Advertisement
  • বৈষয়িক
  • জুলাই ১৭, ২০২৬

বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের মেগা ইউনিটের ভিত্তিপ্রস্তর আজ, কর্মসংস্থানের সম্ভাবনা প্রায় ১০ হাজার; শিল্পায়নে নতুন বার্তা রাজ্য সরকারের

আরম্ভ ওয়েব ডেস্ক
বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের মেগা ইউনিটের ভিত্তিপ্রস্তর আজ, কর্মসংস্থানের সম্ভাবনা প্রায় ১০ হাজার; শিল্পায়নে নতুন বার্তা রাজ্য সরকারের

রাজ্যে বিজেপি সরকার গঠনের মাত্র দু’মাসের মধ্যেই শিল্পায়নের পথে আরও একটি বড় পদক্ষেপের দাবি করছে প্রশাসন। হুগলির ডানকুনির পর এবার বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের নতুন উৎপাদন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন হতে চলেছে। শুক্রবার আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, রাজ্যের পূর্তমন্ত্রী অজয়কুমার পোদ্দার এবং শ্যাম স্টিলের শীর্ষ কর্তারা।

শ্যাম স্টিল কর্তৃপক্ষের দাবি, নতুন এই উৎপাদন ইউনিট চালু হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি, এই প্রকল্পকে কেন্দ্র করে একাধিক অনুসারী (অ্যানসিলারি) শিল্প গড়ে ওঠার সম্ভাবনাও রয়েছে। ফলে বাঁকুড়া-সহ সংলগ্ন জেলার শিল্প ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

শিল্পায়নকে অগ্রাধিকার দিয়ে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই নতুন বিনিয়োগ টানার উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি প্রশাসনের। সেই ধারাবাহিকতায় প্রথমে হুগলির ডানকুনিতে লাক্স কোজি গ্রুপের নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। এবার মেজিয়ায় শ্যাম স্টিলের নতুন কারখানার সূচনাকে শিল্পোন্নয়নের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
সম্প্রতি মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের উন্নয়নের পথে দীর্ঘদিন ধরে বাধা হয়ে থাকা তিনটি বড় সমস্যার মধ্যে অন্যতম ছিল আইনশৃঙ্খলার অবনতি, সিন্ডিকেট, কাটমানি, তোলাবাজি ও সর্বত্র রাজনৈতিক হস্তক্ষেপ। তাঁর দাবি, সরকার ক্ষমতায় আসার মাত্র দু’মাসের মধ্যেই এই পরিস্থিতির অনেকটাই পরিবর্তন হয়েছে এবং সেই ধারা বজায় থাকবে। ডানকুনির শিল্পাঞ্চলের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, এখন সেখানে ট্রাকের দীর্ঘ লাইনে দাঁড়িয়েও কাউকে আর তোলাবাজির শিকার হতে হচ্ছে না।

ডানকুনিতে লাক্স কোজি গ্রুপের নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং শিল্পমন্ত্রী তাপস রায়। সেই মঞ্চ থেকেই শিল্প স্থাপনের পথে তোলাবাজি ও সিন্ডিকেট রাজ আর বাধা হয়ে দাঁড়াবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছিল সরকার। একই অনুষ্ঠানে শমীক ভট্টাচার্য দাবি করেছিলেন, আগামী এক বছরের মধ্যেই পশ্চিমবঙ্গের শিল্প মানচিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে।

সরকারের দাবি, বর্তমানে পশ্চিমবঙ্গে নতুন শিল্প স্থাপনের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে একাধিক উদ্যোগও নেওয়া হচ্ছে। প্রশাসনের আশা, মেজিয়ায় শ্যাম স্টিলের এই প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিমাঞ্চলের শিল্প বিকাশে নতুন গতি আসবে এবং কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!