- এই মুহূর্তে স | হ | জ | পা | ঠ
- জুলাই ২৩, ২০২৫
উলট পুরাণ! বিশ্ব উষ্ণায়নে বরফ গলছে পৃথিবীজুড়ে, করাকোরামে বাড়ছে হিমবাহ
পৃথিবীতে যখন হু হু করে গলছে হিমবাহ, বিজ্ঞান মহল উদ্বিগ্ন, ঠিক তখনই উল্টো ছবি দেখা যাচ্ছে কারাকোরাম পর্বতমালায়। উপগ্রহ থেকে তোলা এক ঝলক ছবিতে দেখা গিয়েছে, ভারত, পাকিস্তান, চীন ও আফগানিস্তানের সীমানা ছুঁয়ে থাকা ৩টি হিমবাহ—লোলোফন্ড, তেরাম শেহর ও সিয়াচেন, ধীরে ধীরে একত্রিত হয়ে তৈরি করছে বিশাল এক বরফখণ্ড। এই বিরল প্রাকৃতিক ঘটনার নাম দেওয়া হয়েছে—‘করাকোরাম অ্যানোমালি’। বিজ্ঞানীরা হিমবাহের এই অস্বাভাবিক আচরণ নিয়ে গত কয়েক বছর ধরেই মাথা খুঁড়ে চলেছেন। যখন বিশ্বের অন্যত্র বরফের স্তর ক্রমশ পাতলা হচ্ছে, তখন কীভাবে এই অঞ্চলে হিমবাহ বেড়ে চলেছে, এ রহস্যের তল পাচ্ছেন না কেউ।
বিজ্ঞানীদের ভাবাচ্ছে হিমবাহের এহেন অদ্ভুত আচরণ। পৃথিবীজুড়ে যখন গ্লোবাল ওয়ার্মিং-এর জেরে হিমবাহ গলে জলস্তর বাড়ার আশঙ্কা, তখন কারাকোরামে হিমবাহ বেড়ে যাওয়ার ঘটনাকে ব্যতিক্রম হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। অনেকে মনে করেন, স্থানীয় আবহাওয়া—বিশেষ করে শীতকালে পশ্চিম দিক থেকে আসা ‘ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স’ বার বার তুষারপাত ঘটাচ্ছে। ফলে হিমবাহের উপরে বরফের নতুন স্তর পড়ছে। আবার কেউ কেউ বলছেন, হিমবাহের গায়ে জমে থাকা ধুলো, পাথর, যাকে ‘মোরেইন’ বলা হয়, সে স্তরই বরফকে গলতে দিচ্ছে না।
মহাকাশ থেকে তোলা ছবিতে স্পষ্ট দেখা গিয়েছে সেই মোরেইনের রেখাগুলি। বিশেষ করে যেখানে তেরাম শেহর ও একটি ছোট হিমবাহ মিশছে সিয়াচেনের সঙ্গে, সেখানে এই রেখাগুলি দৃষ্টিনন্দন ভাবে ফুটে উঠেছে। তবে এই সব অনুমান এখন পর্যন্ত পরীক্ষার স্তরে রয়েছে। নিশ্চিত ভাবে কিছুই বলা যাচ্ছে না। বিজ্ঞানীরা এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চান না। তবে তাঁদের মতে, কারাকোরাম অ্যানোমালির এই ব্যতিক্রমী চিত্র বিশ্ব জলবায়ু পরিবর্তন নিয়ে নতুন করে ভাবনার দরজা খুলে দিল।
উল্লেখ্য, কারাকোরামের অন্তর্ভুক্ত সিয়াচেন হিমবাহ এশিয়ার অন্যতম দীর্ঘ হিমবাহ। প্রায় ৭৬ কিমি দীর্ঘ এই হিমবাহ সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮,৮৭৫ ফুট উপরে অবস্থিত। শীতকালে এখানকার তাপমাত্রা নেমে যায় মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। প্রবল তুষারঝড়ে ঢেকে যায় পাহাড়-উপত্যকা। ভারতের উত্তর সীমান্তে অবস্থিত এই হিমবাহ বর্তমানে বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র। ভারত ও পাকিস্তানের দু-পক্ষের সেনা মোতায়েন রয়েছে সেখানে।
❤ Support Us







