- দে । শ প্রচ্ছদ রচনা
- অক্টোবর ৯, ২০২৫
সন্ত্রাসবিরোধী অভিযানে দক্ষিণ কাশ্মীরের জঙ্গলে নিখোঁজ ২ সেনা, জোর তল্লাশি সেনাবাহিনীর
সন্ত্রাসবিরোধী অভিযানের সময় নিখোঁজ দুজন সেনা। দক্ষিণ কাশ্মীরের পার্বত্য কিশতোয়ার রেঞ্জে এক অভিযানের সময় তীব্র তুষারঝড়ে আটকে পড়েন দুই সেনা সদস্য। তারপর থেকে তাঁদের আর খোঁজ পাওয়া যায়নি। দুই সেনার খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে সেনাবাহিনী। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে তল্লাশি অভিযান ব্যাহত হচ্ছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুদিন আগে কোকেরনাগের আহলান গাদোল জঙ্গল এলাকায় লুকিয়ে থাকা সন্দেহভাজন সন্ত্রাসীদের খুঁজে বার করার জন্য অভিজাত প্যারা ইউনিটের তল্লাশি অভিযান শুরু করে। অভিযান চলাকালীন তীব্র তুষারঝড়ের কবলে পড়ে দুজন সেনা বাকিদের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেন। তারপর থেকে তাঁদের আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। সেনাবাহিনী জানিয়েছে যে, তীব্র অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।
হেলিকপ্টারের সাহায্যে আকাশপথে অনুসন্ধান করা হচ্ছে। তুষারঝড়ের মতো পরিস্থিতি এবং দৃশ্যমানতা কম থাকা সত্ত্বেও স্থলবাহিনী ঘন জঙ্গল ও উঁচু পাহাড়গুলিতে তল্লাশি চালিয়ে যাচ্ছে। দক্ষিণ কাশ্মীরের উঁচু এলাকায় তুষারপাতের মধ্যে কোকেরনাগে অভিযান চালানো হচ্ছে। যার ফলে সেনা এবং উদ্ধারকারী দল উভয়ের জন্যই এই অঞ্চলটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
কোকেরনাগের গাদোল জঙ্গল গভীর গিরিখাত এবং খাড়া ঢালসহ একটা ঘন জঙ্গল। অতীতে জঙ্গিরা এই ঘন জঙ্গলে লুকিয়ে থাকত। ২০২৩ সালে এই জঙ্গলে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে সেনাবাহিনীর কর্নেল মনপ্রীত সিং, মেজর আশিষ ডনচাক এবং ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ হুমায়ুন মুজামিল নিহত হন। পুলিশ সূত্রে জানা গেছে, জৈশ এবং লস্করের জঙ্গিরাও আগে এই জঙ্গলগুলিতে ঘাঁটি স্থাপন করেছিল। তবে কী পরিস্থিতিতে এই দুজন নিখোঁজ হয়েছেন তা এখনও স্পষ্ট নয়। সূত্র জানিয়েছে যে, সেনাবাহিনীর বিশাল দল এলাকায় মোতায়েন করা হয়েছে এবং জঙ্গলের প্রতি ইঞ্চি তল্লাশি চালাচ্ছে।
❤ Support Us






