- দে । শ প্রচ্ছদ রচনা
- জুলাই ২৫, ২০২৬
অবশেষে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ! প্রধানমন্ত্রীর কাছে ইস্তফা পাঠালেন ধর্মেন্দ্র
দীর্ঘদিন ধরে চলা ছাত্র আন্দোলনের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন। তৃতীয় দফার বৈঠকের কয়েক ঘণ্টা আগেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স -এ এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি।
গত এক মাসেরও বেশি সময় ধরে দিল্লির যন্তর মন্তর-এ অবস্থানরত ককরোচ জনতা পার্টি-র নেতৃত্বাধীন আন্দোলনকারীদের প্রধান দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানকে অপসারণ করা। এই দাবিকে কেন্দ্র করেই কেন্দ্রের সঙ্গে আলোচনায় বারবার অচলাবস্থা তৈরি হয়েছিল।
শনিবার সকালে সিজেপি স্পষ্ট জানিয়ে দেয়, সরকার যদি ধর্মেন্দ্র প্রধানকে সরাতে রাজি না হয়, তাহলে আলোচনায় বসার কোনও প্রশ্নই ওঠে না। অবশেষে শিক্ষামন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে আন্দোলনকারীদের সব দাবিই কার্যত পূরণ হয়েছে।
আন্দোলনকারীদের মূল তিনটি দাবি ছিল:
- শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।
- আন্দোলনরত ছাত্রছাত্রীদের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা না নেওয়া।
- NEET প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদান।
শুক্রবার কেন্দ্র সরকার দ্বিতীয় ও তৃতীয় দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে কোনও মন্তব্য করেনি। তবে শনিবার ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘোষণার পর সেই জট কাটে।
পদত্যাগের ঘোষণা দিয়ে এক্স-এ ধর্মেন্দ্র প্রধান লেখেন, “এই দেশের যুবসমাজের আকাঙ্ক্ষা, অনুভূতি এবং ন্যায্য প্রত্যাশার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। ভারতের তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণ করা আমাদের রাজনৈতিক ও সামাজিক জীবনের নৈতিক অঙ্গীকার। দেশের সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর প্রকাশ্যে আসতেই যন্তর মন্তরে আন্দোলনরত ছাত্রদের মধ্যে উচ্ছ্বাসের পরিবেশ তৈরি হয়। আন্দোলনকারীরা আনন্দ উদযাপন শুরু করেন।
এদিকে সিজেপি তাদের প্রতিক্রিয়ায় এক্স-এ পোস্ট করে লিখেছে, “Long Live Student Power” অর্থাৎ ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক।
❤ Support Us





