- দে । শ
- আগস্ট ২৩, ২০২৫
কাটোয়া হাসপাতালে বেনিয়ম, কর্তৃপক্ষের তৎপরতায় গ্রেফতার দুই
জন্ম শংসাপত্রের আবেদন লিখে সাহায্যের নামে টাকা তোলার অভিযোগে কাটোয়া মহকুমা হাসপাতাল চত্বর থেকে আটক দুই যুবক। অভিযুক্ত সুরজ সেখ ও জাভেদ সেখের বাড়ি নদিয়া জেলার কালীগঞ্জ থানার ছুটিপুর গ্রামে। তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশের হাতে তুলে দিলেন হাসপাতাল কর্ত্তৃপক্ষ। যদিও অভিযুক্ত দুই যুবকের দাবি, তারা নিজেদের সন্তানের জন্ম শংসাপত্র তুলতে কাটোয়া মহকুমা হাসপাতালে এসেছিল। যে টাকা নেওয়ার ভিডিও দেখা যাচ্ছে সেটা তারই টাকা বলে দাবি করছে অভিযুক্ত সুরজ সেখ।
বেশকিছুদিন ধরে অভিযোগ উঠছিল, কাটোয়া মহকুমা হাসপাতালে নিখরচার সরকারি পরিষেবা পাইয়ে দিতে ফর্ম পূরণ বা আবেদন লেখার নাম করে একটি চক্র টাকা তুলছে। হাসপাতাল কর্ত্তৃপক্ষ অভিযোগ পাওয়ার পর পুলিশকে এবিষয়ে সতর্কও করে। দুই যুবককে চিকিৎসা পরিষেবা নিতে আসা এক ব্যক্তির কাছে আবেদনপত্র লিখে দেওয়ার জন্য টাকা নিতে দেখা যায়। হাসপাতালের সহকারী সুপার সৌমাশিস রাউত বলেন, ‘নদিয়ার ওই দুই যুবককে হাতেনাতে ধরা হয়েছে। আমরা চাই নিখরচায় সরকারি পরিষেবা পেতে মানুষের কাছে অনৈতিকভাবে টাকা নেওয়া বন্ধ হোক। গোটা চক্রকে চিহ্নিত করতে থানায় অভিযোগ দায়ের করে পুলিশের হাতে তুলে দিয়েছি।’
অভিযুক্তদের টাকা নেওয়ার ভিডিও তুলেছেন পাপ্পু দাস নামে এক যুবক। তিনি জানান, ‘অভিযুক্তরা প্রায়ই কাটোয়া মহকুমা হাসপাতালে আসে। দরখাস্ত লিখে টাকা তোলে।’ পুলিশ ঘটনার তদন্ত করছে।
❤ Support Us





