Advertisement
  • দে । শ
  • মে ২০, ২০২৬

সন্দেশখালিতে গ্রেফতার ২ তৃণমূল নেত্রী

আরম্ভ ওয়েব ডেস্ক
সন্দেশখালিতে গ্রেফতার ২ তৃণমূল নেত্রী

সন্দেশখালিতে শুরু হয়েছে ধরপাকড়। তৃণমূল নেতা নেত্রীরা আতঙ্কে রয়েছেন। সোমবার রাতে গ্রেপ্তার হন সন্দেশখালি ২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্রীদাম হাউলি। মঙ্গলবার রাতে ২ মহিলা নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁরা হলেন, বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূলের সভানেত্রী তথা সন্দেশখালি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় এবং সন্দেশখালি ১ ব্লক তৃণমূলের সভানেত্রী ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মিঠু সর্দার। আগেই সন্দেশখালি ব্লক তৃণমূলের সহ–‌সভাপতি শ্রীদাম হাউলিকে গ্রেপ্তার করেছে সন্দেশখালি থানার পুলিশ। ২০১৫ সালে জমি দখল ও জমি দখলকে কেন্দ্র করে মারামারির ঘটনায় শ্রীদামের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। জেলে বন্দি তৃণমূল নেতা শেখ শাহাজাহানের প্রভাব খাটিয়ে এই তৃণমূল নেতা ধরাছোঁয়ার বাইরে ছিল। রাজ্যে পালা বদলের পর সোমবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করে সন্দেশখালি থানার পুলিশ।

অন্যদিকে, মঙ্গলবার রাতে ধৃত সবিতা ও মিঠু দু’‌জনেই জেলবন্দি শেখ শাজাহানের ঘনিষ্ঠ। সবিতা ও মিঠুর  বিরুদ্ধে অভিযোগ, ২০২৪ সালের ৫ জানুয়ারি তৃণমূল নেতা শেখ শাজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকদের দল। সেই সময় সাধারণ মানুষকে উস্কানি দিয়ে ইডি আধিকারিকদের ওপর ক্ষেপিয়ে তোলেন সবিতা  ও মিঠু। এছাড়াও ২০২১ সালের নির্বাচনের সময় মানুষকে ভোটদানে বাধা, ভয় ভীতি দেখানো, হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে ২ মহিলা নেত্রীর বিরুদ্ধে। গত ৪ মে ভোটের ফল ঘোষণার পর থেকেই ২ নেত্রী আত্মগোপন করেছিলেন। মঙ্গলবার রাতে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানা এলাকা থেকে সবিতা রায় ও মিঠু সর্দারকে গ্রেফতার করেছে। আজ ধৃতদের বসিরহাট আদালতে তোলা হয়েছে। পুলিশ জানায়, সবিতা রায় ও মিঠু সর্দারের নামে নির্দিষ্ট অভিযোগ ছিল। কিন্তু তারা পলাতক ছিলেন। সোনারপুর থেকে তাদের গ্রেপ্তার করেতে সক্ষম হয় পুলিশ। এই ঘটনায় সন্দেশখালির তৃণমূল নেতারা গ্রেপ্তারির ভয় পাচ্ছেন। প্রাক্তন বিধায়ক সুকুমার মাহাতো বলেন, ‘‌খুবই উদ্বেগের বিষয়। মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতা কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।’‌


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!