- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ৫, ২০২৫
তামিলনাড়ুর তিরুভান্নামালাই মন্দিরের গর্ভগৃহ থেকে উদ্ধার চোল আমলের প্রাচীন স্বর্ণ মুদ্রা
তামিলনাড়ুর তিরুভান্নামালাই জেলায় অবস্থিত এক প্রাচীন শিব মন্দিরের সংস্কার কাজের সময় উদ্ধার হল ১০০টিরও বেশি প্রাচীন স্বর্ণমুদ্রা। কর্মরত শ্রমিকরা একটা মাটির পাত্রে এই স্বর্ণমুদ্রাগুলি উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে জাওয়াদ পাহাড়ের কাছে কোভিলুর গ্রামে।
জাওয়াদ পাহাড়ের কাছেই কোভিলুরে শিবন মন্দিরে সংস্কারের কাজ চলছে। মন্দিরের প্রধান দেবতার গর্ভগৃহ সংস্কারের সময় একটা মাটির পাত্রে ১০৩টি প্রাচীন সোনার মুদ্রা আবিষ্কার হয়। ঘটনাটি জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গে রাজস্ব বিভাগ এবং হিন্দু ধর্মীয় ও দাতব্য দান বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তারা মুদ্রাগুলি হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেন। পুলিশ জানিয়েছে যে এই ঘটনায় কোনও মামলা দায়ের করা হয়নি।
পোলুর থানার এক ঊর্ধ্বতন পুলিশ কর্তা সংবাদসংস্থা পিটিআইকে জানান, ‘সোমবার নির্মাণ কাজ চলাকালীন একটা মাটির পাত্র থেকে ১০৩টি সোনার মুদ্রা আবিষ্কৃত হয়েছে।’ মন্দিরটি কয়েক শতাব্দীর পুরনো। অনেকের ধারণা, এই মন্দিরটি চোল রাজা রাজারাজ চোলন তৃতীয়ের যুগে নির্মিত হয়েছিল।
পোলুর থানার পুলিশের ওই কর্তা বলেন, ‘মন্দিরের গর্ভগৃহের সংস্কারের কাজ চলছিল। সেই সময় এই মাটির পাত্রটি আবিষ্কৃত হয়েছিল। আবিষ্কারের সঙ্গে সঙ্গে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে তাৎক্ষণিকভাবে আমাদের জানানো হয়।’ ওই পুলিশ কর্তা আরও জানান, রাজস্ব বিভাগ এবং হিন্দু ধর্মীয় ও দাতব্য দান বিভাগের কর্তারা মুদ্রাগুলির ইতিহাস অনুসন্ধান করবে। তিনি বলেন, ‘আমরা এই ব্যাপারে কোনও মামলা দায়ের করিনি। রাজস্ব বিভাগ এবং হিন্দু ধর্মীয় ও দাতব্য দান বিভাগের কর্তারা সোনার মুদ্রার ইতিহাস খুঁজে বের করবেন।’
স্বর্ণমুদ্রার ঐতিহাসিক পটভূমি এবং সময়কাল খুঁজে বের করার জন্য বিশেষজ্ঞদের একটা দল গঠন করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে এই মুদ্রাগুলি চোল রাজবংশের সঙ্গে সম্পর্কিত হতে পারে। কারণ, চোল রাজারা দক্ষিণ ভারতে মন্দির নির্মাণ এবং বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিলেন। স্বর্ণমুদ্রা আবিষ্কারের পর থেকেই এলাকাতে দারুণ উত্তেজনা। স্থানীয়রা মন্দিরটিকে ঐতিহাসিক গুরুত্বের স্থান বলে মনে করে। তারা এই আবিষ্কারকে একটি শুভ লক্ষণ হিসেবে দেখছে। মন্দির সংস্কারের সময় পাওয়া এই স্বর্ণমুদ্রাগুলি তামিলনাড়ুর সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের এক নিদর্শন।
❤ Support Us






