- এই মুহূর্তে বি। দে । শ
- জুন ২৬, ২০২৫
মেক্সিকোতে বন্দুকবাজের হামলায় নিহত ১২, ২০ আহত
আনন্দের মাঝে এভাবে যে বিষাদের ছায়া নেমে আসবে, কে জানত। ভাবতে পারেননি ওরাও। নাচ–গান ও সুরাপানে মেতে ওঠার মাঝেই একের পর এক গুলি। ঝাঁঝরা হয়ে গেল বেশ কয়েকটি প্রাণ। মেক্সিকোর গুয়ানাজুয়াতো রাজ্যে ইরাপুয়াতো শহরের বন্দুকধারীদের গুলিতে ১২ জন নিহত হয়েছেন। ২০ জনেরও বেশি আহত। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা বাড়তে পারে।
সেন্ট জন দ্য ব্যাপটিস্টের সম্মানে রাস্তায় নেমে নাচ–গান ও মদ্যপান করছিল স্থানীয়রা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ব্যান্ড বাজানোর সময় একটা হাউজিং কমপ্লেক্সের বারান্দায় লোকজন নাচানাচি করছে। সেই সময় কয়েকজন বন্দুকধারী হঠাৎই হামলা চালিয়ে গুলিবর্ষণ শুরু করে। ইরাপুয়াতোর কর্তা রোডোলফো গমেজ সার্ভান্তেস জানান, এই গুলি চালানোর ঘটনায় ১২ জন নিহত হয়েছেন ও প্রায় ২০ জন আহত হয়েছেন। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। দোষীদের চিহ্নিত করে দ্রুত শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন।
মেক্সিকো সিটির উত্তর–পশ্চিমে অবস্থিত গুয়ানাজুয়াতো বহু বছর ধরে মেক্সিকোর সবচেয়ে সহিংস রাজ্যগুলির মধ্যে অন্যতম। এই অঞ্চল অপরাধী গোষ্ঠীগুলি মাদক পাচার এবং অন্যান্য অবৈধ ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছে। বছরের প্রথম পাঁচ মাসে রাজ্যটিতে ১,৪৩৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যা অন্য যেকোনো রাজ্যের দ্বিগুণেরও বেশি। আগের মাসে গুয়ানাজুয়াতোর সান বার্তোলো দে বেরিওসে ক্যাথলিক চার্চ আয়োজিত একটা পার্টিতে গুলি চালানোর ঘটনায় ৭ জন নিহত হন। মঙ্গলবার রাজ্যে অন্য এক পৃথক ঘটনায় আরও পাঁচজন নিহত হয়েছেন বলে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে।
❤ Support Us






