- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ১৭, ২০২৫
ভারী বৃষ্টিপাত ও ধসে উত্তরাখণ্ডে মৃত ১৫, হিমাচল প্রদেশে ৩, দেরাদুনে স্কুল–কলেজ বন্ধ
দেরাদুনের সহস্ত্রধারায় মেঘভাঙার ঘটনার পরেও উত্তরাখণ্ডে স্বস্তির কোনও সম্ভাবনা নেই। উত্তরাখণ্ডের মতো একই অবস্থা পার্শ্ববর্তী হিমাচল প্রদেশেও। উপচে পড়া নদী, ধসে পড়া রাস্তা, ক্ষতিগ্রস্ত বাড়িঘর, উল্টে যাওয়া যানবাহন, এগুলো এখন পরিচিত দৃশ্য উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের। সোমবার থেকে ভারী বৃষ্টিপাতের কারণে উত্তরাখণ্ডে ১৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে, হিমাচলের মান্ডিতে ভূমিধসে ৩ জনের মৃত্যু হয়েছে।
সোমবার রাত থেকে উত্তরাখণ্ডের দেরাদুনে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। যার ফলে তপোবন, সহস্ত্রধারা এবং আইটি পার্ক এলাকায় বেশ কয়েকটি রাস্তা, বাড়িঘর এবং দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে বিভিন্ন জায়গায় ধস নেমেছে। নদীর তীব্র স্রোতে রাস্তা, সেতু ভেসে গেছে। দেরাদুনে ১৩ জনের মৃত্যু হয়েছে। ১৬ জন নিখোঁজ এবং ৯০০ জনেরও বেশি মানুষ আটকা পড়েছেন। দেরাদুন ছাড়াও নৈনিতাল এবং উধম সিং নগরে একজন করে মারা গেছেন। টংস নদীতে খনি শ্রমিকদের ভেসে যাওয়ার খবরও পাওয়া গেছে। এখনও পর্যন্ত ৮ জন খনি শ্রমিকের মৃতদেহ পাওয়া গেছে।
দেরাদুনের প্রেম নগর এলাকায় উত্তরাঞ্চল বিশ্ববিদ্যালয়ের কাছে একটা সেতু আকস্মিক বন্যার ফলে ভেঙে পড়েছে। এলাকার বেশ কয়েকটি হোটেল দারুণভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। টেলিফোন লাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। বিদ্যুৎ ও যোগাযোগ পরিষেবা পুনরায় চালু করার জন্য সংস্কারের কাজ চলছে। ধসের কারণে উত্তরাখণ্ডে জীবন আশ্রমের কাছে ৭০৭ নম্বর মুসৌরি বেন্ড–কেম্প্টি জাতীয় সড়ক বন্ধ। নাগনির কাছে জাতীয় সড়ক বন্ধ। এছাড়া ভিন্নুর কাছে রাস্তা বন্ধ, চাম্বা থানা এলাকার আমসেরা এবং ফাকোটের কাছে জাতীয় সড়ক বন্ধ রয়েছে।
বুধবার সকাল থেকেই দেরাদুনসহ পাহাড়ি এলাকা মেঘলা। দেরাদুন এবং চামোলিসহ বেশ কয়েকটি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে দেরাদুন, চামোলি, চম্পাবত, নৈনিতাল, পৌরি গাড়োয়াল, তেহরি, বাগেশ্বর এবং পিথোরাগড়ের মতো জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত এবং বজ্রপাতের সতর্কতা জারি করেছে। অনেক জেলায় স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ হলুদ সতর্কতা জারি করেছে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি নিজের জন্মদিন উদযাপন না করে দুর্ঘটনাকবল এলাকায় ছুটে যান। দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন করেন এবং ত্রাণ ও উদ্ধার কাজের জন্য কর্তাদের প্রয়োজনীয় নির্দেশ দেন। জেলা ম্যাজিস্ট্রেট এবং সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট দুর্যোগ উদ্ধার অভিযান পর্যালোচনা করতে সহস্ত্রধারায় পৌঁছেছেন এবং পরিস্থিতির ওপর সর্বক্ষণ নজর রাখছেন।
বৃষ্টির তীব্রতা হিমাচল প্রদেশেও প্রভাব ফেলেছে। ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। মান্ডি জেলায় পার্শ্ববর্তী পাহাড়ের ধ্বংসাবশেষ বাড়ির ওপর পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে । বেশ কয়েকটি যানবাহন ভেসে গেছে, দোকানপাটের ক্ষতি হয়েছে। ভূমিধসের আশঙ্কায় সিমলার পান্থঘাটিতে একটা পাঁচতলা ভবন খালি করা হয়েছে। মঙ্গলবার ভূমিধসের ফলে কয়েক ডজন যানবাহন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়। ফলে যান চলাচল ব্যাহত হয়। বন্যার কারণে শিপকি লা–তে চীন–ভারত সীমান্তের সংযোগকারী ৫ নম্বর জাতীয় মহাসড়ক বন্ধ হয়ে গেছে।
❤ Support Us






