Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ১, ২০২৬

জানুয়ারিতেই শুরু যাত্রা কলকাতা–গুয়াহাটি বন্দে ভারত স্লিপারের

আরম্ভ ওয়েব ডেস্ক
জানুয়ারিতেই শুরু যাত্রা কলকাতা–গুয়াহাটি বন্দে ভারত স্লিপারের

উত্তরবঙ্গ সফর আরও সহজ ও আরামদায়ক হতে চলেছে। ইংরেজি নতুন বছরের শুরুতেই বাংলার জন্য বড় উপহার দিল রেল মন্ত্রক। ১ জানুয়ারি কলকাতা–গুয়াহাটির মধ্যে বন্দে ভারত স্লিপার ট্রেন চালুর ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর কথায়, আগামী ১৫–২০ দিনের মধ্যেই এই পরিষেবা চালু হতে পারে, সম্ভবত ১৮ বা ১৯ জানুয়ারি থেকে। ট্রেনটির উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী—এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী। এএনআই সূত্রে খবর, দিনক্ষণ চূড়ান্ত করতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে এবং ২–৩ দিনের মধ্যেই তার ঘোষণা হতে পারে।

এই বন্দে ভারত স্লিপার ট্রেনটি কলকাতা থেকে গুয়াহাটির মধ্যে চলবে। ট্রেনে মোট ১৬টি কোচ থাকবে। এর মধ্যে ১১টি থ্রি টিয়ার এসি, ৪টি টু টিয়ার এসি এবং ১টি ফার্স্ট ক্লাস এসি কোচ রাখা হচ্ছে। গোটা ট্রেনটিই হবে শীতাতপ নিয়ন্ত্রিত। যাত্রী সুরক্ষার জন্য থাকবে ‘কবচ’ নিরাপত্তা ব্যবস্থা এবং ইমার্জেন্সি টক-ব্যাক সিস্টেম।

রেলমন্ত্রী জানিয়েছেন, ট্রেনটি হাওড়া থেকে যাত্রা শুরু করে ব্যান্ডেল, কাটোয়া হয়ে মালদা টাউন ছুঁয়ে নিউ জলপাইগুড়ি (NJP) পৌঁছবে। সেখান থেকে নিউ কোচবিহার ও নিউ বঙ্গাইগাঁও হয়ে গন্তব্য গুয়াহাটিতে পৌঁছবে। এই রুটে ট্রেনটি অসমের কামরূপ মেট্রোপলিটন ও বঙ্গাইগাঁও জেলা এবং পশ্চিমবঙ্গের হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা, জলপাইগুড়ি ও কোচবিহার জেলা যুক্ত করবে।

পরিকল্পনা অনুযায়ী, সন্ধ্যাবেলা ট্রেনটি ছাড়বে এবং পরের দিন সকালে যাত্রীরা গন্তব্যে পৌঁছতে পারবেন। ফলে উত্তরবঙ্গ ও অসম যাত্রায় সময় বাঁচার পাশাপাশি রাতের সফর হবে আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ। বন্দে ভারত স্লিপার চালু হলে উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাংলার রেল যোগাযোগে এক নতুন অধ্যায় শুরু হবে বলেই মনে করছে রেল মন্ত্রক।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!