- দে । শ
- ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বেনারস থেকে সড়ক পথে রাজ্যে আসছে মাদক।উদ্বার ১২০ লিটার ফেন্সিডিল, আটক ২
গভীর রাতে রাজ্যসড়ক ধরে তীব্র গতিতে ছুটছিল মারুতি ভ্যান। সন্দেহ হতেই আটকায় কেতুগ্রাম থানার পুলিশ। চালায় তল্লাশি। উদ্ধার করে ১২০ লিটার নিষিদ্ধ কাফ সিরাপ ফেন্সিডিল। ১০০ মিলিলিটারের ১২০০ বোতল বাজেয়াপ্ত করা হয়েছে। সেগুলি ৬টি নাইলনের বস্তায় ১২টি কার্টুনের মধ্যে রাখা ছিল। গত রাতের ঘটনায় সিরাপ পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় ২ জনকে। পুলিশসূত্রে জানা গেল, বেনারস থেকে মুর্শিদাবাদে অবৈধভাবে এই নিষিদ্ধ কাফ সিরাপ নিয়ে যাওয়া হচ্ছিল। ৬ নং রাজ্য সড়কের কেতুগ্রামের পাঁচুন্দি মোড়ের কাছে নাকা চেকিং করছিল পুলিশ। সেখানেই গাড়িটিকে আটকায় পুলিশ। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চিন্ময় সরকার ও মফিজুল মন্ডল নামে ২ পাচারকারীকে গ্রেফতার করে। মারুতি গাড়িটিকে বাজেয়াপ্ত করার পাশাপাশি ধৃতদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য চোরাচালান বিরোধী বিশেষ ধারায় মামলা রুজু করা হয়েছে। চিন্ময় মুর্শিদাবাদের রানিনগর ও মফিজুল মুর্শিদাবাদেরই নওদার দুর্লভপুরের বাসিন্দা। তাদেরকে বর্ধমান আদালতে পেশ করা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
❤ Support Us





