- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ১৮, ২০২৫
চূড়ান্ত ব্যর্থ সূর্যকুমার, অজিঙ্কা রাহানেরা। রনজি সেমিফাইনালে বিপর্যয়ে মুম্বই
রনজি সেমিফাইনালে বেহাল দশা মুম্বইয়ের। বিদর্ভের বিরুদ্ধে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ে পড়তে হল গতবারের চ্যাম্পিয়নদের। বিদর্ভের ৩৮৩ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে তুলেছে ১৮৮/৭। সূর্যকুমার যাদব, অজিঙ্কা রাহানে, শিবম দুবের মতো তারকা ক্রিকেটাররা চূড়ান্ত ব্যর্থ।
নাগপুরে ঘরের মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বিদর্ভ। ধ্রুব শোরে (৭৪), দানিশ মালেওয়ার (৭৯), যশ রাঠোরের (৫৪) ব্যাটিংয়ের ওপর ভর করে প্রথম ইনিংসে তোলে ৩৮৩। মুম্বইয়ের হয়ে শিবম দুবে ৪৯ রানে ৫ উইকেট নেন। ২টি করে উইকেট নেন রয়স্টন ডায়াস ও শামস মুলানি।
চলতি রনজি ট্রফিতে দু–একটা ম্যাচ ছাড়া বাকি ম্যাচগুলিতে মুম্বইয়ে ভরসা দিতে পারেনি টপ অর্ডার। সেমিফাইনালেও সেই একই ছবি। টেল এন্ডারদের মধ্যে ব্যাট হাতে প্রায় প্রতি ম্যাচেই দলকে ভরসা দিয়েছেন শামস মুলানি, শার্দুল ঠাকুর, তনুশ কোটিয়ানরা। সেমিফাইনালেও ব্যাট হাতে রুখে দাঁড়ান শার্দুল ঠাকুর। একসময় ১১৮ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল মুম্বইয়ের। ওপেনার আকাশ আনন্দর সঙ্গে জুটি বেঁধে দলের বিপর্যয় সামাল দেন শার্দুল। দুজনের জুটিতে ওঠে ৬০ রান।
ব্যাট করতে নেমে ১৮ রানে প্রথম উইকেট হারায় মুম্বইয় প্রথম আউট হন আয়ূশ মাত্রে (৯)। এরপর সিদ্ধেশ লাডের (৩৫) সঙ্গে ৬৭ রানের জুটি গড়েন আকাশ আনন্দ। ৮৫ রানের মাথায় ফিরে যান সিদ্ধেশ লাড। অধিনায়ক অজিঙ্কা রাহানে ১৮ রান করে আউট হন। এরপরই ধস নামে মুম্বইয়ের ইনিংসে। ১১৩ রানের মাথায় আউট হন রাহানে, সূর্যকুমার যাদব (০) ও শিবম দুবে (০)। ১১৮ রানের মাথায় ফিরে যান শামস মুলানি (৪)। এরপর বিপর্যয় সামাল দেন শার্দুল ও আকাশ। দিনের শেষে ক্রিজে রয়েছেন আকাশ আনন্দ (৬৭) ও তনুশ কোটিয়ান (৫)। বিদর্ভের পার্থ রেকাড়ে ১৬ রানে ৩ উইকেট নিয়েছেন।
❤ Support Us






