- দে । শ
- ডিসেম্বর ২৩, ২০২৫
প্রশাসনের হস্তক্ষেপে জবরদখলকারীদের হটিয়ে ফিরল জমির অধিকার
প্রোমোটার হটিয়ে ভূমিহীনদের জমি ফেরাল প্রশাসন। কালনা ২নং ব্লকের কল্যাণপুর পঞ্চায়েতের সাহাপুর গ্রামের ঘটনায় প্রশাসনের ভূমিকায় কৃতজ্ঞতা ভূমিহীনদের। তাদের পাট্টা পাওয়া জমি চলে গিয়েছিল জবরদখলকারীদের হাতে। ঘটনাটি প্রশাসনের নজরে আসতেই সক্রিয়তার সঙ্গে বিষয়টির নিষ্পত্তি হল। পাট্টা পাওয়া জমিতে চাষ শুরু করেন পাট্টা প্রাপকরা।
কালনা ২নং ব্লকের বিডিও তন্ময় দত্ত বলেন, ‘মোট ৫ একর ৬০ শতক জমির মধ্যে ৪ একর ৫৫ শতক জমি ২১ জন পাট্টাদারকে ফিরিয়ে দেওয়া হয়েছে। বাকি জমি সরকারের। পাট্টা প্রাপকরা তাদের জমিতে চাষের কাজ শুরুও করে দিয়েছেন।’
উল্লেখ্য যে, কালনা ২নং ব্লকের কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের সাহাপুর এলাকায় ২০০২ সালে ভূমিহীন কৃষকদের হাতে পাট্টা জমি তুলে দেওয়া হয়েছিল। গত এপ্রিল মাসে সেই পাট্টার বৈধতা উড়িয়ে সেইসব জমিতে প্রোমোটাররাজ কায়েম ও জমি দখলের অভিযোগ ওঠে। চাষের জমি দখল করে ইটের রাস্তা তৈরি করা হয়। গত এপ্রিল মাসে ফসল কাটার পর থেকে চাষের কাজে বন্ধ করা হয়। প্রশাসনের নজরে আসতেই জেসিবি মেশিন দিয়ে ইটের রাস্তা উপড়ে ফেলা হয়েছে। পাট্টাদারদের অধিকার ফিরিয়ে দিতে প্রক্রিয়া শুরু করে প্রশাসন। পুলিশের উপস্থিতিতে মাপজোকের কাজ করে পুরো জমি পাট্টাদারদের হাতে ফিরিয়ে দেওয়া হয়। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ব্লক প্রশাসন এবং ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক-সহ বিশাল পুলিশবাহিনী। জমি ফেরত পেয়ে খুশি ভূমিহীন পাট্টাপ্রাপকরা প্রশাসনকে কৃতজ্ঞতা জানিয়েছে।
❤ Support Us






