- দে । শ প্রচ্ছদ রচনা
- জুলাই ২৮, ২০২২
মন্ত্রীসভা থেকে অপসারিত পার্থ, আপাতত ৩ দফতরের দায়িত্বে মুখ্যমন্ত্রী
শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক ডাকলেন অভিষেক বন্দোপাধ্যায়। এবার কী তবে দলীয় পদ থেকেও বরখাস্ত হবেন বেহালা পশ্চিমের বিধায়ক?
এসএসসি দুর্ণীতি মামলায়, ইডির হাতে গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হল মন্ত্রীসভা থেকে। চারটি দফতরের দায়িত্ব থেকেই সরানো হল তাঁকে। আপাতাত ওই দফতর গুলোর দায়িত্বে থাকবেন মুখ্যমন্ত্রী নিজেই। এসএসসিকাণ্ডে অর্থ তছরুপের দায়ে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারের পর থেকেই বিরোধী শিবিরের চাপ বাড়ছিল ক্রমাগাত। দলের অভ্যন্তরেও পার্থ চট্টোপাধ্যায়ের বহিস্কারের দাবি উঠেছিল। আজ নবান্নের তরফে একটি লিখিত বিবৃতি পেশ করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের অপসারণ নিয়ে, মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, নিয়মানুবর্তীতায় আমাদের দল কঠোর। আমরা পার্থ চ্যাটার্জিকে মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দিয়েছি । শিল্প, বাণিজ্য সহ ওঁর হাতে থাকা সব দফতরই আমার কাছে এল। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর পার্থর অব্যহতি সংক্রান্ত নোটিস জারি করেছেন মুখ্যসচিব।
পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের শিল্প ও বাণিজ্য দফতরের মন্ত্রী ছিলেন। সেই সঙ্গেই পরিষদীয়, তথ্য ও প্রযুক্তি দফতরও তাঁর অধীনে ছিল। সবকটা দফতর থেকেই পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়েছে।
গত শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। তারপরও মন্ত্রী বা দলের পদ থেকে পার্থকে বরখাস্ত করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছিলেন, আইনিভাবে দোষ প্রমাণ হলেই পদক্ষেপ করা হবে । গতকাল, স্বাস্থ্য পরীক্ষার জন্য ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতাকে। সেখানেই তৃণমূল মহাসচিব জানিয়েছিলেন, মন্ত্রীত্বে এখনই ইস্তফা দিচ্ছেন না তিনি।
এরপর, বুধবার বিকেলে বেলঘরিয়ায় পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে আরও ২৮ কোটি টাকা সহ বিপুল সোনা, রূপো, নথি উদ্ধার হয়েছে। যা ঘিরে শোরগোল পড়ে যায়। জনমানসে তৃণমূলের বিরুদ্ধে প্রতিক্রিয়া তৈরি হয় । ঘটনা মাথা হেঁট হয়ে যাওয়ার মত বলে মন্তব্য করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
আজ সকাল থেকেই পার্থকে মন্ত্রিসভা ও দলীয় সব পদ থেকে সরানোর দাবিতে মুখর হন তৃণমূলের প্রথম সারির নেতারা । টুইটে এই দাবি করেন কুণাল ঘোষ, দেবাংশু ভট্টাচার্য, বিশ্বজিৎ দেবরা। এরপরই দলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক ডাকেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দুপুরে মন্ত্রিসভা থেকে সরানো হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। সন্ধ্যায় কী তাহলে দলীয় সব পদ থেকে বরখাস্ত হবেন বেহালা পশ্চিমের বিধায়ক? আপাতত নজর সেদিকেই।
❤ Support Us





