- দে । শ
- জুলাই ২৮, ২০২৩
২ দিন পর মিলল দাবি পূরণের আশ্বাস। অবরোধ প্রত্যাহার প্রেসিডেন্সির বিক্ষুব্ধ পড়ুয়াদের
দীর্ঘ ৫০ ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন প্রেসিডেন্সির প্রতিবাদী পড়ুয়ারা। হোস্টেল সংস্কার ও মেস চালু করার দাবি নিয়ে মঙ্গলবার বিকেল থেকে ডিন অফ স্টুডেন্টস ও ডিন অফ সায়েন্সের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ জানাচ্ছিলেন তাঁরা। যে কারণে দুজনকেই সারা রাত নিজেদের অফিসে আটকে পড়ে থাকতে হয়। শেষ পর্যন্ত কর্তৃপক্ষের তরফ থেকে দাবি পূরণের আশ্বাস মেলায় বৃহস্পতিবার আপাতত আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন বিক্ষুব্ধরা।
ইডেন হিন্দু হোস্টেল নিয়ে বহু দিন ধরেই ছাত্রমহলে ক্ষোভ রয়েছে। পড়ুয়াদের অভিযোগ, ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে ২০১৫ থেকে সংস্কারের কাজ শুরু হয়েছে যা আজও শেষ হয়নি। তাই এগুলো এখন বন্ধ। আপাতত ১ ও ২ নম্বর ওয়ার্ড ব্যবহারযোগ্য অবস্থায় রয়েছে। । অসুবিধায় পড়েছেন কলকাতার বাইরে থেকে আসা আর্থিক ভাবে অনগ্রসর অংশের ছাত্ররা। এক ছাত্রের কথায়, এখন মাত্র ১১০ জন রয়েছেন ছাত্রাবাসে। অথচ, হোস্টেলের ধারণ ক্ষমতা তার তিন গুণ বেশি। তাই জেলা থেকে যারা আসছেন তাঁরা কলকাতার বিভিন্ন জায়গায় অতিরিক্ত টাকা দিয়ে পেয়িং গেস্ট হিসেবে থাকতে বাধ্য হচ্ছেন। এছাড়াও, মেস পরিষেবা বন্ধ। বেড চার্জ দ্বিগুণের বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে। অথচ, ওয়াইফাই বা খাবারের ব্যবস্থার মতো সাধারণ সুযোগসুবিধা দিতে পারছে না কর্তৃপক্ষ। এই প্রেক্ষিতেই আন্দোলনে সামিল হন পড়ুয়াদের একাংশ।
ঘেরাওয়ের অভিযোগ প্রসঙ্গে বিক্ষোভকারীরা জানিয়েছেন, তাঁরা শান্তিপূর্ণ ভাবে অবস্থান করেছেন, কাউকে জোর করে আটকে রাখেননি। প্রেসিডেন্সি সূত্রে খবর, ডিন অফ স্টুডেন্টস অরুণ কুমার মাইতি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার পর তাঁরা অবরোধ প্রত্যাহার করতে রাজি হন। হোস্টেল সংক্রান্ত যাবতীয় সমস্যা সমাধানের জন্য একটি কমিটি তৈরি করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যার সদস্যরা পড়ুয়াদের সঙ্গে এ নিয়ে যাবতীয় কথা বলবেন। তারপরই ছাত্রাবাসের মানোন্নয়নের জন্য কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় সুপারিশ করা হবে।
❤ Support Us






