- দে । শ প্রচ্ছদ রচনা
- আগস্ট ৩০, ২০২৫
আবার মেঘভাঙা বৃষ্টি জম্মু ও কাশ্মীরে। রামবান ও রিয়াসিতে ৫ শিশুসহ একই পরিবারের ৭ জন প্রাণ হারালেন
উত্তর ভারতে মেঘ ভাঙনের ঘটনা যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার মেঘ ভাঙনের ফলে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ ও চামোলি জেলা। আজ ভোরে মেঘ ভাঙনের ঘটনা ঘটল জম্মু ও কাশ্মীরের রামবান ও রিয়াসিতে। মেঘ ভাঙন ও ভূমিধসে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত।
বিগত কয়েকসপ্তাহ ধরে জম্মু ও কাশ্মীরে ভারী বৃষ্টিপাত চলছে। এর মধ্যেই মেঘ ভাঙনের ঘটনা। একসপ্তাহ আগেই ভারী বৃষ্টিপাতের কারণে মাতা বৈষ্ণো দেবী মন্দিরের কাছে ভূমিধসে ৩৫ জনের মৃত্যু হয়। তার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার আবার ডোডা জেলায় মেঘভাঙার ঘটনা ঘটে। এবার রামবান ও রিয়াসিতে। শুক্রবার ভোরে রিয়াসি জেলায় ভূমিধসের কারণে বাড়ি ধসে পড়ে একই পরিবারের ৭ সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার সকালে কাঁচা বাড়ির ধ্বংসাবশেষ থেকে ৪, ৬, ৮, ১০, ১২ বছর পাঁচ শিশুসহ সাত জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
রামবানের রাজগড়ের উঁচু এলাকায় মেঘ ভাঙনের ফলে আকস্মিক বন্যায় ৪ জন প্রাণ হারিয়েছেন এবং আরও ৪ জন নিখোঁজ রয়েছেন। প্রবল বৃষ্টিতে ঘরবাড়ি ভেসে গেছে। উদ্ধারকার্য চলছে। রামবন জেলা শ্রীনগর থেকে ১৩৬ কিমি দূরে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং রামবানের মেঘভাঙার ঘটনার কথা উল্লেখ করে জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের সব ধরণের সহায়তা প্রদান করা হচ্ছে। এক্স–এ এক পোস্টে তিনি লিখেছেন, ‘রামবানের জেলা প্রশাসক মোহাম্মদ আলিয়াস খানের সাথে কথা হয়েছে। রাজগড় এলাকায় মেঘ ভাঙার ফলে ৪ জন দুর্ভাগ্যজনকভাবে নিহত হয়েছেন। একজন নিখোঁজ। তার খোঁজ চলছে। উদ্ধার অভিযান চলছে। সম্ভাব্য সব ধরণের সহায়তা প্রদান করা হচ্ছে।’
জম্মু ও কাশ্মীরে এক সপ্তাহ ধরে প্রবল বৃষ্টিপাত চলছে। নদীগুলো উপচে পড়েছে। বন্যার জল রাস্তার সবকিছু তছনছ করে দিয়েছে। ঢাল বেয়ে পাথর ভেঙে পড়ছে। ২৭০ কিমি দীর্ঘ জম্মু–শ্রীনগর জাতীয় মহাসড়ক, যা রাজ্যের লাইফলাইন, টানা ৫ দিন বন্ধ রয়েছে। এই সপ্তাহের শুরুতে ভারী বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যার ফলে উধমপুর জেলার জাখেনি এবং চেনানির মধ্যে ভূমিধসে ২০০০টিরও বেশি যানবাহন আটকা পড়েছে। ভূমিধস এবং ভাঙনের কারণে জম্মু অঞ্চলের ৯টি আন্তঃজেলা সড়কও বন্ধ রয়েছে। কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টিপাতের কারণে জম্মু, সাম্বা, কাঠুয়া এবং উধমপুরের কয়েক ডজন গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন।
❤ Support Us






