- দে । শ
- ডিসেম্বর ১২, ২০২৫
সাসপেন্ড ১, শোকজ ৩৫ ডিলারকে সারের কালোবাজারি রুখতে কঠোর প্রশাসন
এমনিতেই কেন্দ্র সরকার সারের দর বাড়িয়েই চলেছে। তার উপর বাড়তি দাম নিচ্ছেন অনেক ডিলার। অভিযোগের তদন্তে নেমে পূর্বস্থলী ২নং ব্লকের এক ডিলারকে ৬ মাসের জন্য সাসপেন্ড করেছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। এছাড়া কৃষি দপ্তর জেলাজুড়ে অভিযান চালিয়ে মোট ৩৫ জন ডিলারকে শোকজ করেছে। জেলাশাসক আয়েশা রানি এ-র সাফ কথা, ‘জেলার সমস্ত ব্লকে অভিযান চলতেই থাকবে। সারের অতিরিক্ত দাম নিলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে।’ উল্লেখ্য যে, এখন আলু বসানো চলছে। এই সময় ১০-২৬-২৬ সারের চাহিদা তুঙ্গে থাকে। সেই মওকায় এক শ্রেণির ডিলার অতিরিক্ত দাম নিয়ে ফায়দা তুলছে বলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কৃষকদের অভিযোগ পেয়েই নড়েচড়ে বসে প্রশাসন। এমনিতে ১০-২৬-২৬ সারের বস্তায় সর্বোচ্চ দাম লেখা রয়েছে ১,৮৫০ টাকা। অনেকে ২ হাজার টাকা বা তারও বেশি দাম নিচ্ছেন বলে অভিযোগ কৃষকদের।
সারের কালোবাজারি রুখতে অভিযান চালাচ্ছেন আধিকারিকরা। চাষিদের সঙ্গে কথা বলছেন। সার বিক্রির পর রসিদ দেওয়া হচ্ছে কিনা দেখছেন। ই-পস যন্ত্র পরীক্ষা করছেন। অনেক বিক্রেতা সারের সঙ্গে অনুখাদ্য বা অন্যান্য তরল সার কেনা বাধ্যতামূলক বলে চাষিদেরকে সেগুলো গছাচ্ছেন কিনা, তদন্ত করছেন। সারের গোডাউনগুলো দেখে মজুত সার ও বিক্রির পরিসংখ্যান নথিভুক্ত করছেন। তবে বহু ডিলারের দাবি, যারা বিনা লাইসেন্সে খুশিমত দামে সার বিক্রি করে লাইসেন্সপ্রাপ্ত ডিলারদের বদনাম করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
❤ Support Us





