- দে । শ প্রচ্ছদ রচনা
- নভেম্বর ১০, ২০২৫
লালকেল্লার কাছে ৩টি গাড়িতে বিস্ফোরণ, আশেপাশের গাড়িতে আগুন। জখম বহু
রাজধানীর রেড ফোর্ট বা লালকেল্লার কাছে সোমবার সন্ধ্যা ৬:৫৫ টার দিকে গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের জেরে লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে থাকা কয়েকটি গাড়িতেও আগুন ধরে যায়। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন, তবে মৃতের সংখ্যা নিশ্চিত নয়।
দিল্লি ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, ‘লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে একটি গাড়িতে বিস্ফোরণের খবর পাওয়া যায়, এরপর আরও ৩-৪টি গাড়িতে আগুন ধরে যায়। দ্রুত ঘটনাস্থলে ৭টি ফায়ার ইঞ্জিন এবং ১৫টি অ্যাম্বুল্যান্স পাঠানো হয়। দমকলকর্মীরা কয়েক মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, বিস্ফোরণটি ঘটেছে মেট্রো স্টেশনের পার্কিং লটে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে। বিস্ফোরণের সময় ভিড়ের মধ্যে দেশি-বিদেশি পর্যটক এবং স্থানীয় বাসিন্দারা ছিলেন। আচমকাই গাড়ি বিস্ফোরণের বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়, পর্যটক এবং স্থানীয়রা ছোটাছুটি শুরু করেন।
পুলিশ ও ফরেনসিক দল এখনও বিস্ফোরণের প্রকৃতি এবং কারণ নির্ধারণের চেষ্টা করছে। প্রাথমিক অনুমান অনুসারে, এটি একটি সুনির্দিষ্ট নাশকতার ঘটনা হতে পারে। এদিন কেন্দ্রীয় গোয়েন্দারা দিল্লিতে বড়সড় জঙ্গি হামলার ছক ভেস্তে দেওয়ার দাবি করেছেন। উদ্ধার হয়েছে বিপুল অস্ত্রশস্ত্র। সে কারণে এই ঘটনায় জঙ্গি বা নাশকতার সংযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং ফরেনসিক দল সক্রিয়ভাবে তদন্ত চালাচ্ছে। বিস্ফোরণের জেরে ইতিমধ্যেই বিভিন্ন এলাকার সমস্ত গুরুত্বপূর্ণ স্থান ঘিরে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।
দিল্লি ফায়ার ডিপার্টমেন্টের একজন আধিকারিক জানান, ‘বিস্ফোরণের খবর পাওয়ার পর দ্রুত দমকলের গাড়ি পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে কিছু মানুষ আহত হয়েছেন।’এ রেড ফোর্টের মতো কড়া নিরাপত্তা বলয়ে ঘেরা এলাকায় এ ধরণের বিষ্ফোরণে পর্যটক ও স্থানীয়দের মনে প্রবল আতঙ্ক সৃষ্টি করেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, রাজধানীতে কোনো জঙ্গি সংগঠন এই ঘটনা ঘটাতে পারে। তবে তদন্ত এখনো চলমান। দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় সাধারণ যান চলাচল সীমিত রাখা হয়েছে। ফরেনসিক দল বিস্ফোরণের কারণ, সময় এবং সম্ভাব্য দায়ীদের খুঁজে বের করতে কাজ করছে। প্রতিবেদন লেখা পর্যন্ত দিল্লিপুলিশ বা কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি।
❤ Support Us





