- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ২১, ২০২৬
বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, দোলের আগে বাড়বে গরম। দক্ষিণবঙ্গে বৃষ্টির ইঙ্গিত
আবহাওয়ার খামখেয়ালিপনায় নাজেহাল সাধারণ মানুষ। ভোরে তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নামছে, আবার রাতেই তা ছুঁয়ে ফেলছে ৩০ ডিগ্রির গণ্ডি; এই দু-মুখো আবহাওয়াই এখন ‘তুর্কি নাচন’ নাচাচ্ছে বঙ্গবাসীকে। আবহবিদদের আশঙ্কা, মার্চ পড়তেই আরও চড়বে তাপমাত্রার পারদ।
এদিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তার প্রভাবে আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি (সোম ও মঙ্গলবার) হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার ওড়িশা সংলগ্ন এলাকায় এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশে। একই সঙ্গে ওড়িশা ও সংলগ্ন উপকূলবর্তী জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গে আগামী ২-৩ দিনের মধ্যে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। একাধিক জেলায় আকাশ আংশিক মেঘলা থাকবে।
কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবার তা বেড়ে ২১ ডিগ্রির ঘরে পৌঁছতে পারে। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি বেশি। বুধবারের মধ্যে কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। ফলে এবারের দোল ও হোলি উৎসব ঘাম ঝরিয়েই কাটতে পারে। শনিবার, শহরের বাতাসে জলীয় বাষ্পের সর্বাধিক পরিমাণ ৮২ শতাংশ এবং সর্বনিম্ন ৪০ শতাংশ। অন্যদিকে, উত্তরবঙ্গে সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। সেখানেও ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস।
❤ Support Us







