Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ২৮, ২০২৫

জয়পুরে ফের মর্মান্তিক দুর্ঘটনা ! হাইটেনশন তারের স্পর্শে বাসে আগুন। দগ্ধ বাবা-মেয়ে, আশঙ্কাজনক বহু

আরম্ভ ওয়েব ডেস্ক
জয়পুরে ফের মর্মান্তিক দুর্ঘটনা ! হাইটেনশন তারের স্পর্শে বাসে আগুন। দগ্ধ বাবা-মেয়ে, আশঙ্কাজনক বহু

রাজস্থানের জয়পুরে ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা। হাই ভোল্ট বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে মুহূর্তের মধ্যে আগুনের কবলে পড়েছে শ্রমিকবাহী একটি বাস। ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মৃত্যু হয় ২ জনের। আরও ৫ জন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের জয়পুরের সাওয়াই মান সিং হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে জয়পুর জেলার শাহপুরা থানার অন্তর্গত টোডি এলাকায়। পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশের বরেলি জেলা থেকে ১০ জন শ্রমিক একটি ইটভাটায় কাজ করতে এসেছিলেন। তাঁরা বাসে করে টোডির দিকে যাচ্ছিলেন। পথে ১১,০০০ কিলোভোল্টের একটি উচ্চ-চাপের বৈদ্যুতিক তার ছিঁড়ে গিয়ে বাসের গায়ে পড়ে। সঙ্গে সঙ্গে বিধ্বংসী আগুন ধরে যায় বাসটিতে। মুহূর্তের মধ্যে চারদিক ছেয়ে যায় ধোঁয়ায় ও আগুনে। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে প্রাণ হারিয়েছেন নাসিম (৫০) ও তাঁর মেয়ে সাহিনাম (২০)। তাঁদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে জয়পুর পুলিশ। আহত ১০ শ্রমিকের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন নাজমা, সিতারা, নাহিম, আজার এবং আলতাফ নামের ব্যক্তিরা। বাকিদের স্থানীয় শাহপুরা উপজেলা হাসপাতালে চিকিৎসা চলছে।

দুর্ঘটনার কারণ সম্পর্কে শাহপুরা অঞ্চলের উপ-বিভাগীয় ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, বাসটি অতিরিক্ত বোঝাই ছিল। ছাদে অতিরিক্ত মালপত্র তোলার কারণে সেটি বিদ্যুতের তারে স্পর্শ করে। তাঁর দাবি, অতিরিক্ত বোঝার কারণেই ওই উচ্চ-চাপের তার ছিঁড়ে পড়ে এবং বাসে আগুন লাগে। তবে এলাকাবাসীর দাবি, তাঁরা আগেই বিদ্যুৎ দফতরকে ওই ঝুলে থাকা তারের বিপদ সম্পর্কে জানিয়েছিলেন। কিন্তু বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের গাফিলতিই এই মৃত্যুর জন্য দায়ী। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। সামাজিক যোগাযোগমাধ্যম-এ তিনি লেখেন, ‘জয়পুরে বাসে আগুন লাগার ঘটনায় দু-জনের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ পাশাপাশি রাজস্থানে সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনার বাড়বাড়ন্ত নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। শেষ পাওয়া খবর পর্যন্ত পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের ছাদে অতিরিক্ত মালপত্রর কারণের বিদ্যুতের তারের সঙ্গে সংস্পর্শ ঘটে। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!