- দে । শ
- ডিসেম্বর ৬, ২০২৪
কালনায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে সদস্যদের ঘরে ভরে ভয়াবহ ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২
কালনার হিজুলি গ্রামে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারের কপালে বন্দুক ঠেকিয়ে বাড়ির অন্যান্য সদস্যদের ঘরে পুরে ভয়াবহ ডাকাতির ঘটনায় ২ অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ। ধৃত কৃষ্ণপদ মণ্ডল ও অলোক বিশ্বাস নদিয়ার বাসিন্দা। তাদের কাছ থেকে ডাকাতির জন্য ব্যবহার করা ২টি মোটরবাইক, ১টি আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। তাদেরকে হুগলীর চুঁচুড়া আদালতে পেশ করা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ঘটনার ২৪ ঘন্টা পেরনোর আগেই পুলিশের এহেন কৃতিত্বের প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসী। জানা গেল, কালনার কল্যাণপুর পঞ্চায়েতের হিজুলি গ্রামে ডাকাতির পর ২টি মোটরবাইকে চেপে ৪ জনের দলটি এসটিকেকে রোড ধরে হুগলীর দিকে পালাচ্ছিল। পুলিশ ধাওয়া করে ত্রিবেণীর কাছে দলটিকে ঘিরে ফেলে। তখন পুলিশের গাড়ি লক্ষ করে দুষ্কৃতীরা বোমা ছুঁড়তে থাকে। নাছোড়বান্দা পুলিশ শেষমেশ দুজনকে গ্রেপ্তার করে। বাকি ২ জনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
কালনার কল্যাণপুর পঞ্চায়েতের হিজুলি এলাকায় সুভাষ ধরের বাড়িতে বুধবার রাতের ডাকাতির ঘটনায় এলাকাজুড়ে সাঙ্ঘাতিক আতঙ্ক ছড়িয়েছে। সন্ধে হতেই বাড়িতে খিল আঁটছেন এলাকার বাসিন্দারা। বাড়ির মালিক ক্ষুদ্র ব্যবসায়ী সুভাষ ধরের দাবি, ‘দেড় লক্ষ টাকা ও প্রায় ৭ ভরি সোনার গহনা নিয়ে চম্পট দেয় ডাকাতরা।’ পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাহুল পাণ্ডে জানান, ‘পালানোর সময় হুগলীর মগরার কাছে ২ জন দুষ্কৃতীকে পাকড়াও করেছে পুলিশ। বাকি ২ জনের সন্ধানে তল্লাশি চলছে।’
বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে জানা গেল, সুভাষ ধরের প্রতিবেশী চীনা মন্ডল ও তার স্ত্রীর গলায় কাটারি ও কপালে আগ্নেয়াস্ত্র ধরে তার বাড়িতে ঢোকে দুষ্কৃতীরা। মাথায় টুপি পরা ও মুখে কাপড় জড়ানো দুটি মোটরবাইকে চেপে ৪ জন দুষ্কৃতী এসেছিল। বাড়িতে ঢুকে পরিবারের সমস্ত সদস্যদের একটি ঘরে আটকে সকলের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয় দুষ্কৃতীরা। একটি ঘরে সকলকে ভরে মাথা নিচু করে বসে থাকতে বলে। মাথা তুললেই গুলি করে মেরে ফেলার হুমকি দেয়। পরিবারের একটি শিশুকন্যা কাঁদতে থাকায় তার টুঁটি চেপে ধরে দুষ্কৃতীরা। এরপরই সমস্ত জিনিসপত্র নিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয়।
❤ Support Us





