Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ২৮, ২০২৬

নিমতায় কংগ্রেস সাংসদ সৌগত রায়কে ঘিরে বিক্ষোভ

নিমতায় কংগ্রেস সাংসদ সৌগত রায়কে ঘিরে বিক্ষোভ

নিজের সংসদীয় এলাকাতেই তীব্র বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার নিমতায় তাঁকে ঘিরে ‘চোর-চোর’ স্লোগান দিতে দেখা যায় একদল বিক্ষোভকারীকে। এমনকি সাংসদের গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনাও ঘটে বলে অভিযোগ।
জানা গিয়েছে, এদিন দমদমের সাংসদ সৌগত রায় নিমতা থানায় একটি স্মারকলিপি জমা দিতে গিয়েছিলেন। থানার বাইরে বেরিয়ে আসতেই বিক্ষোভের মুখে পড়েন তিনি। উপস্থিত জনতার একাংশ তাঁকে লক্ষ্য করে ‘চোর-চোর’ স্লোগান দিতে শুরু করে। অভিযোগ, সেই সময় ভিড়ের মধ্য থেকেই সাংসদের গাড়ির দিকে ডিম ছোড়া হয়। যদিও ডিমটি সৌগত রায়ের গায়ে না লেগে তাঁর গাড়িতে গিয়ে লাগে।
এই ঘটনার জন্য বিজেপিকেই দায়ী করেছেন সৌগত রায়। তাঁর দাবি, বিজেপির কর্মী-সমর্থকেরাই পরিকল্পিতভাবে এই বিক্ষোভ দেখিয়েছে। তবে বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। রাজ্য বিজেপির অন্যতম মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। বিজেপি এ ধরনের ঘটনার সমর্থন করে না।” যদিও একই সঙ্গে তিনি মন্তব্য করেন, “ঘটনাটি অবাঞ্ছিত হলেও অস্বাভাবিক নয়।”
উল্লেখ্য, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূলের অবস্থান বেশ চাপে রয়েছে। সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে ছ’টিতেই পিছিয়ে পড়েছে তৃণমূল। শুধুমাত্র কামারহাটিতে জয় পেয়েছে শাসকদল। রাজনৈতিক মহলে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে, কামারহাটির বিধায়ক মদন মিত্রের সঙ্গে সৌগত রায়ের সম্পর্ক খুব একটা মসৃণ নয়।
সৌগত ঘনিষ্ঠ সূত্রের দাবি, বয়সজনিত কারণে এবং দীর্ঘদিন অসুস্থ থাকার পর সম্প্রতি তিনি জনসমক্ষে কম আসার পরামর্শ পেয়েছিলেন। কিন্তু সেই পরামর্শ উপেক্ষা করেই তিনি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
অন্যদিকে, তৃণমূলেরই এক স্থানীয় নেতা দাবি করেছেন, দমদম লোকসভা এলাকার কিছু স্থানীয় নেতার বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়ছে। সেই নেতাদের সঙ্গে সৌগত রায়ের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় সাধারণ মানুষের ক্ষোভের প্রভাব সাংসদের উপরও পড়ছে বলে মনে করা হচ্ছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!