নীরব। আজাহার ফোন করে ওই মহিলাকে ডেকে এনেছিল বলে জানা গেছে। সোমবার সারাদিন সে আজাহারের সঙ্গেই ছিল। তাদের মধ্যে ঘনিষ্ঠতার কথা এলাকার অনেকেই জানেন। সোমবার রাত ১১ টা নাগাদ ওই সংস্থার ঘর থেকে মহিলার দেহ উদ্ধার হয়। দরজা ভেঙে ওড়নার ফাঁসে ঝুলন্ত দেহ উদ্ধার করে স্থানীররা।

হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বসিরহাটের দন্ডিরহাটের কাছে একটি বেসরকারি নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের প্রশিক্ষক হিসেবে কাজ করতেন ওই মহিলা। মহিলার বাড়ি উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানা এলাকায়। এদিন তিনি সেমিনারে যোগ দেবেন বলে বসিরহাটে আসেন। নিহত মহিলার স্বামী আলমগীর মন্ডল অভিযোগ করেন, তাঁর স্ত্রীকে আজাহার সেমিনার আছে বলে ডেকে পাঠায়। সন্ধের আগে বাড়ি ফেরার কথা। বিকেল ৫ টা ২০ মিনিট নাগাদ শেষ কথা হয়। তারপরে আর ফোন ধরে নি আমার স্ত্রী। অন্য মোবাইল থেকে ফোন করে একজন ধরে জানায় আমার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলমগীর বলেন, বসিরহাট হাসপাতালে এসে আমরা স্ত্রীর মৃতদেহ দেখি। আলমগীরের অভিযোগ , স্ত্রীকে গণধর্ষণ করে খুন করে ওড়নার ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়। এই খুন ও ধর্ষণের ঘটনায় আজাহার ও তার সঙ্গীদের হাত রয়েছে। পুলিশ অভিযোগ পেয়ে ,আজাহারকে গ্রেফতার করেছে। এদিন তাকে বসিরহাট আদালতে তোলা হলে বিচারক ৬ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে , বছর ২৫–‌র ওই তরুণীর সঙ্গে আজাহারের ঘনিষ্ট সম্পর্ক ছিল। তরুণী তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। আরও জানা গেছে , নিজের পছন্দে বিয়ে করার ফলে বাপের বাড়ির সঙ্গে তরুণীর সম্পর্ক ভালো ছিল না। এমনকী শ্বশুরবাড়িতেও তাদের মেনে নেয়নি। স্বামী–‌স্ত্রীতে দেগঙ্গায় ভাড়া বাড়িতে বাস । স্বামীও তার ওপর মানসিক ও শারিরীক অত্যাচার চালাতো । বেসরকারি নার্সিং ট্রেনিং সেন্টারে কাজের সুবাদে আজাহারের সঙ্গে পরিচয় এবং প্রেমের সম্পর্ক তৈরি হয়। তরুণীর দেহ বসিরহাট জেলা হাসপাতালে মর্গে ময়নাতদন্ত হয়েছে। অভিযুক্ত আজাহারকে নিজেদের হেপাজতে নিয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!