Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ১৩, ২০২৫

প্রেম দিবস উদযাপন রুখতে বজরং দলের ফরমান, ভালোবাসার ইশতেহারে পাল্টা জবাব বাম ছাত্র সংগঠনের

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রেম দিবস উদযাপন রুখতে বজরং দলের ফরমান, ভালোবাসার ইশতেহারে পাল্টা জবাব বাম ছাত্র সংগঠনের

বাংলাজুড়ে বইছে বসন্তের পাগল হাওয়া। কৃষ্ণচুড়ার সাথে বাতাস জুড়ে প্রেম প্রেম গন্ধ। সরস্বতী পুজো শেষ। সামনে ভ্যালেন্টাইন ডে, গোটা বিশ্ব মেতে উঠেছে প্রণয়ের আবেশে। এমন সময়ে কল্লোলিনী তিলোত্তমার শহরে বজরং দলের পোস্টারে যুগলদের প্রতি করা হুঁশিয়ারি। ভালোবাসার দিনে প্রকাশ্যে প্রেমিক-প্রেমিকাদের দেখা গেলে ব্যবস্থা নেওয়ার বার্তা।  আগামী বিধানসভায় বিজেপি রাজ্যের ক্ষমতায় এলে লাভ জিহাদের জন্য আইন প্রণয়ন করা হবে জানানো হয়েছে।  এমনই কদর্য ও আশঙ্কাজনক ঘটনার সাক্ষী রইলো পশ্চিমবঙ্গ।

চৈতন্যের বাংলা, রাধা-কৃষ্ণের বাংলা, গোবিন্দদাসের বাংলা, লালন-হাসন রাজার বাংলা, রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ দাশের বাংলা। সেই বাংলার মাটিতে এখন ‘প্রেমবিরোধী’ গোঁড়া হিন্দুত্ববাদী সংগঠনের উগ্র আস্ফালন। সতর্কীকরণ পোস্টার দেওয়ালে ছেপে বজরং দলের তরফে দেওয়া হল এক হিংসাত্বক বার্তা। সেখানে বলা হল, প্রেম দিবস না কি ভারতীয় সংস্কৃতির পরিপন্থী! এই দিনে প্রেমিক যুগলকে একসাথে দেখা গেলে তাদের বাবা- মা কে বলে দেওয়া হবে, এমনকি জোর করে বিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটতে পারে। এখানেই শেষ নয় বিজেপি এলে লাভ জিহাদ আইন আনা হবে বলেও প্রকাশ্যে হুমকি দেয় বিশ্ব হিন্দু পরিষদের যুব সংগঠন। এর আগে ভ্যালেনটাইনস ডে’তে দেশের একাধিক শহরে তাণ্ডব চালিয়েছে তাঁরা, হেনস্থা করেছে যুগলদের।  হোটেল-রেস্তোঁরা-সিনেমা হলে নীতি-পুলিশের ভূমিকায় নেমে বজরং-সদস্যরা দিনভর অভিযান চালিয়েছিল। নীরব দর্শকের ভূমিকায় থেকেছে পুলিশ-প্রশাসন। বছর দুয়েক আগে এ নিয়ে করিমগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার উপক্রম হয়েছিল। এবছর কি উপযুক্ত ব্যবস্থা নেবে রাজ্য সরকার? দেশের সংবিধান ও শীর্ষ আদালত প্রাপ্তবয়স্ক মানুষদের প্রণয় সম্পর্কে জড়ানোর স্বাধীনতা দেয়। তাহলে কীভাবে বজরং দল এমন ফরমান জারি করছে? তবে এ নিয়ে খুব বেশি চিন্তিত হতে দেখা যায় নি কপোত-কপোতিদের। ‘ঘৃণার থেকে ভালোবাসা বেশি সংক্রামক’- বাংলার চিরন্তন কৃষ্ণপ্রেমভাবনায় আস্থা রাখছেন তাঁরা।

এই পরিস্থিতিতে ভ্যালেন্টাইন্স-ডে’র আগে ভালোবাসার মানুষদের সুরক্ষায় কলকাতায় এসএফআইয়ের উদ্যোগে শুরু হল ‘ভালোবাসার ইশতেহার’ ৷ কী এই ‘ভালোবাসার ইশতেহার’, কাজই বা কী এর ? এ নিয়ে এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেছেন, এই দিনগুলিতে দেশের বিভিন্ন প্রান্তে বজরং দল ও অ্যান্টি রোমিয়ো স্কোয়াডের বাড়বাড়ন্ত শুরু হয় ৷ তাঁদের বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যম এই ‘ভালোবাসার ইশতেহার’ ৷

  • Tags:
❤ Support Us
error: Content is protected !!