- এই মুহূর্তে দে । শ
- জুন ১৭, ২০২৫
স্কুল সার্ভিস কমিশনে নয়া ২ পদ, ক্রীড়া বিশ্ববিদ্যালয়, ডব্লিউবিসিএস নিয়োগ পরীক্ষার সংস্কার- রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
রাজ্য প্রশাসনের বিভিন্ন স্তরে কাঠামোগত রদবদল আর পরিষেবা উন্নয়নের লক্ষ্যে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এ দিনের বৈঠকে শিক্ষক নিয়োগ, পুলিশ প্রশাসন, ক্রীড়া পরিকাঠামো এবং পশুপালন খাত— একাধিক বিষয়ে গৃহীত হয়েছে গুরুত্বপূর্ণ প্রস্তাব। জানা যাচ্ছে, শিক্ষক নিয়োগে গতি আনতে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনে গঠিত হচ্ছে ২টি নতুন উপসচিব বা ডেপুটি সেক্রেটারির পদ। মন্ত্রিসভার অনুমোদনের ফলে দ্রুত এই পদ পূরণ করা সম্ভব হবে আশা করছে শিক্ষাদপ্তর। শিক্ষা মহলের মতে, ২০১৬ সালের বাতিল হওয়া প্যানেলের পর নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালু করতে যে প্রশাসনিক তৎপরতা দরকার, তা আনতেই এই সিদ্ধান্ত। ইতিমধ্যেই কমিশন নতুন বিধি সমেত শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
পাশাপাশি, পুলিশি প্রশাসনে কাঠামোগত জোর দিতে কলকাতা পুলিশের অধীনে সংযোজিত হচ্ছে ২ নতুন আইপিএস পদ— যুগ্ম কমিশনার, আইন এবং যুগ্ম কমিশনার, সাইবার বিভাগ। সাইবার অপরাধের বাড়বাড়ন্ত আর আইনি পরিকাঠামোকে আরও শক্তপোক্ত করতেই এই উদ্যোগ বলে দাবি করছে মমতা ব্যানার্জির সরকার। এছাড়াও বহু প্রতীক্ষিত ডব্লিউবিসিএস পরীক্ষার প্যাটার্ন ও সিলেবাসে কোনো বড় পরিবর্তন না করে আগের ধারাবাহিকতা বজায় রাখার পক্ষে রায় দিয়েছে মন্ত্রিসভা। এর আগে পাবলিক সার্ভিস কমিশন জানিয়েছিল ২০২৫ সাল থেকে নতুন সিলেবাস ও প্যাটার্নে আধিকারিক হবার এই পরীক্ষা নেওয়া হবে। গত বছর থেকে ডব্লিউবিসিএস পরীক্ষার কোনো বিজ্ঞপ্তি বের হয়নি, ফলে ২০২৩, ২০২৪ সালের বিজ্ঞপ্তি প্রকাশের আগে যে পদ্ধতিতে পরীক্ষা হতো, সেই অনুযায়ীই হবে নতুন পরীক্ষা। এর জন্য সংশোধন করা হচ্ছে ১৯৭৮ সালের পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (এক্সিকিউটিভ) নিয়োগ বিধির উপবিধি ৩। ঐচ্ছিক বিষয়ে সামান্য পরিবর্তন হলেও মূল পরীক্ষা কাঠামোর কোনো পরিবর্তন ঘচ্ছে না।
খেলাধুলোর পরিকাঠামোকে আরো দৃঢ় করতে চুঁচুড়ায় গড়ে উঠতে চলেছে রাজ্যের প্রথম ক্রীড়া বিশ্ববিদ্যালয়। মন্ত্রিসভা এ দিন এই প্রকল্পেও সবুজ সংকেত দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের নাম— নেতাজি সুভাষ ইউনিভার্সিটি ফর স্পোর্টস অ্যান্ড এন্টারপ্রেনরশিপ। শুধু খেলাধুলোর চর্চা নয়, উদ্যোগপতি তৈরির দিকেও নজর থাকবে এই বিশ্ববিদ্যালয়ের। চলতি অধিবেশনেই বিধানসভায় বিল পেশ হতে পারে বলে প্রশাসন সূত্রে খবর। এদিকে, প্রাণিসম্পদ দপ্তরের আওতায় পশুপালন ও পশু চিকিৎসা পরিষেবার নিয়োগ সংক্রান্ত বিধিতে বড়সড় রদবদলের পথে হাঁটছে রাজ্য সরকার। এ দিন মন্ত্রিসভা ‘দি ওয়েস্ট বেঙ্গল অ্যানিমেল হাসবেন্ড্রি অ্যান্ড ভেটেনারি সার্ভিসেস (রিস্ট্রাকচারিং) বিধি-২০২৫’ এবং সংশ্লিষ্ট নিয়োগ বিধির খসড়া প্রস্তুতির অনুমোদন দিয়েছে। পাশাপাশি, ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র অ্যানিমেল হাসবেন্ড্রি সার্ভিস’- আর থাকছে না। প্রশাসনের এক কর্তা বলছেন, ‘বিভিন্ন স্তরে দক্ষতা বাড়াতে আর নিয়োগের ক্ষেত্রে জটিলতা কমাতেই এই রদবদল। প্রতিটি সিদ্ধান্তই ভবিষ্যতের প্রস্তুতি’।’
মন্ত্রীসভায় গৃহীত হওয়া সিদ্ধান্তগুলি যদি বিধানসভাতেও অনুমোডন পায় তাহলে রাজ্যের প্রশাসনিক কাঠামো ও পরিষেবা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ রদবদল আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শিক্ষক নিয়োগ থেকে পুলিশ প্রশাসন, খেলাধুলা থেকে পশু চিকিৎসা – প্রতিটি ক্ষেত্রেই গৃহীত উদ্যোগ রাজ্যবাসীর উন্নয়নের লক্ষ্যে একটি সুসংগঠিত পদক্ষেপ হিসেবেই বিবেচিত হচ্ছে।
❤ Support Us






